এমন বরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দের ভাগ সবাই চায়। তবে দুঃখের সমস্ত ভারই যেন ক্রিকেটারদের। কাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সত্যটাই আরেকবার প্রমাণিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ফেরা বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে দেখা গেল না বিসিবির তেমন কাউকেই।
একেবারেই কেউ ছিলেন না বললে ভুল হবে। বিসিবির লজিস্টিক ও প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান ছিলেন। আর ছিলেন বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। বাংলাদেশ দলের যেকোনো বিদেশ সফরে যাওয়ার দিনই বিমানবন্দরে বিদায় জানাতে যান তিনি, ফেরার দিন থাকেন স্বাগত জানাতে।
খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে বিসিবির আর কোনো পরিচালক কেন বিমানবন্দরে যাননি, সেই প্রশ্ন উঠছে অতীত অভিজ্ঞতার কারণে। বিদেশ থেকে দল ভালো করে ফিরলে বিমানবন্দরে পরিচালক-কর্মকর্তাদের ভিড় জমে। গত বছর অস্ট্রেলিয়া থেকে বিশ্বকাপ খেলে দেশে ফেরার দিন ফুলের তোড়া নিয়ে কত বোর্ড পরিচালক, কত কর্মকর্তা যে হাজির ছিলেন বিমানবন্দরে! খেলোয়াড়দের গলায় মালা পরানোর প্রতিযোগিতায় নেমেছিলেন সবাই। কাল তাঁরা হয়ে গেলেন ডুমুরের ফুল!