বিসিবিকে লম্বা একটা ধন্যবাদ দিলেন মুশফিকুর রহিম। ধন্যবাদের কারণ ‘লাইফ সাকসেস কোচ’ আজহার আলীর সঙ্গে ক্রিকেটারদের কথা বলার সুযোগ করে দেওয়া। তাঁর সঙ্গে কথা বলাটাকে দারুণ ‘উপভোগ্য’ মনে হয়েছে বাংলাদেশ অধিনায়কের কাছে।
‘আমি শুধু এটাই বলব, অসাধারণ এক অভিজ্ঞতা হলো। খুবই উপভোগ করেছি, বিশেষ করে ওয়ান টু ওয়ান পর্বটা’—কাল প্রথম আলোকে জানিয়েছেন মুশফিক। ‘ওয়ান টু ওয়ান’ পর্বে ক্রিকেটাররা অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন। আর ক্রিকেটীয় বিষয় তো ছিলই। একান্তই ব্যক্তিগত বলে সেসব প্রকাশ্যে না বলাই স্বাভাবিক। তবে কথা বলার অভিজ্ঞতা জানাতে তো আর দোষ নেই। মুশফিক বলছিলেন, ‘বেশ কিছু বিষয়েই কথা বলেছি তাঁর সঙ্গে। কথা বলে খুবই ভালো লেগেছে। সিদ্ধান্ত নিয়েছি, ব্যক্তিগতভাবে আমি তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব।’
আজহার আলী সবাইকে যে রকম আলোড়িত করে দিয়ে যাচ্ছেন, তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ হয়তো অনেকেই রাখবেন। কেউ কেউ তো তাঁর ই-মেইল ঠিকানা আর কানাডার ফোন নম্বরও রেখে দিয়েছেন। তবে মুশফিক মনে করেন, দলীয়ভাবেও এ ধরনের কার্যক্রম নিয়মিত করা উচিত, ‘আমার মনে হয়, পাঁচ বছরে একবার না হয়ে এটা নিয়মিত হওয়া উচিত। খুব ভালো হয় যদি প্রতিবছর আমরা কিছুদিনের জন্য এটা করতে পারি।’
একই সুর অন্য ক্রিকেটারদের কণ্ঠেও। সাজেদুল ইসলাম যেমন বললেন, ‘অন্যান্য প্র্যাকটিসের মতো এটাও নিয়মিত হওয়া উচিত। যত দিন যাবে, নিত্যনতুন সমস্যা আসবে। তাই নিত্যনতুন সমাধানও দরকার।’ দলীয় সেশনের পর কাল আলাদাভাবে কথা বলে ব্যাপারটাকে আরও কার্যকর মনে হয়েছে জাতীয় দলের এই পেসারের কাছে, ‘যার যেখানে সমস্যা, সে অনুযায়ী উনি আমাদের কিছু টেকনিক শিখিয়ে দিয়েছেন...অনেকটা নিজের সঙ্গে কথা বলার মতো। এসব আমরা মাঠ এবং মাঠের বাইরে চর্চা করব।’
একই রকম অনুপ্রাণিত বোধ করছেন আরেক পেসার রবিউল ইসলামও, ‘উনি যেভাবে বলেছেন, সেভাবে নিয়মিত অনুশীলন করলে আমার বিশ্বাস ভালো কিছু হবে। আমি বলেছিলাম, দুটি সিরিজে ভালো খেলার পর পরের দুটি সিরিজ আমার ভালো কাটেনি। উনি তখন ধারাবাহিকতা ধরে রাখার মতো আত্মবিশ্বাসী হতে আমাকে কিছু জিনিস চর্চা করতে বললেন।’
এই তিন দিনে অভিজ্ঞতা আজহার আলীরও কম হয়নি। তবে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে অপ্রত্যাশিত কিছু খুঁজে পাননি কানাডা-প্রবাসী এই বাংলাদেশি। উদাহরণ হিসেবে টানলেন ক্রিকেটারদের কোথায় ঘাটতি, সেই প্রসঙ্গটা, ‘আমার বিশ্বাস ছিল, ওরা টেকনিক্যাল দিক দিয়ে খুব বেশি পিছিয়ে নেই। এখানে এসেও দেখেছি, সমস্যাটা মনে, তাদের পক্ষে যে বড় কিছু করা সম্ভব, এই বিশ্বাসটাই অনেকের মধ্যে নেই।’
মুশফিকের কাছে তাঁর প্রশ্ন ছিল, টেকনিকের দিক দিয়ে অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য কতটুকু। মুশফিক বলেছেন, ‘৭৫ ভাগ। ফিটনেসের বেলায় ৭০-৮০ ভাগ।’ শুনে আজহার আলীর পাল্টা প্রশ্ন, ‘এ দুটিতে বড় দলগুলোর এত কাছে থাকার পরও কেন পারছে না ওরা?’ উত্তরটাও দিয়েছেন নিজেই, ‘এখানেই আত্মবিশ্বাসের প্রশ্নটা আসে। ওরা নিজেদের বড় ভাবতে পারছে না। আর যতক্ষণ না আপনি মানসিকভাবে সেটা পারছেন, ততক্ষণ শারীরিকভাবেও পারবেন না।’
দলীয়ভাবে মোট ৩২ জন ক্রিকেটার আজহার আলীর ক্লাসে অংশ নিলেও একান্তে কথা বলতে চেয়েছিলেন ২০ জন। কিন্তু সময়ের স্বল্পতার কারণে তিনি সময় দিতে পেরেছেন ১৫ জনকে। আর মুশফিক, তামিম ও নাসির তো আগেই আলাদা কথা বলেছেন। ব্যক্তিগত সেশনগুলোতে প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্যের কথা জেনে সে অনুযায়ী প্রত্যেককে আগামী তিন মাসের জন্য আলাদা আলাদা রুটিনও করে দিয়েছেন আজহার আলী। সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন তাঁরা সেসব চর্চা করবেন।
কিন্তু তিন মাস পর কী হবে? আজহার আলীর সহজ উত্তর, ‘তিন মাস টানা প্র্যাকটিস করে যেতে পারলে ব্যাপারটা তাদের অভ্যাসে পরিণত হবে।’
ক্রিকেটাররা চাইলেও পেশাগত দায়িত্বের কারণে আজহার আলী নিজেই নিশ্চিত নন যে আবারও বাংলাদেশ দলকে সময় দেওয়া সম্ভব কি না। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কথা শুনে মনে হলো, ক্রিকেটারদের মনের শক্তি বাড়াতে ভবিষ্যতেও তাঁর দরজায় কড়া নাড়তে পারে বিসিবি, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। ওরা ব্যাপারটাতে খুব খুশি। যদি আমরা এর ইতিবাচক ফলাফল দেখি, বোর্ডের সঙ্গে কথা বলে আমি চেষ্টা করব আবারও ওনাকে আনতে।’