এমন জয়েও একটু অতৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের শহরে বন্ধু শচীন টেন্ডুলকারের বিদায়। কাল ইডেন টেস্ট শেষে একসময়ের সতীর্থকে পাগড়ি পরিয়ে জড়িয়ে ধরলেন আবেগাপ্লুত সৌরভ গাঙ্গুলী  ওয়েবসাইট
নিজের শহরে বন্ধু শচীন টেন্ডুলকারের বিদায়। কাল ইডেন টেস্ট শেষে একসময়ের সতীর্থকে পাগড়ি পরিয়ে জড়িয়ে ধরলেন আবেগাপ্লুত সৌরভ গাঙ্গুলী ওয়েবসাইট

একজনের বিদায়ী সিরিজ। দুজনের অভিষেক। মঞ্চ প্রস্তুত ছিল প্রথমজনের জন্য। সেই মঞ্চে নায়ক হয়ে গেলেন পরের দুজন।
প্রথমজনের নাম যে শচীন টেন্ডুলকার সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। ইডেন টেস্টে চোখ রেখেছিলেন যাঁরা, তাঁদের কাছে পরের দুজনের নামও এখন জানা। আগের দিন ব্যাট হাতে ভারতকে স্বস্তি এনে দিয়েছিলেন অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি করা রোহিত শর্মা। কাল অভিষিক্ত আরেক ভারতীয় মোহাম্মদ সামির গতি আর রিভার্স সুইংয়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল মাত্র ১৬৮ রানে! প্রথম ইনিংসে ৪ উইকেটের পর কাল ৫টি। বল ও ব্যাট হাতে এই দুজনকেই সঙ্গ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। সকালে সেঞ্চুরি, বিকেলে ৩ উইকেট। আম্পায়ারের ভুলের মূল্য চুকিয়ে বিদায়বেলায় যে আক্ষেপ নিয়ে যেতেন টেন্ডুলকার, সেটা কিছুটা হলেও পুষিয়ে দিয়েছেন তাঁর এই তিন উত্তরসূরি।
১৯৯তম টেস্টে টেন্ডুলকারকে ইনিংস ও ৫১ রানের জয় উপহার দিল ভারত।
আগের দিন যেখানে শেষ করেছিলেন রোহিত-অশ্বিন কাল শুরু করেছিলেন যেন সেখান থেকেই। ৯২ রানে অপরাজিত থাকা অশ্বিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন সকালেই। সপ্তম উইকেটে এই দুজন গড়লেন ভারতের হয়ে সর্বোচ্চ ২৮০ রানের জুটি, বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। শেষ পর্যন্ত ১৭৭ রান করে শর্মা ফেরেন আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরোর বিতর্কিত এলবিডব্লু সিদ্ধান্তে। ১২৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অশ্বিনও। ভারত অলআউট হয় ৪৫৩ রানে। ততক্ষণে অবশ্য ভালো লিড পেয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল বেশ দাপুটে। তবে মাত্র ৩৫ বলে ৩৩ রান করে অপরিণত ব্যাটসম্যানের মতো শট খেলে আউট হয়ে যান ক্রিস গেইল। শুরুটা ভালো হলেও বেশিক্ষণ থাকতে পারেননি পাওয়েল (৩৬), ব্রাভো (৩৭)। এই দুজনকেই ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান টপ অর্ডারে একটা বড় ধাক্কা দেন অশ্বিন। বাকি কাজটুকু সারেন সামি। দুর্দান্ত লাইন, লেন্থ আর রিভার্স সুইংয়ে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেন তিনি। এক প্রান্তে ৩১ রানে অপরাজিত থাকা শিবনারায়ণ চন্দরপল চেয়ে চেয়ে দেখেছেন সঙ্গীদের আসা-যাওয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছেন বাংলার পেসার, এর ছয়টিই বোল্ড, সবগুলোই পুরোনো বলে। ম্যাচসেরার পুরস্কারটা রোহিত শর্মার হাতে গেলেও অধিনায়ক ধোনির উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন সামি, ‘ও দারুণ বল করেছে। প্রায় সব ফাস্ট বোলারই রিভার্স সুইং করায়। কিন্তু মূল ব্যাপারটা হছে লাইন-লেন্থ। সে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে।’
মাত্র তিন দিনেই টেস্ট জিতে সিরিজে ১-০-তে এগিয়ে যাওয়া। খুব প্রত্যাশিতভাবেই ধোনি জয়টা উৎসর্গ করেছেন টেন্ডুলকারকে। তবে ম্যাচ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া উত্তরীয় আর একসময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলী পাগড়ি পরিয়ে দেওয়ার পরও যেন ম্লান লিটল মাস্টারের মুখ। হয়তো ভেতরে বিদায় রাগিণী বাজছিল বলে, হয়তো ইডেনে নিজের শেষটা মনের মতো হয়নি বলেও।
দারুণ জয়ের পরেও কিসের যেন হাহাকার ছিল ইডেনের গ্যালারিতেও। ব্যাট হাতে টেন্ডুলকারকে যে আর কোনো দিন দেখা যাবে এই মাঠে! স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।