এমন ম্যাচের এই সমাপ্তি!
নিউল্যান্ডসের বড় ঘড়িটায় সময় দেখাচ্ছে ১২টা ৪০। জ্যাক ক্যালিসকে নিয়ে হাসিমুখে ড্রেসিংরুমে ফিরছেন গ্রায়েম স্মিথ। পরশু ঠিক এই সময়টাতেও হয়তো একই রকম অনুভূতিই ছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়কের। নিজে ব্যাটিং করছিলেন ২২ রানে, অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৪৯। কে বলবে, মাঝের সময়টুকুতে এতকিছু হয়ে গেছে নিউল্যান্ডসে!দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল যে দল, প্রথম ইনিংসে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল ১৮৮ রানে, তৃতীয় দিন লাঞ্চের আগে সেই দলটাই জিতল অনায়াসে। পাগলাটে দ্বিতীয় দিনের শেষ ভাগটায় উল্টো স্রোতে সাঁতরেছিলেন যে দুজন, সেই দুজনের ব্যাটেই কাল পিষ্ট হলো অস্ট্রেলিয়ার আশা আর সম্ভাবনা। গ্রায়েম স্মিথ আর হাশিম আমলার সেঞ্চুরিতে অবিস্মরণীয় এক জয় পেল দক্ষিণ আফ্রিকা। এই দুজনের সাবলীল ব্যাটিং কাল বারবার বিস্ময় জাগাল ভুতুড়ে বৃহস্পতিবার দিনটা নিয়ে!৯ উইকেট হাতে নিয়ে কাল ১৫৫ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। অন্য কোনো ম্যাচ হলে ১৫৫-র আগে ‘মাত্র’ শব্দটা বসিয়ে দেওয়া যেত নিশ্চিন্তে। কিন্তু ভুতুড়ে ওই বৃহস্পতিবার যে এই ম্যাচের সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছিল! ৪৭ রানে অলআউট হওয়ার দিন শেষেও তাই ক্লার্ক বলতে পেরেছিলেন, ‘আমাদের এখনো জয়ের দারুণ সম্ভাবনা আছে।’ ক্লার্কের দাবি যে সত্যি, এটা জানতেন স্মিথ-আমলাও। তাই কাল প্রথম ঘণ্টায় ভীষণ সাবধানী দুজনই। এটা ভিন্ন আরেকটা দিন বুঝতে পেরেই যেন পরে হাত খুললেন। যথারীতি চোখকে প্রশান্তি দেওয়া দারুণ সব কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিক খেলেছেন আমলা। চতুর্থ ইনিংসে আরও একবার চওড়া স্মিথের ব্যাট। আমলা পেয়েছেন ১৩তম আর স্মিথ ২৩তম টেস্ট সেঞ্চুরি। কালকেরটিসহ এর চারটিই এসেছে চতুর্থ ইনিংসে, ছুঁয়েছেন সুনিল গাভাস্কার, ইউনুস খান, রামনরেশ সারওয়ান, রিকি পন্টিংয়ের রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ে হাজার রানও ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ম্যাচ-সেরা অবশ্য দ্বিতীয় দিনের নায়ক ভারনন ফিল্যান্ডার, অভিষেকে ৮ উইকেট নিয়েছেন মাত্র ৭৮ রানে। প্রথম ইনিংসে এক শর নিচে গুটিয়েও ম্যাচ জয়ের মাত্র নবম ঘটনা এটি, গত ৬০ বছরে মাত্র দ্বিতীয়!স্কোরকার্ড বলবে, ৮ উইকেটের অনায়াস জয়। কিন্তু এই মাঠে বা টিভি পর্দায় এই ম্যাচের যাঁরা সাক্ষী, তাঁরা তো জানেন কত রোমাঞ্চ, উত্তেজনা, নাটক আর বিস্ময় জমা ছিল ম্যাচের পরতে পরতে। নাটকীয়তায় ভরা ম্যাচের সমাপ্তিটা হয়তো বড্ড একপেশে ছিল! কিন্তু এমন ম্যাচের সমাপ্তি এতটা সাদামাটা, এটাও তো দারুণ একটা নাটক!