এমন প্রস্থান!
বিশ্বকাপ থেকে দল বিদায় নিলে দেশে ফিরে আসতে হয়। আবার ইনজুরিতে পড়ে দলকে ছেড়েও ফিরে আসতে হয় অনেককে। কিন্তু নিকোলাস আনেলকার মতো বহিষ্কৃত হয়ে ফেরাটা অস্বাভাবিকই। তবে আনেলকাই প্রথম নন, এর আগেও বিশ্বকাপ অন্তত সাতবার এমন ঘটনা দেখেছে। সেই ঘটনাগুলো জেনে নিন১৯৩৪ সিগমুন্ড হারিঙ্গার [জার্মানি]জার্মান এই ডিফেন্ডারকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগেই বহিষ্কার করা হয়েছিল বলে গুজব আছে। বলা হয়, রেলওয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে বিনা অনুমতিতে কমলা ছিলে খাওয়ায় বহিষ্কার করা হয়েছিল হারিঙ্গারকে। যদিও জার্মান ফুটবল ফেডারেশন পরে বারবার বলেছে, তাঁকে স্রেফ অসুস্থতার জন্যই বাদ দেওয়া হয়েছিল।১৯৭৪আর্নেস্ট জাঁ-জোসেফ [হাইতি]বিশ্বকাপের প্রথম ডোপপাপী এই আর্নেস্ট জাঁ-জোসেফ। ১৯৭৪ বিশ্বকাপে ইতালির বিপক্ষে হাইতির ১-৩ ব্যবধানে ম্যাচ হারার দিনই জাঁ-জোসেফের মাদক পরীক্ষার ফল আসে। ওই দিনই দল থেকে বের করে দিয়ে বাড়ি ফেরত পাঠানো হয় তাঁকে।১৯৭৮উইলি জনস্টন [স্কটল্যান্ড]আর্জেন্টিনা বিশ্বকাপে জাঁ-জোসেফের দেখানো পথে হাঁটলেন উইলি জনস্টন। স্কটল্যান্ডের এই নিয়মিত গোলরক্ষক পেরুর বিপক্ষে প্রথম ম্যাচের পরই ডোপপাপী বলে চিহ্নিত হন। ওই ম্যাচের পরই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।১৯৮৬উলি স্টেইন [জার্মানি]কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার তাঁকে পোস্টের নিচে প্রথম পছন্দ মনে না করাতেই চটেছিলেন গোলরক্ষক স্টেইন। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেকেনবাওয়ারকে বললেন, ‘স্যুপে গোসল করতে থাকা এক জোকার’। স্টেইনের এমন কথা বলার কারণ—ওই ঘটনার কদিন আগেই একটা স্যুপের বিজ্ঞাপন করেছেন বেকেনবাওয়ার। কারণ যা-ই হোক, ও রকম মন্তব্য করার পর স্টেইনকে আর দলের সঙ্গে রাখার প্রয়োজন মনে করেননি বেকেনবাওয়ার। ১৯৯৪স্টেফান ইফেনবার্গ [জার্মানি]এবার আর মাদক বা কোচের সঙ্গে গন্ডগোল নয়। জার্মান ডিফেন্ডার ইফেনবার্গ বহিষ্কৃত হয়েছিলেন দর্শকদের প্রতি খারাপ অঙ্গভঙ্গি ও কুৎসিত কথাবার্তা বলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই ম্যাচে জিতলেও পারফরম্যান্সের কারণে দর্শকদের গালি সহ্য করতে হয়েছিল জার্মানদের। উত্ত্যক্ত ইফেনবার্গ গালির জবাব দেওয়ায় কোচ ও ফেডারেশন তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ১৯৯৪ডিয়েগো ম্যারাডোনা [আর্জেন্টিনা]বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে আলোচিত বহিষ্কার এটিই। ১৯৮৬ বিশ্বকাপজয়ী ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালিস্ট অধিনায়ক যুক্তরাষ্ট্র বিশ্বকাপে মাদক পরীক্ষায় দোষী প্রমাণিত হয়েছিলেন। তাঁর রক্ত ও মূত্র নমুনায় কমপক্ষে পাঁচ ধরনের নিষিদ্ধ মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ২০০২রয় কিন [আয়ারল্যান্ড]রয় কিন তখন আয়ারল্যান্ডের জন্য মহাতারকা। সেই দম্ভেই কি না কোচ মাইক ম্যাকার্থিকে অশ্লীল গালি দিয়ে বসেছিলেন রয়। এরপর কোচ আর রয়কে দলে রাখেননি। তারকা কিনকে ছাড়াই সেবারের বিশ্বকাপ খেলেছিল আয়ারল্যান্ড। বিশ্বকাপের বাইরেও এ রকম বড় একটি প্রস্থানের ঘটনা আছে এডগার ডেভিসের। ‘খেপা ষাঁড়’ নামে পরিচিত ডেভিস কোচ গাস হিডিঙ্ককে কথার আক্রমণ করেছিলেন। বলেছিলেন কোচ দলের বোয়ার ভাইদের ও বার্গক্যাম্পের কথা অনুযায়ী চলেন। এই অভিযোগ শুনে হিডিঙ্ক ইউরো-৯৬ থেকে বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ডেভিসকে।