এমিলি-ওতোজেরেরি লড়াই
দুজনই স্ট্রাইকার। নিজ নিজ দলের গোল-ভরসা। আবার তাঁদের নিজেদের মধ্যেও একটা লড়াই আছে। জাহিদ হাসান এমিলি ফেডারেশন কাপের সেমিফাইনাল পর্যন্ত পাঁচ ম্যাচে ৬ গোল করেছেন। মাইক ওতোজেরেরির গোল ৫টি। ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেষ্টা তো দুজন করবেনই। তবে দলের জয়ই দুই দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ।গত দুই মৌসুম ভালো কটেনি এমিলির। এবার শেখ রাসেলে এসে গোল পাওয়ায় তাঁর আত্মবিশ্বাস বেড়েছে অনেক। কোচ মারুফুল হকের পছন্দের ছক ৪-২-৩-১। এই ফর্মেশনের কারণে এমিলি ও জাহিদ খেলেন দুই পাশে, উইংয়ে। ডানে জাহিদ, বাঁয়ে এমিলি। মাঝখানে হাইতির সনি নর্দে। একক স্ট্রাইকার মরক্কোর কাশেম। কাশেম গোল বেশি না পেলেও প্রচুর পরিশ্রম করছেন। যে কারণে গোল আসছে। শেখ রাসেল পাঁচ ম্যাচে গোল করেছে ১৫টি।আজ জাহিদ নেই, তাঁর জায়গায় মিঠুন খেলতে পারেন। জাহিদ না থাকায় মনটা একটু খারাপ এমিলির, ‘সত্যি কথা বলতে এবার যে আমি গোল পাচ্ছি, এর অন্যতম একটা কারণ জাহিদের সহযোগিতা। ও অনেক বল তৈরি করে দিচ্ছে। আমরা বিকেএসপি থেকে একসঙ্গে খেলে আসার কারণে আমাদের বোঝাপড়া খুব ভালো। তবে ফাইনালে ও না থাকলেও মিঠুন খেললে ওর সঙ্গেও বোঝাপড়া ভালো হবে আশা করি।’ফাইনালে সঙ্গীহারা ওতোজেরেরিও। শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকার আজ পাশে পাচ্ছেন না তাঁরই স্বদেশি স্ট্রাইকার সানডেকে। এর ফলে ওতোজেরেরির ওপর বাড়তি দায়িত্ব থাকছে। ২২ বছরের এই চটপটে তরুণ সেই দায়িত্ব নিতে তৈরি, ‘আমার কাজ গোল করা। আশা করি, ফাইনালে গোল পাব এবং দলকে জেতাতে পারব।’পরশু শেখ জামাল-মুক্তিযোদ্ধা সেমিফাইনাল টিভিতে দেখেছেন এমিলি। ওতোজেরেরিকে দেখে এমিলির মনে হয়েছে, ‘ওর হেডিংটা ভালো দেখলাম। লম্বা খেলোয়াড়। হেড থেকে গোলও করেছে। তবে আমার মনে হয়, ওতোজেরেরিকে আটকাতে আমাদের রক্ষণভাগ সফল হবে।’এমিলির খেলা দেখেছেন ওতোজেরেরি। সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে শেষ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে জয়সূচক গোলটা করেন এমিলি। বাংলাদেশের সেরা স্ট্রাইকার সম্পর্কে ওতোজেরেরির কণ্ঠে সমীহ, ‘এমিলি ভালো স্ট্রাইকার। দলকে জেতানোর ক্ষমতা রাখে।’ বলতে বলতে তাঁর কণ্ঠে সতর্কবাণী, ‘আমাকে হেড করার সুযোগ দিলে প্রতিপক্ষের জন্য বিপদ আছে।’ হেডে ভালো এমিলিও।ফাইনালে এই দুজনেরই একজন হয়ে উঠতে পারেন নায়ক।