এভারেস্টে চড়তে হবে অস্ট্রেলিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বাকি। পার্থ টেস্টের সামনেও এখন দুটি সম্ভাবনা। প্রথম এবং সবচেয়ে জোরালো সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার অনায়াস জয়। ব্যাট হাতে হাশিম আমলা ও ডি ভিলিয়ার্স কাজটা অনেক এগিয়ে রেখেছেন। স্টেইন-ফিল্যান্ডার-মরকেলদের কেবল সমাপ্তি টানার পালা।দ্বিতীয় এবং ক্ষীণতম সম্ভাবনা—দুই দিন অক্লান্ত ব্যাটিং করে ম্যাচটা অস্ট্রেলিয়ার বাঁচিয়ে দেওয়া। ৪০ রানের ঝোড়ো উদ্বোধনী জুটি গড়েও ফেলেছেন ওয়ার্নার-কাওয়ান। কিন্তু এটা স্রেফ এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছানো। আসল পথ সামনেই পড়ে আছে। অস্ট্রেলিয়ার সামনে যে ৬৩২ রানের লক্ষ্য! জানেন বোধ হয়, চতুর্থ ইনিংসের সর্বোচ্চ স্কোরটাই ৬৫৪ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওটা হয়েছিল, কিন্তু পৌনে শতাব্দী আগে। আর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ৪১৮ রানের। এবং এও বলে রাখা ভালো, চতুর্থ ইনিংসে এর আগে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪০৬।আপনি অস্ট্রেলীয় সমর্থক হলে আশা নিয়ে এই ম্যাচ আর না দেখাই ভালো। তবে এক দিক দিয়ে এই ম্যাচ ফলাফলের ঊর্ধ্বে। যে ম্যাচের আসল নায়ক এখনো রঙ্গমঞ্চ দখল করতে পারেননি। এটাই রিকি পন্টিংয়ের শেষ আন্তর্জাতিক ইনিংস। মেলবোর্নের সেই ২৫৭-র ইনিংসটা আরেকবার খেলতে হবে পন্টিংকে। মাথা নিচু করে প্রস্থান যে তাঁকে মানায় না।অবশ্য পন্টিংয়ের বিদায়ী সংবর্ধনার যাবতীয় আয়োজন ভণ্ডুল করে দেওয়ার ‘অপরাধ’ আগেই করে ফেলেছেন আমলা-ডি ভিলিয়ার্স। শাস্তিও পেয়েছেন, ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়ে। কিন্তু আমলার ১৯৬, ডি ভিলিয়ার্সের ১৬৯ আর চতুর্থ উইকেটে দুজনের ১৪৯ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছে ৫৬৯ রানের পাহাড়। ওয়েবসাইট।