লিগে ৩৮ ম্যাচ। ঘরোয়া দুটি কাপ টুর্নামেন্ট আছে। সঙ্গে এবার যোগ হয়েছে ইউরোপা লিগও। আর্সেনালের জন্য লম্বা একটা মৌসুমই অপেক্ষা করছে। কিন্তু সেটির প্রস্তুতি হচ্ছে একেবারে যা-তা। কোন দুঃখে যে প্রাক-মৌসুম প্রস্তুতিতে চীনে এল আর্সেন ওয়েঙ্গারের দল! একে তো ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা, তার ওপর আর্সেনাল ক্যাম্পে হানা দিয়েছে খাদ্যে বিষক্রিয়া। পরশু প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের সঙ্গে একাদশ নামানোই দায় হয়ে পড়ে ওয়েঙ্গারের। অলিভিয়ের জিরু ও পার মার্টেসেকার খেলেননি, দলে নতুন আসা সিদ কোলাসিনাচকেও প্রথমার্ধেই উঠিয়ে নিতে হয়। অসুস্থ হয়ে পড়েছিলেন বদলি নামা অ্যারন রামসে ও থিও ওয়ালকটও। ১-১ গোলে ড্র ম্যাচটা টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতা গেছে। তবে প্রস্তুতি নিয়ে আক্ষেপই করেছেন ওয়েঙ্গার, ‘এটাই আদর্শ প্রস্তুতি কি না? আমি বলব অবশ্যই না!’ এএফপি।