এমন যদি হতো...

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের পথ খোলা রেখেছে ড্র। কিন্তু এর আগে তো দুস্তর পথ! যে পথের মোড়ে মোড়ে অনিশ্চয়তার খানাখন্দ। লিখেছেন উৎপল শুভ্র
ভবিষ্যদ্বাণী মিলে গেলে কে না খুশি হয়! আমিও হয়েছিলাম। তখন কল্পনাও করিনি, সেটিই এমন গলার ফাঁস হয়ে দাঁড়াবে!
সাত সমুদ্র তেরো নদী ওপারের ব্রাজিল থেকে বিশ্বকাপের হাওয়া গায়ে লাগার পর থেকেই নিয়মিত শুনতে হচ্ছে প্রশ্নটা—এবার কে জিতবে?
আরে ভাই, আমি কীভাবে বলব! পুরো বিশ্ব যেখানে মিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তর খুঁজে হয়রান, ফুটবলের তৃতীয় বিশ্বের অভাজন এক সাংবাদিকের কাছে এ কেমন দাবি! মিলিয়ন ডলারের প্রশ্ন বললাম, আসলে তো প্রশ্নটা ৩৫ মিলিয়ন ডলারের। সোনারং ট্রফিটার সঙ্গে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের যে ‘সামান্য’ এই প্রাপ্তিযোগও ঘটবে।
আমার কাছে সেই ৩৫ মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর দাবি করার পেছনে একটা ইতিহাস আছে। ২০০৬ বিশ্বকাপ নিয়ে প্রথম আলোর বিশেষ সংখ্যায় ‘কে জিতবে’ লাইনে একটা লেখা লিখেছিলাম। লেখায় পরিষ্কার কোনো ভবিষ্যদ্বাণী ছিল কি না মনে পড়ছে না। তবে শিরোনামটা কীভাবে দেওয়া হয়েছিল স্পষ্ট মনে আছে। বিশ্বকাপ কাভার করতে জার্মানি যাব বলে প্লেনে উঠে গেছি। অফিস থেকে সহকর্মীর ফোন, ‘লেখার তো হেডিং দিয়ে যান নাই।’ পাঁচ মিনিট সময় চেয়ে নিলাম। মাথায় কিছুই আসছে না। আবার ফোন বাজতেই কী মনে হলো, বলে দিলাম—ব্রাজিল না জিতলে কে? ইতালি?
কী আশ্চর্য, পাকেচক্রে সেটি মিলে গেল! বাহবা-টাহবাও পেলাম। সমস্যাটা হলো পরের বিশ্বকাপে এসে। এবারও যে অমন সুনির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী করার দাবি! একবার হয়ে গেছে, সেই ‘সুনাম’ নষ্ট করার কী দরকার! বুদ্ধিমানের মতো বিশেষ সংখ্যায় ‘কে জিতবে’ লাইনের লেখাটা তাই চাপিয়ে দিলাম আখতার হোসেন খানের কাঁধে। আমি অন্য একটা কিছু লিখব। কী লিখব, কী লিখব আর ভেবে পাই না। শেষ পর্যন্ত যা-ই হোক, একটা কিছু লিখে দিই সিদ্ধান্ত নিয়ে সেটি লিখলাম বিশেষ সংখ্যার মেকআপ করার ফাঁকে ফাঁকে। সেই লেখা শেষ হলো প্রায় শেষরাতে। শুরু করেছিলাম জিনেদিন জিদানকে নিয়ে। লেখার টানে কীভাবে কীভাবে যেন তার পরও ভবিষ্যদ্বাণী একটা করা হয়েই গেল! লেখার সেই অংশটা ছিল এ রকম—
ফিকশ্চার কী বলছে, জানি না। সেই হিসাব-নিকাশে যেতেও চাচ্ছি না। শুধু মনে হচ্ছে, আহা, ফাইনালটা যদি স্পেন-হল্যান্ড হতো!
কথাটা লিখেছিলাম আবেগ থেকে। যে দুটি দলকে বিশ্বকাপ শুধু বঞ্চনাই উপহার দিয়ে এসেছে, এবার তাদের ফাইনালে মিলিয়ে দিক না! মাস খানেক পর সত্যি সত্যিই যখন স্পেন-হল্যান্ড ফাইনাল হয়ে গেল, সবচেয়ে বেশি হকচকিয়ে গেলাম আমি নিজেই। এ কী ভুতুড়ে ব্যাপার-স্যাপার!
ভুতুড়ে ব্যাপারের এখানেই শেষ নয়। আখতার হোসেন খান ‘ব্রাজিল-স্পেন’ ফাইনাল দেখেছিলেন। এর পর হেঁটেছিলেন ‘জয়ী ব্রাজিল বা স্পেন’ নিরাপদ পথে। ১৯৯৮ বিশ্বকাপে অবশ্য সেটি করেননি। ব্রাজিল-ফ্রান্স ফাইনালের ভবিষ্যদ্বাণী করার পর ‘ইতিহাসের অঙ্গুলি ইউরোপের দিকে’ বলে ইঙ্গিতে চ্যাম্পিয়নের নামও বলে দিয়েছিলেন। এ নিয়ে অনেকটা মজা করেই লিখেছিলাম—
কেন ভাই, আপনার ভবিষ্যদ্বাণী যখন মিলেই যায়, বিশ্বকাপটা স্পেনকে দিয়ে দিলে কী ক্ষতি হতো! দু-তিন বছর ধরে ফুটবলের সুন্দরতম ফুলগুলো তো ফুটছে স্প্যানিশদের পায়ে-পায়েই। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ক্লাব, কত যুগের ঐতিহ্য—ফুটবলকে ওরা এত দিয়েছে, বিনিময়ে ওদেরও কি কিছু পাওনা হয়নি? এই বিশ্বকাপটা কি স্প্যানিশদের কাছে ফুটবলের
দায় মেটানোর উপলক্ষ হতে পারে না?
তা-ই হয়েছিল।

২.
এতক্ষণে পাঠকেরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন বলে অনুমান করছি। এবারের বিশ্বকাপ নিয়ে লিখছিস, এবার কে জিতবে সেটা বল। সেটি না বলে পুরোনো কাসুন্দি ঘাঁটা হচ্ছে!
প্লিজ, রাগ করবেন না। আমার অবস্থাটাও একটু বোঝার চেষ্টা করুন। পুরোনো কাসুন্দি ঘাঁটছি সেই অবস্থাটা বোঝাতেই। গত দুটি বিশ্বকাপে কীভাবে কীভাবে যেন ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় এবার আমি বিষম চাপে। যেন আমার ভবিষ্যদ্বাণীর ওপরই নির্ভর করছে ১৩ জুলাই মারাকানায় কারা মেতে উঠবে উৎসবে!
এই চাপ সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে, তা হলো যুক্তি দিয়ে আচ্ছন্ন মাথা ষষ্ঠ ইন্দ্রিয়কে একদমই সজাগ হতে দিচ্ছে না। যুক্তি-ইতিহাস গত দুবারও নিশ্চয়ই অবচেতনে তার জাল বিছিয়ে থাকবে। তবে শেষ পর্যন্ত মন যা বলেছে, তা-ই শুনেছি। সেটি মিলে যাওয়াটা নেহাতই কাকতাল। এবারও মনের কথাই শুনতে চাইছি, কিন্তু যুক্তি এসে ঝামেলা বাধাচ্ছে। মন যে-ই জার্মানি বলবে বলবে করছে, যুক্তি সঙ্গে সঙ্গেই চোখ রাঙাচ্ছে, কী হে, কীভাবে ভুলে যাচ্ছ দক্ষিণ আমেরিকায় ইউরোপের কোনো দল আজ পর্যন্ত বিশ্বকাপ জেতেনি!
জার্মানি-জার্মানি মনে হচ্ছে, কিন্তু পরক্ষণেই ইতিহাসের কনুইয়ের গুঁতোয় জার্মানিকে পেছনে ফেলে তাই সামনে চলে আসছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তা হলে কি এই তিন দলের কোনোটিই?
একবার মনে হলো, প্রতিবারই তো এই ‘কে জিতবে’ লাইনে লেখা হয়। এবার ‘কে জিতবে না’ লিখলে কেমন হয়! যান, বলে দিলাম হন্ডুরাস বিশ্বকাপ জিতবে না। কোস্টারিকা জিতবে না, কলম্বিয়া জিতবে না...ইরান, নাইজেরিয়া, আলজেরিয়া, দক্ষিণ কোরিয়া, ঘানা, আইভরিকোস্ট, জাপান, ইকুয়েডর...চাইলে আরও অনেকগুলো দলের নাম লিখে দিতে পারি। যেটি মিলবে বলে এখনই শতভাগ গ্যারান্টি দিয়ে দিচ্ছি।
রসিকতা থাক। বিশ্বকাপ জিতবে না, এমন অনেকগুলো দেশের নাম যেমন বলা যায়, বিশ্বকাপ জিততে পারে, এমন দেশের সংখ্যাও চাইলে চার-পাঁচটির মধ্যে নামিয়ে আনা যায়। সেটি করতে এমন কোনো ফুটবলবোদ্ধাও হতে হয় না।
এর আগের ১৯টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সংখ্যা মাত্র আট। সেটিও সর্বশেষ চারটি বিশ্বকাপ নতুন দুই চ্যাম্পিয়নকে উপহার দিয়েছে বলে। বিশ্বকাপ জিততে ভালো দল, দুর্দান্ত খেলোয়াড়—এসব তো লাগেই, তবে সবচেয়ে বেশি লাগে ফুটবল-ঐতিহ্য। ফ্রান্স আর স্পেনের সেটি থাকার পরও বিশ্বকাপের দেখা পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। ঐতিহ্য ও রেকর্ড বিবেচনায় একটা বিশ্বকাপ পাওনা হয়ে যাওয়ার পরও পায়নি একমাত্র হল্যান্ডই। তিন-তিনবার বিশ্বকাপের রং কমলা হতে হতে সেটি হয়ে গেছে কষ্টের নীল। এই যন্ত্রণার রেকর্ডে হল্যান্ডের আর কোনো সঙ্গী নেই। একটা বিশ্বকাপই শুধু পারে ডাচদের এই কষ্ট ভোলাতে। তবে কেন যেন মনে হচ্ছে, ব্রাজিলে অন্তত তা হওয়ার নয়।
৩.
অন্য সব মহাদেশের দলগুলো শুধু সংখ্যা পূরণ করতেই আসে। বিশ্বকাপ ঐতিহ্যগতভাবেই ইউরোপ আর দক্ষিণ আমেরিকার লড়াই। সেই লড়াইয়ের ফল এখন ইউরোপের পক্ষে ১০-৯। এই বিশ্বকাপের পর এটি ১০-১০ সমতায় আসার পক্ষে সবচেয়ে প্রবল যুক্তি, খেলাটা হচ্ছে দক্ষিণ আমেরিকায়। যে মহাদেশ থেকে এখনো বিশ্বকাপ নিয়ে যেতে পারেনি ইউরোপের কোনো দেশ। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায়ও কাপ এসেছে মাত্র একবারই। পেলের আবির্ভাবধন্য ১৯৫৮ সুইডেন বিশ্বকাপেই ব্রাজিলের পাঁচ শিরোপার প্রথমটি।
আট বছর আগেই যেটি জেতার কথা ছিল। ফাইনালবিহীন একমাত্র বিশ্বকাপে ব্রাজিল-উরুগুয়ে শেষ ম্যাচটি যখন অলিখিত ফাইনাল হয়ে গেল, আগাম জয়োৎসব শুরু হয়ে গিয়েছিল ব্রাজিলে। উল্টো জন্ম হলো ‘মারাকানাজো’র। ৬৪ বছর পর সেই মারাকানায় আবারও বিশ্বকাপের মীমাংসা। কী আশ্চর্য, ১৯৫০ সালের মহা আলোচিত সেই ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের খেলোয়াড়দের মধ্যে একজনই শুধু বেঁচে আছেন তা দেখতে। আশ্চর্য এটা নয়; আশ্চর্য হলো, সেই একজনের নাম আলসিডেস ঘিগিয়া। দুই লাখ ছুুঁই-ছুঁই দর্শককে স্তব্ধ করে দিয়েছিল যাঁর গোল।
৪.
মাত্র তিন দিনের জন্য তারিখটা মিলল না। ১৯৫০ বিশ্বকাপের শিরোপা-নির্ধারণী ম্যাচটা হয়েছিল ১৬ জুলাই, এবার ফাইনাল হচ্ছে ১৩ জুলাই। ‘মারাকানাজো’কে কবর দিয়ে সেদিন কি আবার হলুদ-সবুজ হয়ে যাবে বিশ্বকাপের রং?
৬৪ বছর আগে-পরে সেই ব্রাজিল, সেই মারাকানা—ট্রফি নিয়ে উল্লাস করছেন নেইমাররা। না, বড় বেশি রূপকথা-রূপকথা মনে হয়! তা হয়, তবে স্বাগতিক হিসেবে একটা বিশ্বকাপ কিন্তু ব্রাজিলের পাওনা হয়ে আছে। একাধিকবার বিশ্বকাপজয়ী দেশগুলোর মধ্যে শুধু ব্রাজিলই কখনো নিজেদের দেশে জেতেনি। গতবার স্পেন না জিতলে ‘একাধিকবার’ শব্দটাও ব্যবহার করার প্রয়োজন পড়ত না।
গ্রুপ পর্বে ওলট-পালট হলে এই স্পেনের সঙ্গে দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিলের দেখা হয়ে যেতে পারে। স্পেন আর হল্যান্ডের ‘বি’ গ্রুপ জেতার সবচেয়ে বড় তাড়না দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়ানো। ব্রাজিলেরও কি ভয় নেই? দ্বিতীয় রাউন্ডে হয় স্পেন নয় হল্যান্ড (চিলি না আবার এই হিসাব উল্টে দেয়)! এক দল বর্তমান চ্যাম্পিয়ন। অন্যটির কাছে হেরেই গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়। ১৯৯৪ বিশ্বকাপে ২৪ বছরের শিরোপা-খরা ঘোচানোর পর পরের দুটি বিশ্বকাপেরও ফাইনাল খেলেছে ব্রাজিল। এরপর গত দুটি বিশ্বকাপেই আটকে গেছে কোয়ার্টার ফাইনালে। এবার বড় ‘ফাঁড়া’টা মনে হচ্ছে দ্বিতীয় রাউন্ডেই।
বিশ্বকাপ কখনো ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখেনি। এবার কিন্তু ড্র সেই বন্দোবস্ত করে রেখেছে। সত্যি সত্যি যদি সেটি

হয়েই যায়, বাংলাদেশের অবস্থাটা দেখার মতো হবে। মারাকানায় বসে ওই দুই দেশের সাংবাদিকদের বলব, এখানে তো যথেষ্টই শান্তি বিরাজ করছে। বাংলাদেশে থাকলে বুঝতে ব্রাজিল-আর্জেন্টিনা মানে কী!
যুক্তি দিয়ে বোঝাতে পারব না, জার্মানি কিন্তু আবারও উঁকি দিচ্ছে মনে। একটা সময় ছিল, জার্মানি যত জঘন্য খেলত, ততই জিতত। গত কিছুদিন সেই জার্মানি যেন অতীতের হল্যান্ড। ভালো খেলবে, কিন্তু জিতবে না। ১৯৬৬ থেকে ১৯৯০ পর্যন্ত ৭টি বিশ্বকাপের ৫টিরই ফাইনালে ছিল জার্মানরা। ১৯৮২ থেকে টানা তিনটির। ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্টইচকভের ফ্রি-কিক আর টেকো মাথার লেচকভের হেডে শুরু শনির দশা কাটাতেও বেশি সময় লাগেনি। ২০০২ সালে আবার ফাইনালে জার্মানি। গত দুটি বিশ্বকাপে সেমিফাইনালে আটকে যাওয়ার কারণেই হয়তো ‘দান দান তিন দান’ কথাটা বড় বেশি মনে হচ্ছে। সত্যিই যদি তা হয়, তাহলে এবার ফাইনালে ব্রাজিল থাকে না। কারণ, অঘটনের ঝড় সব এলোমেলো করে না দিলে এই বিশ্বকাপের একটা সেমিফাইনাল হওয়ার কথা ব্রাজিল-জার্মানি। সেমিফাইনালে প্রতিপক্ষ দুই দলেরই যে ফাইনালে ওঠা সম্ভব নয়, এটা বোধ হয় না বললেও চলছে। সবকিছু হিসাবমতো এগোলে অন্য সেমিফাইনালটিতে মুখোমুখি পড়ে যায় দুই ভিন্ন মহাদেশের একই ভাষাভাষী দুই দেশ। আর্জেন্টিনা ও স্পেন।
৫.
কিন্তু সবকিছু কি আর হিসাবমতো হয়! যা হওয়ার কথা, তা-ই হলে বিশ্বকাপ এমন অফুরান রহস্যের আধার হয়ে থাকত না। বিশ্বকাপ রহস্য করতে বড় ভালোবাসে। সব পূর্বানুমান উড়িয়ে দেওয়াতেই এর আনন্দ। নইলে গত পাঁচ-পাঁচটি বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য এমন দুঃখগাথা হয়ে থাকত না। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেরই ফাইনালে ছিল আর্জেন্টাইনরা। সেটিতে স্বপ্নভঙ্গের পর আরেকটি ফাইনালের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ৫৮ বছর। ঘরের মাঠে বিশ্বকাপ পর্যন্ত। সেটিতে মেনোত্তির দলে জায়গা না পেয়ে কেঁদে বুক ভাসিয়েছিল ১৭ বছরের যে তরুণ, বিশ্বকাপে আর্জেন্টিনার স্বর্ণালি ইতিহাসও লেখা হয়েছে তাঁরই পায়ে (ইংরেজরা অবশ্যই মনে করিয়ে দেবে, হাতেও বটে)। ১৯৮৬ ও ১৯৯০—পর পর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ম্যারাডোনার আর্জেন্টিনা। দুবারই প্রতিপক্ষ জার্মানি। পর পর দুটি বিশ্বকাপে দুই ফাইনালিস্ট অপরিবর্তিত থাকার ঘটনা এর আগে-পরে আর ঘটেনি। ম্যারাডোনাকে আরও মহিমান্বিত করে রাখতেই কি না এরপর আর্জেন্টিনার আর ফাইনালই খেলা হয়নি।
ঘরের পাশে ব্রাজিল, যাদের সঙ্গে ফুটবলীয় শত্রুতার প্রতীক হয়ে আছে ‘পেলে না ম্যারাডোনা’ বিতর্ক, সেখানে যদি আর্জেন্টিনার বিশ্বকাপ-খরা ঘোচে, সেটিও তো রূপকথার মতোই হবে।
এবারের বিশ্বকাপ স্পেনের জন্যও এমন রূপকথার হাতছানি। ইতালি ও ব্রাজিল ছাড়া আর কোনো দেশ বিশ্বকাপ ধরে রাখতে পারেনি। স্পেন কি পারবে? সত্তরের দশকে হল্যান্ডের ‘টোটাল ফুটবল’-এর পর সম্পূর্ণ নতুন কোনো ঘরানা যদি ফুটবলকে ভাসিয়ে নিয়ে থাকে, সেটি অবশ্যই স্পেনের টিকি-টাকা। কিন্তু ঘরানা-টরানা যা-ই বলুন, সেটির সার্থক রূপায়ণ তো নির্ভর করে খেলোয়াড়দের ওপর। টিকি-টাকার পতাকা ওড়ানো ইনিয়েস্তা-জাভিরা কি সেই আগের ইনিয়েস্তা-জাভি আছেন?
এমন কত প্রশ্নেরই না উত্তর নিয়ে অপেক্ষা করছে এই বিশ্বকাপ!
৬.
কিন্তু ৩৫ মিলিয়ন ডলার মূল্যের ‘কে জিতবে বিশ্বকাপ’ প্রশ্নটার উত্তর?
সরাসরি না হলেও এই লেখাতেই তা প্রচ্ছন্ন আছে। একটু কষ্ট করে না হয় খুঁজে নিন।