এমপি হলেন শচীন
ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে আজ সোমবার শপথবাক্য পাঠ করেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।গত ২৭ এপ্রিল শচীনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। শচীনও এতে আপত্তি করেননি। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকায় রাজ্যসভার প্রধান হামিদ আনসারির দপ্তরে শপথ নেন শচীন। শপথের জন্য নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে প্রতিমন্ত্রী রাজীব শুক্লাকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট ভবনে উপস্থিত হন শচীন। তিনি শপথবাক্য পাঠ করেন হিন্দিতে।রাজনীতি নাকি ক্রিকেট—এখন কোনটা সামলাবেন শচীন টেন্ডুলকার? প্রশ্নটা শুরু থেকেই করে আসছিলেন সমালোচকেরা। শুরুতে এ নিয়ে নীরব থাকলেও গত ১ মে পুনেতে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নীরবতা ভেঙে শচীন বলেছিলেন, ‘আমি রাজনীতিবিদ নই। আমি এখনো খেলোয়াড় আর এই পরিচয় নিয়েই থাকতে চাই। রাজনীতির জন্য ক্রিকেট ছাড়ছি না।’আজ রাজ্যসভায় শপথবাক্য পাঠ করার পরও আগের কথারই পুনরাবৃত্তি করেন শচীন। জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁর কাছে ক্রিকেটটাই আগে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পার্লামেন্টের কাজে মনোনিবেশ করবেন তিনি।‘...ক্রিকেটের জন্যই এখানে এসেছি। ক্রিকেটের বাইরে অন্য কিছুতে নিজের লক্ষ্য নিবিষ্ট করতে পারি না আমি। জানি না, কবে অন্যকিছুতে মনোনিবেশ করতে পারব’—বলেছেন শচীন।পার্লামেন্টের সদস্য হওয়ায় তাঁর অবসর নিয়ে যে গুঞ্জন চলছে, এ সম্পর্কে শচীন বলেন, ‘এ গুঞ্জনটা চলুক, এটা আমি চাই না। সবাইকে জানাতে চাই, আমার কাছে সবার আগে ক্রিকেট।’শচীন বলেন, ‘আমি মনোনীত সদস্য। কারও কাছে গিয়ে বলিনি, আমি রাজ্যসভার সদস্য হতে চাই। এটা সম্মানের, যেটা আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি।’শচীনকে শপথবাক্য পাঠ করানো ‘বিশেষ’ কিছু কি না, এ প্রশ্নের জবাবে হামিদ আনসারি বলেন, সব শপথই একই ধরনের। সব সদস্যই সমান।