এমন নিষ্ঠুর বোলিং আর দেখিনি: হোয়াটমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ ছাড়া আর কী-ই বা বলার ছিল ডেভ হোয়াটমোরের! চোখের সামনে নিজের শিষ্যদের এত বড় লজ্জার মধ্যে পড়তে দেখে ‘ভদ্র’ না সেজে আর থাকতে পারলেন না তিনি। ভূয়সী প্রশংসায় ভাসালেন স্প্রিংবক পেসারদের। সেই প্রশংসার মধ্যে মিশে ছিল একরাশ হতাশা আর সেই সঙ্গে বেশ খানিকটা লজ্জাও।কাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ৪৯ রানে অলআউট হওয়া পাকিস্তানকে একাই শেষ করে দিয়েছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। ৮.১-৬-৮-৬—এই অসামান্য বোলিং পরিসংখ্যানকে রীতিমতো ‘নিষ্ঠুর’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ ডেভ হোয়াটমোর।হোয়াটমোর বলেছেন, ‘আমি আমার জীবনে এমন নিষ্ঠুর ফাস্ট বোলিং আর দেখিনি।’ ‘দুই ঘণ্টা ধরে যে ফাস্ট বোলিংয়ের নমুনা আমরা দেখলাম, তা এক কথায় অবিশ্বাস্য।’ হোয়াটমোরের স্পষ্ট স্বীকারোক্তি।মাত্র ৪৯ রানে দল অলআউট হলেও হোয়াটমোর পাকিস্তানি ব্যাটসম্যানদের পুরোপুরি দায়ী করতে রাজি নন। তাঁর মতে, কাল বেশির ভাগ পাকিস্তানি ব্যাটসম্যানই আউট হয়েছেন দুর্দান্ত সব ডেলিভারিতে।হোয়াটমোর বলেন, ‘এই ফলে হতাশ হলেও কিছু করার নেই। আপনাকে এমন দুর্বিনীত প্রতিপক্ষের প্রশংসা করতেই হবে।’জোহানেসবার্গের উইকেটকে ‘কিছুটা কঠিন’ মনে হয়েছে হোয়াটমোরের কাছে। তিনি বলেন, ‘প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ২৫৩ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, এটা মোটেও খারাপ স্কোর নয়।’ হোয়াটমোরের মতে, ‘প্রোটিয়ারা ২৫৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর তাদের বোলিং-শক্তি সম্পর্কে আমরা পুরোমাত্রাতেই সচেতন ছিলাম। আমরা জানতাম, তাদের বোলিং আক্রমণ কতটা কী করতে পারে।’ মিসবাহ-উল-হকের আউটটিকে ক্রিকেটের ‘অবিচ্ছেদ্য অংশ’ বলেই মনে করেন হোয়াটমোর। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। ওয়েবসাইট।