এমএলএস ‘অল স্টার’কে উড়িয়ে দিল ম্যান ইউ
যুক্তরাষ্ট্রের পেশাদারি লিগের খেলোয়াড়দের নিয়ে গড়া ‘অল স্টার’ দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড একতরফা খেলেই এ জয় তুলে নেয়।ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে গোলগুলো করেন অ্যান্ডারসন, পার্ক জি সুং, দিমিতার বার্বাতোভ ও ড্যানি ওয়েলব্যাক। প্লে-মেকার ওয়েন রুনি নিজে কোনো গোল না করলেও কমপক্ষে দুটি গোলের উৎসমূল ছিলেন।খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের একচ্ছত্র আধিপত্য থাকলেও এমএলএস অল স্টারও বেশ কটি গোলের সুযোগ সৃষ্টি করে। এগুলোর একটি-দুটি জালে প্রবেশ করলে হয়তো খেলার ফলাফল অন্য রকম হতে পারত।ম্যাচের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহ্যামের একটি দূরপাল্লার শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়।রুনি চমৎকারভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম গোলটি তৈরি করেন। একটি আক্রমণ থেকে তাঁর বাড়ানো সুন্দর একটি থ্রু ধরেন বার্বাতোভ। বার্বাতোভ পুনরায় বলটি বাড়িয়ে দেন রুনির দিকে। রুনি সেখান থেকে মোটামুটি ফাঁকায় দাঁড়ানো অ্যান্ডারসনকে বাড়িয়ে দিলে তা থেকে সহজেই গোল করেন অ্যান্ডারসন।ম্যানচেস্টারের দক্ষিণ কোরীয় প্রতিনিধি পার্ক জি সুং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৪৫তম মিনিটে। প্যাট্রিক এভরার বক্সের মুখে বল বাড়িয়ে দেওয়া বলটি ধরে তিনি সহজেই জালে জড়ান। ৫২ মিনিটে রুনির ক্রস থেকে বুদ্ধিদীপ্ত এক গোল করেন বার্বাতোভ। ম্যাচের ৬৮ মিনিটে ওয়েলব্যাকের গোল এমএলএস অল স্টারের লজ্জাই বাড়িয়েছে কেবল। ম্যাচের একেবারে শেষের দিকে বেকহ্যামের একটি বাঁকানো ফ্রি-কিক ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষককে ফাঁকি দিতে না পারলে বিশাল এক পরাজয় নিয়েই মাঠ ছাড়ে অল স্টার। রয়টার্স।