এভিবির চাকরি খেলেন সুয়ারেজ!

মাঠে লালের দাপটে সাদাদের খুঁজে পাওয়া ভার। টিভি ক্যামেরা বারবার খুঁজছিল নীল জ্যাকেট পরা পাংশু মুখের একজনকে। যেন রাজ্যের সব হতাশা এসে ভর করেছে তাঁর মুখে। নিজেদের মাঠে প্রতিপক্ষ গোল উৎসব করছে, আর তাদের হর্ষধ্বনি আন্দ্রে ভিলাস-বোয়াসের বুকে বিঁধছে শেল হয়ে। লিভারপুলের কাছে ৫-০ গোলে হার কি মেনে নেওয়া যায়! তবে এমন পরাজয়ের প্রথম মূল্য দিতে হলো টটেনহাম কোচ ভিলাস-বোয়াসকে, কালই বরখাস্ত হয়েছেন তিনি। টটেনহাম অবশ্য অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে সিদ্ধান্তটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়েছে।
ম্যানচেস্টার সিটির কাছে এর আগে ৬ গোল খেয়েছিল টটেনহাম। তবে সেটা সিটির মাঠে, যেখানে অনেকেই নাকাল হয়েছে। কিন্তু নিজেদের মাঠে লিভারপুলের কাছে ৫ গোল! ১৬ বছরের মধ্যে এটাই হোয়াইট হার্ট লেনে স্পারদের সবচেয়ে বড় পরাজয়। এভিবি অবশ্য বারবারই বলছিলেন, তিনি সরে দাঁড়াবেন না। কিন্তু পরশুর ম্যাচটাই লিখে রেখেছিল তাঁর নিয়তি।

অথচ ম্যাচের আগে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সই ছিলেন দুশ্চিন্তায়। জেরার্ড-স্টারিজরা আগেই চোটের কারণে ছিটকে পড়েছিলেন। কিন্তু লুইস সুয়ারেজ নামের এক জাদুকরের হাত ধরে সেই দুশ্চিন্তা উবে গেল কর্পূরের মতো! দুই গোল করেছেন। স্টার্লিং ও ফ্ল্যানাগানকে দিয়ে করিয়েছেন আরও দুটি। হেন্ডারসনের গোলেও ছিল তাঁর অবদান। সুয়ারেজময় এক জয়ই পেল লিভারপুল।
এরই মধ্যে ১১ ম্যাচ খেলে এ মৌসুমে গোল পেয়ে গেছেন ১৭টি। লিগের সর্বোচ্চ গোলদাতা। নিষেধাজ্ঞার জন্য প্রথম পাঁচ বসে না থাকলে সেটা বাড়তে পারত অনেকই। যেমন খেলছেন, তাতে মেসি-রোনালদোর পর বিশ্বসেরা হিসেবে এখন সুয়ারেজের নাম নিতে পারেন অনেকেই। লিভারপুল সতীর্থ স্টিভেন জেরার্ড একধাপ এগিয়ে সুয়ারেজকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়ই’ বলে ফেললেন। তবে সুয়ারেজের এই দুর্ধষ ফর্ম জেরার্ডকে একটু শঙ্কিতও করে তুলছে, ‘ওকে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্য। সেটা আমরা উপভোগ করছি। কিন্তু কত দিন করতে পারব জানি না। যদি সে এমন খেলতে থাকে, তাহলে শিগগিরই বড় ক্লাবগুলো ওর পেছনে ছোঁক ছোঁক করতে শুরু করবে।’ আরেক সতীর্থ ফিলিপ কুটিনহোর স্তুতি, ‘লুইসের (সুয়ারেজ) সঙ্গে খেলাটা দারুণ একটা সম্মান, কারণ সে আসলেই দুর্দান্ত এক খেলোয়াড়। সে এতটাই ভালো, তার জন্য আমাদের কাজ আরও সহজ হয়ে যায়।’
নিয়মিত অধিনায়ক জেরার্ডের অনুপস্থিতিতে গত ম্যাচে সুয়ারেজকেই বাহুবন্ধনী পরিয়ে দিয়েছিলেন ব্রেন্ডন রজার্স। এই সিদ্ধান্তের জন্য রজার্স এখন নিজেকেই একটা ধন্যবাদ দিতে পারেন!
লিভারপুলের মতো অতটা বড় ব্যবধানে হয়তো নয়, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরশুর জয়টা ছিল খুবই কাঙ্ক্ষিত। আগের দুই ম্যাচে এভারটন-নিউক্যাসলের কাছে হারের পর এ ম্যাচে হারলে ২০০১ সালের পর হারের হ্যাটট্রিক হতো। হারেনি তারা, ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়ে ইউনাইটেড কোচ ডেভিড ময়েস প্রচণ্ড দাবদাহের পর একপশলা বৃষ্টির মতোই স্বস্তি পেয়েছেন। তাঁর কথা, ‘এটা ছিল একটা অলরাউন্ড পারফরম্যান্স। আমি সন্তুষ্ট।’ এএফপি।