এমন বিদায় চাননি মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকাররা যখন উৎসবে ভাসছেন, নির্বাক তাকিয়ে শুধু দেখলেন। ওয়াংখেড়ের ফাইনালের পর নিজেকে এভাবে দেখতে চাননি মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয়বার বিশ্বকাপ হাতে তোলার স্বপ্ন ভেঙে হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে ‘চ্যাম্পিয়নের’। মণি-মুক্তায় সাজানো বর্ণাঢ্য ক্রিকেট-জীবনের শেষ লগ্নটা হতাশার হয়ে রইল তাঁর কাছে। কী করে ভুলবেন এই ব্যথা? ওয়েবসাইট।বিশ্বকাপ জিতেই শেষ করতে চেয়েছিলেন মুরালি। চোট-আঘাতে খানিক বেকায়দায় থাকলেও তাই রণে ভঙ্গ দেননি। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ৯টি ম্যাচই খেলেছেন। কিন্তু সবই তো বৃথা গেল।‘আমার জন্য এটা কিছুটা হতাশার। কারণ, আমার মূল লক্ষ্যই ছিল বিশ্বকাপ জেতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা পারিনি। এই দিনে ভারত আমাদের চেয়ে এগিয়ে ছিল’—কলম্বো যাওয়ার আগে মুম্বাইয়ে কাল টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিকের কণ্ঠে স্পষ্টতই হাহাকার।মুরালি পরাজয়টা দেখেছেন এভাবে, ‘স্কোর বোর্ডে পর্যাপ্ত রানই পেয়েছিলাম আমরা। ২৭৪ ভালো স্কোর। মালিঙ্গা শুরুতে খুব গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিল। কিন্তু এরপর আমরা ভারতের ইনিংসে ফাটল ধরাতে পারিনি, বিশেষ করে মাঝামাঝি সময়ে। স্পিনাররা পর্যাপ্ত উইকেট তুলতে পারেনি। এটাই পরাজয়ের মূল কারণ।’এটুকু বলে থামেননি মুরালি, ‘যদি সুরাজ ও আমি কয়েকটি উইকেট পেতাম, তাহলে গল্পটা অন্য রকম হতে পারত। ক্রিকেটে এটা হতেই পারে। আপনাকে সামনেই এগিয়ে যেতে হবে। আমি দলের শুভকামনা করি। আশা করি, ২০১৫ সালে তারা বিশ্বকাপ দেশে নিয়ে আসবে।’হাঁটু, হ্যামস্ট্রিং, কুঁচকি—নানা সমস্যায় ভুগছিলেন মুরালি। তাঁকে ফাইনালে খেলানো নিয়ে অধিনায়ক সাঙ্গাকারা প্রশ্নবিদ্ধ। ভারতের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই সাঙ্গাকারা তাঁর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন, ‘সে আমাদের জন্য কিছু করতে পারেনি, এমন দিন কালেভদ্রে এসেছে। এটা সম্ভবত এক শ ম্যাচের মধ্যে এক ম্যাচে ঘটে। সে আমাদের সেরা বোলার, এমনকি অর্ধেক ফিট হলেও। এদিন সে প্রায় পুরো ফিট ছিল। আমি মনে করি না এটা কোনো বিষয়।’মুরালিকে সমর্থন জানিয়েই থেমে থাকেননি শ্রীলঙ্কান অধিনায়ক। বলছেন, ‘আমরা ওকে ভীষণ মিস করব। সে শ্রীলঙ্কার জন্য এক আদর্শ। মাঠের বাইরে বা মধ্যে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার হিসেবে আমি মনে করি না এমন কেউ আছে যার সঙ্গে মুরালির তুলনা হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে দারুণ একটা বিদায়ী উপহার দিতে পারিনি। আমরা অসহায়ভাবে হেরেছি এবং এটা আমাদের মেনে নিতে হবে।’বিশ্বকাপ জিতে উঠে মুরালিকে নিয়ে কয়েক ছত্র বলতে হয়েছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। আইপিএলে চেন্নাই সুপারকিংসে খেলেন দুজন এবং সেই সূত্রে কাছাকাছি থাকারও সুযোগ হয়েছে। ‘আমি মুরালির সঙ্গে অনেক খেলেছি। আমি জানি, তার দুসরা খুব ভালো। সে এই দুসরাটা খুব ভালো জানে। কিন্তু আমি ওর ওপর চাপ তৈরি করেছিলাম’—বলেছেন ধোনি।দেশের মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচের শেষ বলে উইকেট নিয়েছেন বিশ্বকাপ সেমিফাইনালে। গ্যালারি ভর্তি দর্শকের অভিনন্দনে সিক্ত মুরালির জন্য ওয়াংখেড়ে তেমন কিছুই বরাদ্দ রাখল না। নীরবেই শেষ হয়ে গেল এক বর্ণিল অধ্যায়। আর কখনো আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটার মুরালিকে দেখা যাবে না। তবে এবারও চেন্নাই সুপারকিংসের হয়ে খেলছেন আইপিএলে। খবর আসছে, খেলতে পারেন নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি লিগেও।টেস্টে ৮০০ এবং ওয়ানডেতে ৫৩৪টি উইকেট। দুটিই বিশ্ব রেকর্ড। যেখানেই থাকুন মুরালি, এমন রেকর্ডের মালিককে ক্রিকেট-দুনিয়া কখনোই ভুলবে না!