এমসিসির দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে বাদ দিয়ে এমসিসির আফগানিস্তান সফরে যাওয়ার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রশিদ লতিফ। সাবেক পাকিস্তানি অধিনায়ক এমসিসির সিদ্ধান্তকে ‘দ্বিচারিতা’ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। একসময় কোচ ছিলেন আফগানিস্তানের। সেখানকার পরিস্থিতিও তাই ভালোই জানা আছে লতিফের। পরশু করাচিতে এএফপির কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন সেটাও, ‘এমসিসির এই দ্বিমুখী আচরণে আমি স্তম্ভিত। যুদ্ধের কারণে আফগানিস্তান দলই তো দেশে অনুশীলন করে না। সেখানে এমসিসি পাকিস্তানকে বাদ দিয়ে কাবুল সফরের পরিকল্পনা করছে।’গত বুধবার বিবিসি রেডিওকে এমসিসির সভাপতি ফিলিপ হডসন ক্রিকেটের আদিতম ক্লাবটির আফগানিস্তান সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন। সেখানেই বলেছিলেন, তাঁর চোখে পাকিস্তানের চেয়ে আফগানিস্তানই বেশি নিরাপদ।২০০৯ সালে শ্রীলঙ্কান দলের ওপর জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নেই পাকিস্তানে। ভিনদেশকে ঘর বানিয়েই খেলছে তারা। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে এমসিসির সফর ভালো ভূমিকা রাখতে পারত। এ কারণেই লতিফের আক্ষেপটা আরও বেশি, ‘পাকিস্তানের দরকার আরও বেশি সমর্থন। এমসিসি এখানে এলে পুরো ক্রিকেট বিশ্বেই তা ভালো একটা বার্তা পাঠাত।’ সেটি পাঠাতে রশিদ লতিফ নিজেই উদ্যোগী হয়েছেন। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষক চেষ্টা করছেন বিদেশি কোনো দলকে পাকিস্তানে আনতে। ইংল্যান্ডের শৌখিন ক্রিকেট দল ল্যাশিংসে খেলেন লতিফ। পিসিবি চাইলে সেই দলটাকে সাত দিনের মধ্যেই পাকিস্তানে এনে হাজির করতে পারবেন বলেই আত্মবিশ্বাসী তিনি। ল্যাশিংসের মালিক ডেভিড ফোলবোও চাইছেন দল নিয়ে পাকিস্তানে আসতে। পিসিবি চাইলে খুশিমনেই তাঁরা বিমানে উঠবেন বলে ক্রিকইনফোকে জানিয়েছেন ফোলবো।ওদিকে পিসিবি দাবি করেছে, ‘ব্রিটিশ ইউনিভার্সিটিজ’ নামের একটি দল ২ এপ্রিল পা রাখছে পাকিস্তানে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সফরকারীরা আগামী ৪ ও ৬ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি অনূর্ধ্ব-১৯ একাদশের সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। বিজ্ঞপ্তিতে ছিল ওই দলটির খেলোয়াড়ের তালিকাও। যেখানে এমসিসির সভাপতি ফিলিপ হডসনের ছেলে উইল হডসনসহ এমসিসির অনেক সদস্যের নাম আছে।তবে ঘটনা হচ্ছে, এই দলটির সঙ্গে এমসিসি কিংবা ব্রিটিশ ইউনিভার্সিটিজ—কারোরই অফিশিয়াল কোনো যোগাযোগ নেই। দলের সদস্যরা হয় এমসিসির সাবেক সদস্য অথবা একসময় খেলেছেন ব্রিটিশ ইউনিভার্সিটিজের হয়ে। এ ছাড়া ক্রিকইনফো জানানোর আগে ওই সংগঠন দুটি জানতই না এই দলটার কথা। আর সফরটা হচ্ছে নাকি পুরোপুরিই খেলোয়াড়দের ব্যক্তিগত অর্থে।পাকিস্তানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে পিসিবি কতটা মরিয়া, সেটারই প্রকাশ ঘটেছে এতে। এপ্রিলে বাংলাদেশের সফরের কথা থাকলেও ঝুলে আছে সিদ্ধান্তটি। তাই হয়তো দেশকে নিরাপদ প্রমাণ করতে যেকোনো মানের বিদেশি দলকেই স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান। এএফপি, ক্রিকইনফো।