এমন হয়েই খুশি ধোনি
শুধু ব্যাটসম্যান হিসেবে হয়তো দলেই জায়গা পাবেন না। উইকেটরক্ষক হিসেবে ভারতেই তাঁর চেয়ে ভালো দু-একজন পাওয়া যেতে পারে। কিন্তু এই দুটিকে একসঙ্গে মেলান, সঙ্গে অধিনায়কত্ব—মহেন্দ্র সিং ধোনি এক পরিপূর্ণ প্যাকেজ। তাঁর চেয়ে ভালো আর কেউ আছে কি না সন্দেহ। ধোনি নিজেও মানছেন, তিনি কোনোটিতেই স্পেশালিস্ট নন। তবে ইচ্ছা আছে, একদিন স্পেশালিস্ট হবেন!প্রসঙ্গটি এসেছে জেফ ডুজনের একটি মন্তব্যের সূত্রে। সাবেক ওয়েস্ট ইন্ডিজ উইকেটরক্ষক সম্প্রতি বলেছেন, ‘অলরাউন্ডার’ ধোনির ভক্ত তিনি। ডুজনের মতো একজনের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ধোনি ছিলেন উচ্ছ্বসিত, ‘এটা আমার জন্য বড় একটা প্রশংসা। আমি যতটা না স্পেশালিস্ট, তার চেয়ে অনেক বেশি “প্যাকেজ”। আমি অসাধারণ ব্যাটসম্যানও নই, নই স্পেশালিস্ট উইকেটরক্ষকও। তাঁর প্রশংসায় আমি সত্যিই খুশি। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আশা করি, আমি ভালো করে যাব এবং স্পেশালিস্ট হওয়ার পথে এগিয়ে যাব। আশা করি, একদিন আমি স্পেশালিস্ট হব!’এই তো কদিন আগেই ইংল্যান্ড সফরে উইকেটের সামনে-পেছনে ব্যর্থতায় অনেকেই সমালোচনার শূলে চড়িয়েছিলেন ধোনিকে। জবাব দিয়েছেন পারফরম্যান্স দিয়েই। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ভূমিকাতেই তিনি সফল। একটা সমালোচনা অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গী। তাঁর ব্যাটিংয়ে সৌন্দর্যের লেশমাত্র নেই। কিপিংয়েও অনেক খুঁত। কিন্তু এমন ব্যাটিং দিয়েই তিনি সফল। খেলেছেন বিস্ফোরক ও দলের জন্য কার্যকর সব ইনিংস। এমন কিপিংয়েই তিনি ভারতের সর্বকালের সফলতম কিপার।ধোনিও কার্যকর হতে পেরেই খুশি, ‘মূল ব্যাপার হলো সব ঠিকঠাক করতে পারা। কীভাবে ক্যাচ নিলাম বা স্টাম্পিং করলাম, এটা কোনো ব্যাপার নয়। তেমনি দলের প্রয়োজনে রান করতে পারাটাই গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।