এমিলি-জাহিদের ‘মুক্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন প্রাণের বন্ধু। সদ্যসমাপ্ত বাংলাদেশ লিগটা একসঙ্গেই বেঞ্চে কাটিয়েছেন। জাহিদ হাসান এমিলি তবু কিছুটা খেলার সুযোগ পেয়েছেন, জাহিদ হোসেন মোটেই নয়। ক্লাব ফুটবলে উপেক্ষার শিকার দুই বন্ধুর মধ্যে আরেকটি মিল—দুজনই নিজেকে প্রমাণ করলেন পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে। স্ট্রাইকার এমিলি আর রাইট উইঙ্গার জাহিদ কাল তাই ফুরফুরে মেজাজেই ছিলেন। প্রথম মিনিটেই এমিলি, ২২ মিনিটে জাহিদ গোল করে বাংলাদেশের জয়টা নিশ্চিত করে ফেলেন পরশু। ক্লাব পর্যায়ে দলে তাঁদের জায়গাটা বিদেশিরা নিয়ে নিলেও জাতীয় দলে ভিন্ন চিত্র। এখনো জাতীয় দলে নিজ নিজ জায়গায় এমিলি-জাহিদ দলকে কিছু দিতে পারেন—এটি দেখালেন দুজনই।ঠিক এই কথাটাই কাল বারবার বললেন শেখ জামালের দুই খেলোয়াড়। এমিলি হোটেল লবিতে দাঁড়িয়ে বললেন, ‘লিগে সেভাবে সুযোগ না পেয়ে এই ম্যাচটির দিকে তাকিয়ে ছিলাম। ম্যাচ না খেললে যত বড় খেলোয়াড়ই হোক আত্মবিশ্বাস কমে যাবেই। নিজেকে তাই প্রমাণ করার জন্য মাঠে নেমেছিলাম। প্রথম মিনিটেই গোল পাওয়ায় আমার কনফিডেন্স বেড়ে যায় অনেক।’এমিলি জাতীয় দলের হয়ে সর্বশেষ গোল করেছিলেন ২০০৯ সাফ ফুটবলে। ভুটানের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছিলেন। তারপর দীর্ঘ বিরতি। অবশেষে এমিলি বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের এই ম্যাচে গোল পেলেন। আক্রমণ গড়তেও রেখেছেন অনেক ভূমিকা। নজরকাড়া ঝলক ছিল জাহিদের খেলায়ও। এই জয়ে বড় ভূমিকা জাহিদ-এমিলির।অথচ ঘরোয়া ফুটবলে তাঁরা উপেক্ষিত! টাঙ্গাইলের ছেলে জাহিদের মুখে কাল সেই উপেক্ষার জবাব দিতে পারার তৃপ্তি, ‘লিগে খেলতে পারিনি। মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। জেদ ছিল খেলে প্রমাণ দেব, আমি সাইড বেঞ্চের প্লেয়ার নই। তবে মাঠে একটু সমস্যা হচ্ছিল। শুরুতে ভয় পেয়ে গিয়েছিলাম। পারব তো? মাঝখান দিয়ে আমি ঢুকতে পারছিলাম না। কোচ আমাকে মাঝখান দিয়েই ঢুকতে বলেছেন এবং গোলটা সেভাবেই পেয়েছি।’জাহির-এমিলির খেলায় খুশি কোচ ইলিয়েভস্কি। বললেন, ‘দুজনই ভালো খেলোয়াড়। এমিলির আরও গোল করা উচিত ছিল। অথচ আমি শুনলাম, এরা লিগটা কাটিয়েছে বেঞ্চে। এটা জাতীয় দলের জন্যই খারাপ। যে কারণে জাহিদ ওপরে উঠে আর নিচে নামতে পারছিল না। কারণ ওর দম ফুরিয়ে যাচ্ছিল। আপস অ্যান্ড ডাউন হচ্ছিল।’‘বন্ধু এমিলির কাছে জাহিদের প্রত্যাশাও বেশি, এমিলি ছোটবেলা থেকেই আমার বন্ধু। ও এত ভালো খেলোয়াড়, ওকে কেন ক্লাব বসিয়ে রাখল বুঝি না। ও গত মার্চে মিয়ানমারে চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। মিয়ানমারের বিপক্ষে আমরা অসাধারণ খেলেছি, আমাদের ২-০ জয়ে দুটি গোলই এমিলির বানিয়ে দেওয়া। ক্যাপ্টেনই বসে কাটালে আমরা কীভাবে এগোব, বলুন?’দুই বন্ধুর সর্বশেষ খবর—এবারও দুজন একসঙ্গে যাচ্ছেন নতুন দলে। সঙ্গে নিয়ে যাচ্ছেন ‘মুক্তির আনন্দ’!