এমন দিনেও রাজ্জাকের কণ্ঠে ক্ষোভ!
দলের জয় নিশ্চিত হতেই বিশ্বজয়ের উল্লাসে মাঠে ছুটে গেল পুরো পাকিস্তান দল—মিসবাহ, আফ্রিদি, কোচ ওয়াকার...। বিশ্বকাপ ফাইনাল, বড় কোনো টুর্নামেন্ট বা সিরিজ নির্ধারণী ম্যাচ নয়। তাই এটিকে মনে হতে পারে বাড়াবাড়ি। কিন্তু এই জয় যে আর পাঁচ-দশটা জয়ের মতো নয়। স্রেফ ম্যাচ জয় বা সিরিজে ফিরে আসার আনন্দে নয়, এই ছুটে যাওয়া একটি অতিমানবীয় ইনিংসকে অভিবাদন জানাতেও।পরশু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবদুল রাজ্জাক যে ইনিংসটা খেললেন, ‘অলৌকিক’ বা ‘অবিশ্বাস্য’ শব্দযুগলও সেটির পাশে জুতসই মনে হয় না। ১৫৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডের পর নাথান অ্যাস্টল বলেছিলেন, ‘কিছু কিছু দিন আসে, যখন যে শটই খেলি না কেন মাঝ ব্যাটে লাগে।’ পরশু এমন একটি দিন ছিল রাজ্জাকের। যখন উইকেটে গিয়েছিলেন, ২৮৭ তাড়া করে জয়ের জন্য পাকিস্তানের তখনো প্রয়োজন ১২৪ বলে ১৫১ রান। হাতে ৫ উইকেট, কিন্তু ক্রিজে রাজ্জাকের সঙ্গী ফাওয়াদ আলম ছাড়া স্বীকৃত ব্যাটসম্যান কেউ নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২২-এর বেশি তাড়া করে কখনোই জেতেনি পাকিস্তান। ধারাভাষ্য কক্ষে থাকা কেপলার ওয়েসেলস বলেই ফেলেছিলেন ‘ম্যাচ অলমোস্ট ডান অ্যান্ড ডাস্টেড।’এমন ম্যাচটির ভাগ্যও বদলে দিলেন রাজ্জাক। দক্ষিণ আফ্রিকার মুঠোয় চলে যাওয়া জয় একা ছিনিয়ে যখন ফিরছেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৭২ বলে ১০৯, ৭টি চার আর ১০টি ছয়। উইকেটে যাওয়ার পর দলের ১৫৩ রানের ১০৯-ই এসেছে তাঁর ব্যাট থেকে, শেষ ৬৫ রানের ৬৩। একাই জিতিয়েছেন কথাটি কতবারই না কতজনের সম্পর্কে ব্যবহূত হয়েছে, কিন্তু একা জেতানোর এমন নজির কি আর আছে?পুরো ইনিংসে কখনোই মনে হয়নি চাপে আছেন। রান-বলের ক্রমবর্ধমান চাপে বিচলিত হননি। এক-দুই রান নেওয়ার ফাঁকে ফাঁকে বলকে গ্যালারিতে পাঠিয়েছেন কয়েকবার। ৪৫ বলে ছুঁয়েছেন পঞ্চাশ, ২০০৬ সালের ৮ সেপ্টেম্বরের পর ওয়ানডেতে তাঁর প্রথম ফিফটি! তখনো মনে হয়নি, বিপদে দক্ষিণ আফ্রিকা। ৫ ওভারে যখন প্রয়োজন ৫৪, তোতসোবের ওভার থেকে আসে মাত্র ১! ম্যাচ দোদুল্যমান হয়ে পড়ল ল্যাঙ্গেভেল্টের করা ইনিংসের ৪৭তম ওভারে, যখন তিন ছয়ে ২০ রান নেন রাজ্জাক। শেষ ব্যাটসম্যান শোয়েব যখন উইকেটে যান, ১৫ বলে প্রয়োজন ৩০। সিঙ্গেল না নিয়ে, ঠান্ডা মাথায় স্ট্রাইক ধরে রেখে রাজ্জাক একাই করেছেন ৩২। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪। আলবি মরকেলের প্রথম বলে রান হয়নি, পরের দুই বলে দুটি ছয়, চতুর্থ বলে পয়েন্ট দিয়ে চার মেরে উল্লাসে ফেটে পড়েন রাজ্জাক। পুরো ইনিংসে আবেগের বহিঃপ্রকাশ দেখা গেছে এই প্রথম!এমন দিনে কোথায় উল্লাসে মাতবেন, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রাজ্জাক উগরে দিলেন বুকে পুষে রাখা ক্ষোভ, ‘পাকিস্তান দলে সব সময় বাদ পড়ার ভয় নিয়ে খেলতে হয়। প্রতিটি ম্যাচই আমি খেলতে নামি শেষ ম্যাচ ভেবে। ক্রিকেটাররা যদি এভাবে বাদ পড়ার ভয় নিয়ে মাঠে নামে, তাহলে সেরা পারফরম্যান্স আসবে কোত্থেকে? আজও ভয় পাচ্ছিলাম এই ম্যাচে পারফর্ম না করলে আমি বাদ পড়ে যাব। এক-দুই ম্যাচ ভালো না খেললেই কাউকে বাদ দেওয়া উচিত নয়।’ এ বছরই ব্যাট হাতে দলকে একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে জিতিয়েছেন, কিন্তু ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন চার বছর পর। এ জন্যও দুষেছেন টিম ম্যানেজমেন্টকে, ‘ব্যাটিং-বোলিং কোনোটিতেই আমার প্রতিভার সদ্ব্যবহার করা হয়নি। ওয়ানডেতে ১ থেকে ১১ সব জায়গায় ব্যাটিং করতে হয়েছে, কখনো কোনো নির্দিষ্ট জায়গা পাইনি।’আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়েছেন, কিন্তু ৪০ বলে ৪৯ করার পর ড্রেসিংরুমে গিয়ে হতাশায় মুখ ঢেকেছিলেন আফ্রিদি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই আফ্রিদিই এক গাল হেসে বললেন, ‘বলেছিলাম না আমরা শিগগিরই ফিরব!’ আজ দুবাইতে সিরিজের তৃতীয় ম্যাচ, আফ্রিদির এই হাসি থাকবে তো! ওয়েবসাইট।