এমন অভিষেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেঞ্চ টপকাতে গিয়ে ঘোড়াসহ পড়ে গেলেন লিজ্জি কেলি l ডেইলি মেইল
ফেঞ্চ টপকাতে গিয়ে ঘোড়াসহ পড়ে গেলেন লিজ্জি কেলি l ডেইলি মেইল

৩৩ বছরের অপেক্ষা শেষের যাত্রাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটি নিশ্চয়ই ভাবেননি লিজ্জি কেলি?

লিজ্জি কেলি
লিজ্জি কেলি

কে জানে, আগের রাতে কত স্বপ্ন দেখে ঘুমাতে গিয়েছিলেন ২৪ বছর বয়সী নারী ব্রিটিশ জকি। ইংল্যান্ডের প্রথম সারির ঘোড়দৌড় প্রতিযোগিতা চেলটেনহাম গোল্ড কাপে নারী জকি হিসেবে সুযোগ পেয়েছিলেন। লিন্ডা শেডির পর গত ৩৩ বছরে প্রথম নারী হিসেবে এই সুযোগ। এ নিয়ে কত উচ্ছ্বাস কেলির! কিন্তু ঐতিহাসিক মুহূর্তটা মোটেও রাঙাতে পারলেন না। রেসে ২২টি ফেঞ্চ, দ্বিতীয় ফেঞ্চেই পপাত ধরণিতল!
তবে ভাগ্যকে কেলি ধন্যবাদ দিতেই পারেন। ঘোড়া নিয়ে পড়ার সময় তাঁর মুখটাই প্রথম পড়ে মাটিতে। কিন্তু সে জায়গাটায় ঘাসের আস্তরণ অনেক বেশি থাকায় তেমন আঘাত পাননি। তবে মনের আঘাতটাই তো বড়। নিজের ওপর বেশ রেগেই ছিলেন কেলি, ‘এত বিরক্ত লাগছে! একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। এত দিন ধরে আলোচনা, এত সাড়ার পর মোটেও ভালো কিছু হলো না।’
নারীশক্তির জয়ের প্রতীক হিসেবে দেখা হয় তাঁকে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের উদাহরণ টেনে নিজেই সব সময় বলেন, থ্যাচার যেমন ‘নারী প্রধানমন্ত্রী’ নয়, বরং ‘প্রধানমন্ত্রী’ হতেই রাজনীতিতে এসেছিলেন; তাঁর প্রেরণাও সেটিই। কিন্তু শুরুটা ভালো হলো না কেলির। তবে হাল ছাড়ার পাত্রী তিনি নন। ডেইলি মেইল।