অস্ট্রেলিয়ার ‘নতুন শেন ওয়ার্ন’ ভাবা হচ্ছে স্টিভেন স্মিথকে। সেই স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেকেই করলেন একটা রেকর্ড। রেকর্ডটা অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডে অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার! ৯.৫ ওভার বল করে ৭৮ রান দিয়েছেন তিনি। তাঁর আগে রেকর্ডটি ছিল ডেভিড কোলির, এক ওয়ানডেতেই শেষ হয়ে গেছে যাঁর ক্যারিয়ার। সব দেশ মিলে অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় স্মিথ আছেন সাত নম্বরে। রেকর্ডটা আয়ারল্যান্ডের পিটার কনেলের। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৯৫ রান দিয়েছিলেন এই পেসার। নেদারল্যান্ডের পিটার বরেনকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন কনেল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের অভিষেক ম্যাচেই ৯৪ রান দিয়েছিলেন বরেন। ওই ম্যাচে ৪৪৩ রান করেছিল শ্রীলঙ্কা, এখনো যেটি ওয়ানডের সর্বোচ্চ দলগত স্কোর। এই তালিকায় ১৫ নম্বরে থাকা বাংলাদেশের এনামুল হক সিনিয়র ওয়ানডে অভিষেকে ৭২ রান দিয়েছিলেন।