এমন পাঁচজনকে বিশ্রাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজটাকেই পাখির চোখ করেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ৩-০ হারিয়ে সেই লক্ষ্যটা ভালোভাবেই পূরণ হয়েছে। ওয়ানডে সিরিজ নিয়ে ইংলিশরা তাই বিলাসিতা করার সাহস দেখাল! অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দিয়ে দিল অধিনায়ক অ্যালিস্টার কুক, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ানকে। একসঙ্গে দলের অন্যতম সেরা পাঁচ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়াটা তো বিলাসিতাই।
আগামী ৬ সেপ্টেম্বর শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল ঘোষিত ইংল্যান্ডের ১৪ সদস্যের দলে নেই চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে পড়া টিম ব্রেসনান, জনি বেয়ারস্টো ও ক্রিস ওকসও। তবে চোট কাটিয়ে টেস্ট সিরিজে খেলা কেভিন পিটারসেন আছেন। কুকের পরিবর্তে নেতৃত্ব দেবেন এউইন মরগান। প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার ক্রিস জর্ডান ও জেমি ওভারটন। এর মধ্যে সাসেক্সের ২৪ বছর বয়সী পেসার জর্ডানের জন্ম বারবাডোজে। ক্রিকেট খেলার শুরুও বারবাডোজেই। পরে ইংল্যান্ডে পাড়ি জমানো জর্ডান এরই মধ্যে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলেছেন। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষেও খেলেছেন দুটি ম্যাচ। ক্রিকইনফো।
এই দুজনের সঙ্গে ডাক পেয়েছেন গত জুনেই ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া আয়ারল্যান্ডের সাবেক পেসার বয়েড র‌্যানকিন ও ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে একমাত্র টেস্ট খেলা মাইকেল কারবেরি। ফিরেছেন লুক রাইট, যাঁর সর্বশেষ ওয়ানডে ২০১১ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সিরিজের আগে আগামী ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ডাবলিনের ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে পিটারসেন, জো রুট ও জোনাথন ট্রটকেও। তাঁদের পরিবর্তে আয়ারল্যান্ড ম্যাচের দলে ঢুকেছেন গ্যারি ব্যালান্স, জেমস টেলর ও ড্যানি ব্রিগস।
অস্ট্রেলিয়া সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দল: এউইন মরগান (অধিনায়ক), কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, রবি বোপারা, জস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, জেমি ওভারটন, বয়েড র‌্যানকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।