এমন বাণিজ্যিক ব্যবহার!
বিশ্বকাপ উপলক্ষে নগরজুড়ে শুধু ক্রিকেটারদের ছবি। বিমানবন্দর থেকে শুরু করে বঙ্গবন্ধু স্টেডিয়াম, গুলশান—সব জায়গাতেই ছড়িয়ে আছেন সাকিব, তামিম, রাজ্জাকরা। এই সুযোগে অন্যায়ভাবে ক্রিকেটারদের ছবি বা প্রতিকৃতি ব্যবহারের প্রবণতাও বাড়ছে। কোনো রকম আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপনে সেঁটে দিচ্ছে ক্রিকেটারদের ছবি, শুভকামনার ছদ্মবেশে বিলবোর্ডে লাগিয়ে দিচ্ছে খেলোয়াড়দের বিশাল প্রতিকৃতি!একটি ইলেকট্রনিকসামগ্রী বিক্রির প্রতিষ্ঠান বিমানবন্দর সড়কে লাগানো তাদের বিলবোর্ডে ব্যবহার করেছে সাকিবের ছবি। গুলশানে দেশের আরেকটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনে এবং গুলিস্তানে একটি হোটেলের বিশাল ব্যানারেও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক! এ ছাড়া শাহবাগে একটি বেসরকারি ব্যাংকের বিলবোর্ডে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম, আরেকটি বেসরকারি ব্যাংকের হয়ে তামিম ইকবালের কাটআউট আর পোস্টার ছড়িয়ে আছে রাজধানীর বিভিন্ন সড়ক বিভাজকে। আছে বাঁহাতি স্পিনার রাজ্জাকের ছবিও। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোগ্রাম আর ২০১১ বিশ্বকাপের লোগো তো এখন সবচেয়ে সহজলভ্য বস্তু। যে যেখানে পারছে বসিয়ে দিচ্ছে ‘বাঘের মাথা’ আর বিশ্বকাপের লোগো। এ দেশের ক্রিকেটে স্বত্ব-টত্ব বলে যেন আর কিছু নেই!নিজেদের ছবি আর প্রতিকৃতির অবৈধ ব্যবহারে বিরক্ত ক্রিকেটাররা। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। এ ব্যাপারে জাতীয় দলের অধিনায়ক সাকিব বলেছেন, ‘ যারাই এসব করেছে, অন্যায়ভাবে করছে। এভাবে আমাদের ব্যক্তিগত ছবি ব্যবহারের অধিকার কারও নেই। বোর্ডও যদি সে রকম কোনো অনুমতি দিয়ে থাকে, আমি বলব বোর্ডেরও অধিকার নেই। বোর্ডের সঙ্গে চুক্তি হলেও ব্যক্তিগতভাবে কারও একার ছবি কেউ ব্যবহার করতে পারে না। তবে হ্যাঁ, বাংলাদেশ দলের ছবি ব্যবহার করে যে কেউ শুভকামনা জানাতে পারে। তাতে বাধা নেই।’জাতীয় দলের অনেক ক্রিকেটারের সঙ্গেই বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তি আছে। সে অনুযায়ী সেসব ক্রিকেটারের ছবি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারে। সাকিবের সঙ্গে চুক্তি যেমন পোলার, সেলওয়ান, ক্যাস্ট্রল, ইউসিবিএল, পেপসিসহ আরও দু-একটা প্রতিষ্ঠানের। মুশফিকুরের সঙ্গে চুক্তি মাইওয়ান টিভির বা তামিমের নকিয়া ফোনের।বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির টুর্নামেন্ট পরিচালক আলী আহসান অবশ্য কাল আশ্বাস দিলেন এসব ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়ার, ‘আপনারা খেয়াল করে থাকবেন স্টেডিয়ামের আশপাশ থেকে আমরা এর মধ্যেই কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আর বেলুন সরিয়ে নিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে দু-এক দিনের মধ্যেই আমরা একটা অনুমতিপত্র পাব। সেটা পেলে পুলিশের সহায়তায় সব অবৈধ বিলবোর্ড-ব্যানার নামিয়ে ফেলা হবে।’