এমন কেউ কি আর আসবে কখনো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

সংবাদ সম্মেলন জীবনে অনেক করেছি। কিন্তু অমন আর একটিও নয়। পাঁজরে কনুইয়ের গুঁতো লাগছে। পা মাড়িয়ে দিচ্ছে অন্য কারও পা। রীতিমতো ধাক্বাধাক্কি চলছে। নোট নিতে হচ্ছে এর মধ্যে দাঁড়িয়েই। আবার একটু পরপর হাসতেও হচ্ছে! সংবাদ সম্মেলন যিনি করছেন, তিনি যে প্রায় কথায় কথায় কৌতুকে মাতিয়ে তুলছেন সবাইকে।

সামনের চেয়ারগুলো সব পূর্ণ। পেছনের খালি জায়গাটায় আমরা ৪০-৫০ জন সাংবাদিক মানবজটলা হয়ে দাঁড়িয়ে। ‘জনাকীর্ণ সংবাদ সম্মেলন’ বলে একটা কথা সংবাদমাধ্যমে খুব প্রচলিত, যেটি শুনলেই আমার বেইজিংয়ের ওই রাতটার কথা মনে পড়ে যায়। এর আগে-পরে কত সংবাদ সম্মেলনেই তো থেকেছি। এমন আর কখনো দেখিনি।

একটু আগে বার্ডস নেস্টে যা হয়েছে, তেমন কিছুও যে কেউ কখনো দেখেনি আগে। বেশির ভাগ ১০০ মিটার স্প্রিন্ট শেষ হওয়ার পর যেখানে কে জিতল, তাৎক্ষণিকভাবে তা বোঝার উপায় থাকে না, সেটিতেই কিনা একজন প্রায় ২০ মিটার বাকি থাকতে এদিক-ওদিকে তাকাচ্ছেন। ১০ মিটারের মতো বাকি থাকতে বুক চাপড়ে বিজয়ী ঘোষণা করছেন নিজেকে। সমাপ্তিরেখা পেরোচ্ছেন হেলতে-দুলতে। তারপরও ইলেকট্রনিক স্কোরবোর্ড জানিয়ে দিচ্ছে, এই মাত্র একটা বিশ্ব রেকর্ড হয়ে গেল!

অ্যাথলেটিকসের মহাকাশে নক্ষত্র হয়ে উসাইন বোল্টেরও উদয় হলো সেই রাতে। যা আর অস্ত যায়নি কখনো। শুধু উজ্জ্বল থেকে উজ্জ্বলতরই হয়েছে তার আলো। অস্ত যাওয়ার সেই সময় শেষ পর্যন্ত তাহলে এসেই গেল। ভাবতেই তো কেমন লাগছে, এই শনিবারের পরও ১০০ মিটার স্প্রিন্ট হবে, কিন্তু উসাইন বোল্ট তাতে থাকবেন না। ট্র্যাক অ্যান্ড ফিল্ডও কি আর আগের মতো থাকবে!

কী বলবেন, জানি।

কারও জায়গাই শূন্য থাকে না। শূন্যস্থান ভরিয়ে তুলতে কেউ না কেউ আসেই। এটাই পৃথিবীর নিয়ম। এটাই তো?

নিয়ম! তা নিয়মের ব্যতিক্রমও তো হয়। এখানেই যেমন তা মুখ থুবড়ে পড়ছে! কল্পনার ঘোড়া ছুটিয়েও তো ভাবতে পারছি না, উসাইন বোল্টের মতো কেউ আর কখনো আসবে।

ডন ব্র্যাডম্যান সম্পর্কে ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটনের একটা কথা খুব বিখ্যাত হয়ে আছে। কথাটা অনুবাদের চেষ্টা করতে গিয়ে মনে হলো, সুরটা ঠিক ধরা যাচ্ছে না। ইংরেজিতেই না হয় তুলে দিই—ব্র্যাডম্যান ইজ আ ব্যাটসম্যান অ্যাপিয়ারিং নট জাস্ট ওয়ান্স ইন আ লাইফটাইম, বাট ওয়ান্স ইন দ্য লাইফ অব আ গেম।

এই কথাটা দিয়েই তো দেখছি সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যাচ্ছে বোল্টকে। ওপরের লাইনটা আবার পড়ুন। ‘ব্র্যাডম্যান’-এর বদলে ‘বোল্ট’ বসিয়ে দিন আর ‘ব্যাটসম্যান’-এর জায়গায় স্প্রিন্টার। বোল্ট ইজ আ স্প্রিন্টার অ্যাপিয়ারিং নট জাস্ট ওয়ান্স ইন আ লাইফটাইম, বাট ওয়ান্স ইন দ্য লাইফ অব আ গেম।

ক্রিকেটে ব্র্যাডম্যান যেমন একজনই এসেছেন, অ্যাথলেটিকসেও বোল্ট তেমনি একমেবাদ্বিতীয়মই হয়ে থাকবেন। কী কারণে, সেটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন দেখছি না। কেউ যা কখনো করতে পারেননি, তা-ই করেছেন। কেউ কখনো যা সম্ভব বলে মনে করেননি, তা-ও। ক্যারিয়ারের শুরু থেকেই পিউমা তাঁর স্পনসর। তবে রিওতে তাঁর শেষ অলিম্পিকেও তিনটি সোনা জয়ের পর বোল্টের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, তাঁর সঙ্গে তো আসলে ভালো যায় অ্যাডিডাসের ওই স্লোগানটা—নাথিং ইজ ইমপসিবল। এত কিছু কীভাবে হলো, প্রশ্নটা মনে হয় এমনই ছিল। বোল্ট জবাব দিয়েছিলেন, ‘আমি নিজেকে সব সময়ই বলেছি, অসম্ভব বলে কিছু নেই। নিজের জন্য আমি কখনো কোনো সীমা বেঁধে দিইনি।’

দেননি বলেই কখনো কেউ যা কল্পনা করেননি, এমন সব অর্জনে ভরেছে তাঁর ডালি।

—বোল্টের আগে কোনো পুরুষ স্প্রিন্টার অলিম্পিকে দুবার স্প্রিন্ট ডাবল জেতেননি, ২০০ মিটারে দুটি সোনাও না। বোল্ট জিতেছেন তিনবার।

—১০০ ও ২০০ মিটার এবং রিলের ‘ট্রিপল’ কারও একবারের বেশি জোটেনি। বোল্ট তিনবার তা জিতে ‘ট্রিপল ট্রিপল’ কথাটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সবাইকে।

—অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে কারোর একবারের বেশি স্প্রিন্ট ডাবল জয়ের কীর্তি নেই। বোল্ট জিতেছেন ছয়বার।

সতীর্থের ডোপ-পাপে বোল্টের একটা ‘ট্রিপল’ যে ‘ডাবল’ হয়ে গেছে, এর চেয়ে দুঃখের কিছু আর হয় না। সবচেয়ে বড় দুঃখটা বোল্টই পেয়েছেন। সেটি শুধু পদক হারানোর কারণে নয়, তাঁর বড় একটা গর্বের জায়গাটায় যে চরম আঘাত হেনেছে নেস্টা কার্টারের ওই কুকীর্তি। ডোপিংয়ের নিকষ অন্ধকারে ডুবে যাওয়া অ্যাথলেটিকসে বোল্ট আজীবন জ্বলেছেন সত্য আর সুন্দরের অনির্বাণ শিখা হয়ে। নিষ্কলুষ থেকেও যে জোরে দৌড়ানো যায়—হারিয়ে যাওয়া এই বিশ্বাসটা ফিরিয়ে দিয়েছেন সবার মনে। তাঁর কাছে অ্যাথলেটিকসই তাই চিরঋণী। ডেকাথলনে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ড্যালি টমসন তো আর এমনিতেই বলেননি, ‘উসাইন বোল্ট না এলে গত কয়েক বছরে আমাদের খেলাটা কোথায় তলিয়ে যেত!’

শুধু ট্র্যাকের কীর্তিতেই তো বোল্ট-মহিমার শেষ নয়। তাঁর আমুদে চরিত্র, দর্শককে খেলার অংশ করে নেওয়া—সবকিছু মিলিয়ে যে ‘প্যাকেজ’, সেটির তুলনা শুধু অ্যাথলেটিকসে কেন, অন্য কোনো খেলায়ও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বোল্ট মানেই আনন্দ, বোল্ট মানেই উদ্‌যাপন, বোল্ট মানেই সোনালি সূর্যকিরণ।

ট্র্যাকে স্প্রিন্টের আগে-পরে বোল্টকে দেখে থাকলেই আপনি একমত হতে বাধ্য। তবে আমি যখন লিখছি, ট্র্যাকের বোল্ট আর সংবাদ সম্মেলনের বোল্টের ছবি মিলে একটা কোলাজ হয়ে যাচ্ছে। বোল্টের সংবাদ সম্মেলন মানেই আনন্দের নির্ঝরিণী। কথায় কথায় কৌতুক, ছেলেমানুষি সব অঙ্গভঙ্গি, সাংবাদিকদের সঙ্গে খুনসুটি…। তারকাকুলে তিনি বৃহস্পতি, অথচ কথাবার্তা শুনে মনে হবে, ঠিক যেন পাশের বাসার আমুদে এক ছেলে!

নিজেকে কথায় কথায় শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দেওয়াটাও যে কারণে একদমই ঔদ্ধত্যের মতো শোনায় না। মোহাম্মদ আলী একবার বলেছিলেন, ‘আমার মতো গ্রেট হলে বিনয়ী হওয়াটা খুব কঠিন।’ বোল্ট এখানেই অনন্য। নিজেই নিজেকে ‘লেজেন্ড’ বলে দিচ্ছেন, সংবাদ সম্মেলনে ঘোষণা করছেন, ‘আই অ্যাম দ্য গ্রেটেস্ট’। জ্যামাইকার আরেক কিংবদন্তি বব মার্লে তাঁকে নিয়ে গান লিখলে কী শিরোনাম হতো প্রশ্নে অবলীলায় বলে দিচ্ছেন, ‘দ্য গ্রেটেস্ট অব অলটাইম।’ অথচ বোল্টকে একদমই উদ্ধত, আত্মম্ভরী বলে মনে হচ্ছে না। এই রহস্যের ব্যাখ্যা কী? লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে সংবাদ সম্মেলনে একজন দেখলাম প্রশ্নটা করেছেন। বোল্ট যে উত্তরটা দিয়েছেন, তাঁকে দেখার অভিজ্ঞতা বলছে কারণ আসলেই এটিই, ‘আমি এমন বলতে পারি, কারণ আমি ট্র্যাকে বারবার তা প্রমাণ করেছি। আর ট্র্যাকের বাইরে আমি একেবারেই সহজ-সরল।’

বোল্ট থাকবেন না। আবার থাকবেনও। তাঁর কীর্তি মুছে ফেলার সাধ্য কার! জীবনের শেষ মিটে নতুন একটা স্লোগান নিয়ে এসেছেন। তাঁর রানিং শুতেও যা লেখা—ফরএভার ফাস্টেস্ট! তাঁর সম্পর্কে সাংবাদিকদের কখনোই বিশেষণ খুঁজতে হয়নি। নিজেই তা সরবরাহ করে এসেছেন। লন্ডন অলিম্পিকে এসেই বলেছিলেন, এবার ‘স্প্রিন্ট ডাবল’ জিতলে আমি হব ‘কিংবদন্তি’। রিওতে এসে বললেন, এবারও যদি ট্রিপল হয়, আমি হব ‘অমর’। শেষবেলায় এসেও নিজের সম্পর্কে শেষ কথাটা নিজেই বলে দিলেন।

ফরএভার ফাস্টেস্ট!