এমন শেষ ভাবেননি ব্রঙ্কহর্স্টও
আগেই জানিয়ে দিয়েছিলেন বুটজোড়া তুলে রাখবেন বিশ্বকাপের পর। জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট নকআউট পর্বের প্রতিটি ম্যাচই খেলতে নেমেছেন তাই একটা শঙ্কা নিয়ে, ‘এটাই হয়তো শেষ ম্যাচ!’প্রতিটি ম্যাচই ছিল ক্যারিয়ারটা আর একটি ম্যাচ দীর্ঘায়িত করার লড়াই। একটি একটি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে হল্যান্ড। শেষ পর্যন্ত ব্রঙ্কহর্স্টের বিদায়টা হচ্ছে স্বপ্নের এক ম্যাচ দিয়ে—বিশ্বকাপ ফাইনাল!মনের কোণে এমন কোনো স্বপ্ন যে ছিল না, তা নয়। তবে ফাইনাল দিয়ে বিদায় নিতে পারবেন, এতটা ভাবার সাহস সব সময় হয়নি। ব্রঙ্কহর্স্ট তাই রীতিমতো অভিভূত, ‘আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ বিশ্বকাপের ফাইনাল, আর কী চাওয়ার থাকতে পারে! এর চেয়ে দারুণ কিছু হতে পারত না।’ ফাইনালে হারলে অবশ্য স্বপ্নের বিদায়টা দুঃস্বপ্নের মতো হয়ে যেতে পারে। তবে এই লেফটব্যাক আশা করছেন বিদায়টা হাসিমুখেই নিতে পারবেন, ‘আশা করি, এই ম্যাচটা হবে আমার জীবনের সুন্দরতম ম্যাচ। সবার জন্যই এটা জীবনের সবচেয়ে বড় ও সেরা ম্যাচ। সবাই নিজেকে উজাড় করে খেলবে।’ব্যক্তিগত একটি চ্যালেঞ্জে জয় অবশ্য এর মধ্যেই হয়ে গেছে। বয়স হয়ে গেছে ৩৫, ফেইনুর্দের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছেন এ মৌসুমেই। এই বয়সে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কতটুকু কার্যকর হতে পারবেন, এটা নিয়ে প্রশ্ন ছিল। জবাব দিয়েছেন প্রতিটি ম্যাচেই দারুণ খেলে। আর্সেনালের পুরোনো সতীর্থ থিয়েরি অঁরি, সল ক্যাম্পবেলরা টেক্সট মেসেজ পাঠিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সেমিফাইনালে তো দুর্দান্ত এক গোল করে দলের জয়ে রাখলেন সরাসরি অবদান। ওই গোলে এখনো মজে আছেন সাবেক ডাচ অধিনায়ক এবং এই দলের সহকারী কোচ ফ্রাঙ্ক ডি বোর, ‘অবিশ্বাস্য সুন্দর একটা গোল, শটটা ছিল একদম নিখুঁত। এভাবে শট নেওয়া মনে হয় আর কখনো সম্ভব নয়!’ ফাইনালটা হতে যাচ্ছে কমলা জার্সিতে ব্রঙ্কহর্স্টের ১০৬তম ম্যাচ। গোলরক্ষক ছাড়া অন্য খেলোয়াড়দের মধ্যে একমাত্র ডি বোরই জাতীয় দলের পক্ষে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন (১২০টি)।বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তিটা চমৎকার হতে পারে দেশকে অধরা বিশ্বকাপের শিরোপাটা এন দিতে পারলে। পেশাদার ফুটবলে পা রেখেছিলেন ১৭ বছর আগে, নিজ দেশে না পারলেও ক্লাব ফুটবলের শিরোপা জিতেছেন স্কটল্যান্ড, ইংল্যান্ড ও স্পেনে—রেঞ্জার্স, আর্সেনাল ও বার্সেলোনার হয়ে। বার্সার হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। শুধু হল্যান্ডের জার্সি গায়েই জেতা হয়নি কোনো শিরোপা। এই অতৃপ্তি ঘোচানোর সুযোগ এসেছে এবার। বিশ্বকাপটা যদি মাথার ওপর তুলে ধরার সুযোগ পান, তাহলে ব্রঙ্কহর্স্টের ক্যারিয়ারে অতৃপ্তি বলে আর কিছু থাকবে না। ওয়েবসাইট।