এমন দল নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুল হক বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক টুর্নামেন্টে মিশ্র দ্বৈতে খেলবেন বলে মহিলা এককের চ্যাম্পিয়ন শাপলার সঙ্গে জুটি বেঁধে অনুশীলন করে চলেছেন। কিন্তু আগামী ৬-১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের মিশ্র দ্বৈতে তাঁর নামই দেয়নি ফেডারেশন। জাতীয় ব্যাডমিন্টনের সাবেক চ্যাম্পিয়ন ও সামার ওপেনের এককে রানারআপ এনামুল হক তাই হতাশ।
আরও অনেক শাটলার এনামুলের মতো এমন বঞ্চনার শিকার। সামার ওপেনে পুরুষ দ্বৈতের রানারআপ জয়নাল আবেদীনকে দলেই নেওয়া হয়নি! পুরুষ দ্বৈতে যাঁর সঙ্গে জুটি গড়ে রানারআপ হয়েছিলেন জয়নাল, সেই এবাদুল হককে কিনা খেলতে হবে মিশ্র দ্বৈতে। এবাদুল কখনোই মিশ্র দ্বৈতে খেলেননি! এই খেলোয়াড়েরা শেষমেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতিকে চিঠি লিখেছেন। এবাদুল লিখেছেন, ‘আমি পুরুষ দ্বৈতের খেলোয়াড়, জীবনে মিশ্র দ্বৈতে খেলিনি। আমার সঙ্গে কোনো আলোচনা না করেই মিশ্র দ্বৈতে খেলানোর এই উদ্যোগ খুবই রহস্যজনক।’
টুর্নামেন্টে পুরুষ ও মহিলা মিলিয়ে বাংলাদেশের ৩২ জনের নাম নিবন্ধন করিয়েছে ফেডারেশন। কিন্তু সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আইমান ইবনে জামানের নামই নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আইমানের সামার ওপেন খেলতে না পারাটা তাঁর অপরাধ!
দল নির্বাচনের প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী বলেন, ‘আমরা শেষ মুহূর্তে নাম পাঠিয়েছি। আমার ধারণা, ওদের সফটওয়্যারে কোনো সমস্যা হয়েছে। একজনের বদলে অন্যজনের নাম এন্ট্রি হয়েছে। এটা কীভাবে হলো বুঝলাম না। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।’