এমন জন্মদিন চাননি সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবমুখর জন্মদিনই চেয়েছিলেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
উৎসবমুখর জন্মদিনই চেয়েছিলেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

জন্মদিনের প্রথম প্রহরটা হয়তো দুঃসহই মনে হয়েছে সাকিব আল হাসানের। নিজের ২৯তম জন্মদিনের শুরুটা হলো হৃদয় ভেঙে দেওয়া এক হার দিয়েই।
অথচ, জন্মদিনটাকে চিরস্মরণীয় করে রাখার সব আয়োজনই সম্পন্ন ছিল। বল হাতে নিজের দুর্দান্ত পারফরম্যান্স, ব্যাট হাতেও দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত কী হলো, জয়ের বন্দরেই তো পৌঁছানো গেল না। শেষ ওভারে হাতে ৩ উইকেট রেখে ৩ বলে ২ রানের বাধাটাও পেরোতে পারল না সাকিবের দল। নিজের জন্মদিনটা এর আগে এমন দুর্বিষহ আর কবে লেগেছে সাকিবের!
একটা বলে এদিক-ওদিক কিছু ঘটে গেলেই সাকিবের জন্মদিনটা অন্যরকম হতে পারত। কাল রাতে বেঙ্গালুরুর টিম হোটেল হয়তো কেউ ঘুমাতেন না। বিশাল আকারের কেক দিয়েই হয়তো শুরু হতো সাকিবের জন্মতিথিটা। সতীর্থদের খুনসুটি সহ্য করতে করতেই হয়তো স্ত্রী শিশিরের ফোন পেতেন তিনি। হয়তো বা ভিডিও কল। সেখানে শিশুকন্যাকে নিয়ে স্ত্রী জানাতেন বিজয়ী অভিনন্দন। কিন্তু এর কিছুই হয়নি। শিশির হয়তো ফোন করেছিলেন। জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু সেই শুভেচ্ছায় মিশে ছিল একরাশ কান্না, সান্ত্বনার কিছু শব্দ।

এমন কান্নাভেজা জন্মদিন কী চেয়েছিলেন সাকিব? এর মধ্যে সান্ত্বনা একটাই, এই প্রথম জন্মদিন পালন করছেন বাবা হিসেবে। আর সাকিব সবচেয়ে বড় শুভেচ্ছা পেয়েছেন মেয়ের কাছ থেকেই। না, এখনই তো আর মেয়ে লিখতে শেখেনি। মেয়ের হয়ে মা শিশিরই লিখে দিয়েছেন। আবেগঘন যে বার্তাটিতেও আছে বাংলাদেশের জন্য কিছু চাওয়া, ‘আমার বাবা বলে আমিই নাকি তাঁর সেরা উপহার, আর তাঁর জন্মদিনে তিনি আমার জন্যই চান আরও বেশি দোয়া আর আশীর্বাদ। দোয়া করবেন তিনি যাতে দেশের জন্য আরও বেশি জয় নিয়ে ফিরতে পারেন।’