এমিলি-এনামুলের ‘বনবাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই স্ট্রাইকারকে এখন ‘বনবাসে’ পাঠিয়ে দিতে পারে শেখ জামাল ধানমন্ডি। দিতে পারে কী, তাঁরা তো বনবাসেই আছেন! বাংলাদেশ লিগের ছয় ম্যাচ শেষ। অথচ দলের মূল দুই স্ট্রাইকারের গোলের খাতা এখনো শূন্য! তার পরও সবচেয়ে বড় বাজেটের দলটির কাল টানা দ্বিতীয় এবং ছয় ম্যাচে তৃতীয় জয় পাওয়াটাকে অনেক মনে হচ্ছে!টানা ১০ ম্যাচে গোলবিহীন এমিলি। সংখ্যাতত্ত্বে এনামুলের অবস্থা অত খারাপ নয়, বাংলাদেশ লিগেই গোলের দেখা পাননি। এর আগে ফেডারেশন কাপে এনামুল করেছেন ৬ গোল, এমিলি ২টি। স্ট্রাইকারদের নিজেকে হারিয়ে খোঁজার মধ্যেই কাল ফেনী সকারের বিপক্ষে শেখ জামালকে উদ্ধার করলেন মিডফিল্ডার মামুনুল। ম্যাচের একমাত্র গোলটি তাঁরই।‘পাকির আলী’ পর্বে এটি শেখ জামালের দ্বিতীয় ম্যাচ। গত ১৭ জানুয়ারি ঢাকায় এসে ওই দিনই তারায় ভরা দলের পতন দেখেছেন আরামবাগের কাছে। দলের পঞ্চম আর নিজের প্রথম ম্যাচেই ফরাশগঞ্জের বিপক্ষে ২-০ জয় পেয়েছেন পাকির আলী। কালও জয় পেলেন নতুন কোচ, তবে উজ্জ্বল ছিল না এ জয়। ফেনী সকার ম্যাচটা ড্র করে ফেলতে পারত।জামাল নামে যতটা কেটেছে, সিকিভাগও ধারে কাটতে না পারায় দু-তিনবার গোলমুখ প্রায় খুলেই ফেলেছিল সকার। কিন্তু আবু ইউসুফের দল সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। হারের আগেই হেরে বসা দল আর কী-ই বা করতে পারে!এ কারণেই কিনা ৯ মিনিটেই শাকিলের ঠেলে দেওয়া বল আলতো টোকায় ১-০ করে ফেলেন জামালের মামুনুল। এরপর আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। খেলায় না ছিল উত্তাপ, না ছিল দেখার মতো কিছু।পাকির আলী ওসব নিয়ে ভাববেন কেন! ৩ পয়েন্ট পাওয়াই তাঁর কাছে বড়। সার্বিয়ান ডিফেন্ডার ড্রাগন যখন মাঠ থেকে বেরোচ্ছিলেন, তখন পাকির তাঁর পিঠ চাপড়ে দিলেন, ‘থ্রি পয়েন্ট এনাফ ম্যান। ওয়েল প্লেড।’ড্রাগন, শাকিল, মামুনুলসহ শেখ জামালের আরও দু-একজনের খেলায় হয়তো কোচ খুশি হতে পারেন, কিন্তু বাকিদের অবস্থা ভালো নয়। নিজেদের আলাদা করার মতো কিছুই নেই তাঁদের খেলায়। বিশেষ করে মূল দুই স্ট্রাইকারের গোল-খরা দেখে উদ্বিগ্ন কোচ। তবে ভরসা রাখতে চান, ‘আশা করি, ধীরে ধীরে সমস্যাটা কাটিয়ে উঠবে দুজনই। এটা সময়ের ব্যাপার মাত্র।’সময় শেখ জামালকে কোথায় নিয়ে দাঁড় করায় কে বলতে পারে! তবে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে শেখ জামাল। সমান ম্যাচে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৫, আবাহনীর ১৩, শেখ রাসেলের ১১, মোহামেডানের ৯। ফেনী সকারের মাত্র ৩।শেখ জামাল: আমিনুল, ড্রাগন, সুজন, নাসির, মিশু, মোডো, মামুনুল, শাকিল, কমল (সবুজ), এনামুল (জাহিদ), এমিলি।ফেনী সকার: পিরু, শাহিনুর, শিপন, নাদের, ভিক্টর, নয়ন, সোহেল, সাইফ (আলাউদ্দিন), তৌহিদ, বুলবুল (পলাশ), ডোমিনিক।