এমন দায়িত্বহীন ব্যাটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি স্তব্ধ। কলাম লেখক জীবনে এমন দিন আর আসেনি। একটু আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা তাসের ঘরের মতো ভেঙে গেছি। এমন কিছু ঘটবে কল্পনাতীত। কোনো ব্যাখ্যাই হয় না।আমার স্ত্রী-সন্তান মাঠে যাওয়ার কথা প্রথম ১০-১২ ওভার পর। সেভাবেই সব ঠিকঠাক ছিল। কিন্তু ওদের আর মাঠে যাওয়া হয়নি। ‘কষ্ট’ করে দলের এই ব্যাটিং মাঠে বসে না দেখে ভালোই হয়েছে!ক্রিকেটে ‘ব্যাড ডে’ আসতেই পারে। তাই বলে এমন ‘ব্যাড ডে’! আমাদের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে খারাপ দিন কি না জানি না, তবে এর মাত্রাটা অনেক বড়। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতেই পারি। কিন্তু এই হার আমাদের নেট রানরেট অনেক খারাপ করে দিয়েছে। সবারই জানা, আয়ারল্যান্ডের ইংল্যান্ড-বধ ‘বি’ গ্রুপটা উন্মুক্ত করে দিয়েছে। এ অবস্থায় কোয়ার্টার ফাইনালে উঠতে নেট রানরেট প্রভাবক হয়ে উঠতে পারে। মাত্র ১৮.৫ ওভারে অলআউট হয়ে আমরা আমাদের যাত্রাটা কঠিন করে তুললাম। উইকেট ভালো ছিল। টার্ন বেশি, বল ব্যাটে এসেছে দ্রুত। বাউন্সও ছিল ভালো। স্ট্রোক খেলার জন্য আদর্শ। কিন্তু আমরা কী করলাম নিজেরাই জানি না। কী চেয়েছি, সেটিও কি জানি? কোনো পরিকল্পনাই তো দেখলাম না।ওয়ানডে ক্রিকেটটা অনেক হিসাবের খেলা। বিপর্যয়ে ইনিংস মেরামত করতে হয়। সেই কাজটি হলে আমরা ১৭০-১৮০ রান করতে পারতাম, তাহলে গল্পটা অন্য রকম হওয়া বিচিত্র ছিল না।দুঃখজনক হলো, এই কাজটা করল না আমাদের ব্যাটসম্যানরা। বাজে ব্যাটিং, দায়িত্বহীন ব্যাটিংয়ের চূড়ান্ত নমুনা! অনেক বাইরের বল, অনেক নিরীহ বলে আউট হয়েছি আমরা। মারার দরকার ছিল না, তবু মারতে গেছি!তামিম প্রতিদিন রান পাবে না। ওর আউট নিয়ে আমার অভিযোগ নেই। ইমরুল আউট হওয়া বলটা ছেড়ে দিতে পারত। বিপদের মুখে জুনায়েদ সম্ভবত ভাবছিল ৩৫ বলে ১০০ করে ফেলব! বিপর্যয় সামাল দিতে পারল না সে।সাকিব পড়ে যায় চাপে। ও তো মানুষ, এক দিন ছন্দ না-ই পেতে পারে। তাই সাকিবকে নিয়েও আমার বলার কিছু নেই। মুশফিকুর রহিমকে চার নম্বরে খেলানো কতটা ফলদায়ক হচ্ছে, ভাবার বিষয়। একটা নিরীহ বলে সে আউট। রকিবুলের ভূমিকাটা সাধারণত ইনিংস ধরে খেলার। কিন্তু সে-ও একটা নিরীহ বলে উইকেট দিল।মোহাম্মদ আশরাফুল একটা আদর্শ সময়ে বুক চিতিয়ে লড়াই করার মঞ্চ পেয়েছিল। কিন্তু পারল না। ওর জন্য দুঃখ লাগছে। উইকেটের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে আউট। কত বড় সুযোগ হারাল আশরাফুল, ভাবতেই পারছি না!মনে পড়ছে, ২০০৩ বিশ্বকাপে কানাডার কাছে হেরে আমাদের বিশ্বকাপ আদতে সেই দিনই শেষ! এবার সেই রকম ভাবার কারণ দেখছি না। তাই এতক্ষণ বাংলাদেশ দলের সমালোচনা করলেও বলব হতাশায় ভেঙে পড়ার কিছু নেই। আমাদের এখনো খুব ভালো সম্ভাবনা আছে। সাকিবদের বলছি, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাও ম্যান! তোমরাই পারবে।