এমনই থাকবেন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকো-বাধা পেরোনো গেছে। হল্যান্ডের এখনকার বাধার নাম কোস্টারিকা। তার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ডার্ক কাউট, আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডাররা। রিও ডি জেনিরোতে দলের অনুশীলনের ছবি সেটাই তো বলে l রয়টার্স
মেক্সিকো-বাধা পেরোনো গেছে। হল্যান্ডের এখনকার বাধার নাম কোস্টারিকা। তার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ডার্ক কাউট, আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডাররা। রিও ডি জেনিরোতে দলের অনুশীলনের ছবি সেটাই তো বলে l রয়টার্স

মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরার চোখে তিনি প্রতারক। ফুটবল বিশ্বের বেশির ভাগের চোখে ‘ডাইভার’, নিখুঁত অভিনেতা, অতি নাটুকে। তবে আরিয়েন রোবেন নিজে নিজেকে মনে করছেন অতি সৎ। ডাচ উইঙ্গারের ধারণা, অতি সৎ হয়ে ডাইভিংয়ের কথা স্বীকার করেছেন বলেই নাকি এত বিপত্তি!
তবে যে ডাইভিংয়ের কথা স্বীকার করেননি রোবেন, হইচই চলছে সেটা নিয়েই। যেটির কথা স্বীকার করেছেন, সেটি নিয়ে আলোচনাই নেই! মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোবেনকে করা রাফায়েল মার্কেজের ফাউলে পেনাল্টি পায় হল্যান্ড। সেই গোলেই উঠে আসে কোয়ার্টার ফাইনালে। টিভি রিপ্লেতে দেখা গেছে, মার্কেজের প্রসারিত পা রোবেনের পায়ের অগ্রভাগ ছুঁলেও রোবেন মুখ থুবড়ে পড়ে যান অতি নাটকীয়ভাবে। ম্যাচ শেষে ডাচ টেলিভিশনকে রোবেন বলেন, ‘প্রথমার্ধে একবার ডাইভ দিয়েছিলাম আমি। সেটার জন্য ক্ষমাপ্রার্থী, মোটেও উচিত হয়নি। তবে শেষের পেনাল্টি নিয়ে কোনো সংশয় নেই।’
তাতে গোলমাল বেড়েছে বই কমেনি। মেক্সিকো অধিনায়ক মার্কেজ, কোচ হেরেরা তো ধুয়ে দিয়েছেন রোবেনকে। এসব দেখেশুনে আবার চোখ কপালে উঠছে ডাচ উইঙ্গারের, ‘যা চলছে, তা খুবই হতাশার। ম্যাচ শেষে সাক্ষাৎকারে আমি সৎ থেকেই কথা বলেছি। আমি সব সময়ই সৎ থাকতে পছন্দ করি। এ জন্যই বলেছিলাম, প্রথমার্ধে আমি একবার ডাইভ দিয়েছিলাম। হয়তো সৎ থাকার শাস্তিই পেতে হচ্ছে।’
ডাইভিংয়ের দুর্নাম সঙ্গী তাঁর ক্যারিয়ারজুড়েই। স্বীকারোক্তি নিশ্চিতভাবেই ঘি ঢেলেছে ডাইভিং বিতর্কের আগুনে। তবে এসব দেখে চরম বিরক্ত রোবেন, ‘আবার বলছি আমার ওভাবে ডাইভ দেওয়া উচিত হয়নি। কিন্তু আমার ওই ডাইভ তো ম্যাচে কোনো প্রভাব ফেলেনি! পেনাল্টি যেটি হয়েছে, সেটি ছিল পরিষ্কার পেনাল্টি। শুধু ওইটাই নয়, আরেকটি পেনাল্টিও পেতে পারতাম আমরা, দেওয়া হয়নি।সেটা নিয়ে তো কিছু বলছি না! এসব নিয়ে আমি আর কথাই বলতে চাই না।’
বলতে না চাইলেই তো আর হয় না।সাংবাদিকেরা তো ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন করবেই। উঠল ফিফার শাস্তির প্রসঙ্গও। নিজেই ডাইভিংয়ের কথা স্বীকার করেছেন। ফিফার শাস্তির ভয় নেই? মনে যা-ই থাকুক, রোবেন মুখে বললেন ‘মোটেও না। কেন ভয় পাব?’
তিনি শাস্তির কারণ খুঁজে না পেলেও ফিফা কিন্তু ঠিকই লক্ষ রেখেছিল। ফিফার মিডিয়া-প্রধান ডেলিয়া ফিশার বলেছিলেন, ঘটনা পর্যালোচনা করে ব্যবস্থা নেবে ফিফা। শেষ পর্যন্ত অবশ্য বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে না রোবেনকে।
তবে এত হইচইয়ের পরও ভাবান্তর নেই রোবেনের। পরিষ্কার জানিয়ে দিয়েছেন থাকবেন নিজের মতোই, ‘আমি কখনোই নিজেকে বদলাতে চাই না। বদলাব না। আমি এমনই এবং আমার কাছে এটাই ভালো।’ ফিফাডটকম, গোলডটকম।