এমন জয় কি চেয়েছে বিজেএমসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন আন্তর্জাতিক মহিলা কাবাডিতে তৃতীয় হয়েই থাকতে হলো বাংলাদেশের একমাত্র দল বিজেএমসিকে। কাল স্থান নির্ধারণী ম্যাচে ভারতের রাজ্যদল আসামকে ১৬-১১ পয়েন্টে হারিয়েছে তারা। কিন্তু তাদের এই অর্জনটাও প্রশ্নবিদ্ধ হয়ে থাকল দুর্বল রেফারিংয়ের কারণে। রেফারির কাছে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আসামের খেলোয়াড়েরা দুর্ব্যবহারের শিকার হন।
খেলার শেষে তাই রাগে-ক্ষোভে ফেটে পড়েন অতিথি দলটির খেলোয়াড়েরা। কেউ দুঃখে কাঁদতে শুরু করেন, কেউ ছুড়ে ফেলেন চেয়ার। পরে দলের কর্মকর্তারা বুঝিয়ে শান্ত করেন খেলোয়াড়দের। দলের সঙ্গে আসা ভারতের জাতীয় রেফারি আসামের আবুল ফজল সাইদ বললেন, ‘এভাবে অফিশিয়ালরা আমাদের হারিয়ে দেবে ভাবিনি। এটা দুঃখজনক। প্রতিপক্ষের খেলোয়াড়েরা লাইন পার না হলে তাদের আউট দেওয়ার নিয়ম। কিন্তু তা দেওয়া হয়নি। এতে পয়েন্ট খুইয়েছে আসাম। শুধু তা-ই নয় খেলার শেষ পাঁচ মিনিটের আগে সময় জানিয়ে দেওয়া উচিত। কিন্তু সেটাও জানানো হয়নি, উল্টো দুই মিনিট বাকি থাকতেই খেলা শেষ করা হয়েছে।’
এসব নিয়ে ফেডারেশনের সদস্য এবং ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারি মনির হোসেন বললেন, ‘ওদের খেলোয়াড় আমার পকেট থেকে সবুজ কার্ড ছিনিয়ে নিতে গিয়েছিল। এ জন্য ওকে ধমক দিই। আর স্কোরার পয়েন্ট তুলতে একবার ভুল করেছিল। তবে এসব খেলার অংশ। আমরা কোনো ভুল করিনি।’ টুর্নামেন্ট শেষে ঘটনার জন্য ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আসামের খেলোয়াড়-কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের কাবাডিতে দুর্বল রেফারিংয়ের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত বাংলাদেশ গেমসে আনসার-বিজেএমসির ম্যাচে দুর্বল রেফারিংয়ের ‘সৌজন্যে’ কাবাডি কোর্টে রক্তারক্তি পর্যন্ত হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অন্ধ্র প্রদেশ। ফাইনালে তারা ২৫-২৩ পয়েন্টে হারিয়েছে পশ্চিমবঙ্গকে। এই পশ্চিমবঙ্গের কাছেই গ্রুপ পর্বে ৩৭-৩৩ পয়েন্টে হেরেছিল অন্ধ্র দল। ফেয়ার-প্লে ট্রফি জিতেছে নেপাল।