এমিলি-মিঠুনদের শাস্তি নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধের শাস্তি পেতেই হবে। জাহিদ হাসান (এমিলি), মিঠুন চৌধুরী, জাহিদ হোসেনের শাস্তি পাওয়া নিয়ে তাই কোনো প্রশ্ন নেই।তবে জাতীয় দলের এই তিন ফুটবলারের জন্য কেন ভুগবে তাঁদের ক্লাব—প্রশ্ন ওঠাটা অযৌক্তিক নয়। উঠেছেও। কেননা তাঁরা তিনজনই অপরাধ করেছেন জাতীয় দলের দায়িত্ব পালনকালে, কিন্তু শাস্তিটা আসলে পাচ্ছে ক্লাব।এমিলি ও মিঠুন আসন্ন মৌসুমে মুক্তিযোদ্ধায় নাম লেখাতে যাচ্ছেন। শুধু আনুষ্ঠানিকতাই বাকি। মুক্তিযোদ্ধার সঙ্গে চুক্তিপত্রে সই করে ফেলেছেন শেখ জামাল ছেড়ে যাওয়া এমিলি ও মুক্তিযোদ্ধাতেই গত মৌসুমে খেলা মিঠুন। জাহিদ শেখ জামাল ছেড়ে আবাহনীতে যোগ দেওয়া নিশ্চিত করেছেন।এমিলি ও মিঠুন সম্প্রতি জাতীয় দলের লেবানন সফরের আগের দিন মানিকগঞ্জে বিস্ময়করভাবে খেপ খেলতে গিয়েছিলেন। শাস্তি তাঁদের প্রাপ্যই। কিন্তু জাতীয় দলের শাস্তি ক্লাব কেন পাবে? প্রশ্ন মুক্তিযোদ্ধার ম্যানেজার আবদুস সাত্তারের, ‘এটা তো ঠিক হলো না। ওরা অন্যায় করলে বাফুফে শাস্তি দিক, তাই বলে এক ক্লাবের হয়ে খেলা নিষিদ্ধ করা ভালো সিদ্ধান্ত নয়।’এমিলি-মিঠুনকে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আগামী ঘরোয়া মৌসুমে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে। সঙ্গে দুই লাখ টাকা জরিমানা। অনাদায়ে আরও দুই ম্যাচ বহিষ্কৃত। একইভাবে জাহিদ দুই ম্যাচ নিষিদ্ধ, জরিমানা এক লাখ টাকা, অনাদায়ে আরও এক ম্যাচ নিষিদ্ধ।এ ঘোষণার পর মুক্তিযোদ্ধা ক্লাব কর্তৃপক্ষ এমিলি ও মিঠুনকে ডেকেছিল। তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে গোটা বিষয়টার। কারণ, দুই লাখ জরিমানা দিলেও মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে প্রথম পাঁচটি ম্যাচ বাইরে থাকবেন দলের অতিগুরুত্বপূর্ণ দুই সদস্য। জরিমানার টাকা না দিলে সাত ম্যাচ। এতে ক্লাব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।স্বাভাবিকভাবেই হতাশ তিন খেলোয়াড়। এমিলি তা ৎক্ষণিকভাবে বলেছেন, ‘আমাদের জন্য ক্লাব কেন ভুগবে?’ কাল বললেন, ‘আমরা বড় অন্যায়ই করেছিলাম। শাস্তি আমাদের হয়তো প্রাপ্য। কিন্তু ক্লাব ভুক্তভোগী হবে, এটা মানতে পারছি না। মেসিদের বরণ অনুষ্ঠান থেকে আমাদের দূরে রাখাতেই বড় শাস্তি পেয়ে গেছি। এরপর আর কোনো শাস্তি আশা করিনি।’মিঠুনের কথা, ‘আমরা জাতীয় দলের অধীনে থাকা অবস্থায় অপরাধ করেছি। তার জন্য ক্লাব ভুগবে কেন, বুঝতে পারছি না। ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছি কয়েকবার। এই শাস্তিটা কল্পনা করিনি।’জানা গেছে, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সম্মতি নিয়েই এই শাস্তি দিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাই বাফুফের সভায় এই শাস্তি অনুমোদিত না হওয়ার কারণ নেই। তা ছাড়া সাজাপ্রাপ্ত খেলোয়াড়দের আপিল করার সুযোগ রাখা হয়নি। তাই এটিকে চূড়ান্ত শাস্তি বলে ধরে নেওয়া যায়।ক্লাব কেন ভুক্তভোগী হবে, এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, ‘খেলোয়াড় কোনো ক্লাবের নয়, দেশের। খেলোয়াড়ের অপরাধের জন্য দেশ ভুগতে পারে না। তারা কোনো ক্লাবে আনুষ্ঠানিকভাবে নাম লেখায়নি। কাজেই তাদের কেউ নিতে চাইলে সেভাবে বুঝেশুনে চুক্তি করবে। ক্লাব প্রয়োজনে খেলোয়াড়ের কাছ থেকে জরিমানা নিতে পারে।’এই যুক্তি মানতে পারছেন না ব্রাদার্সের ম্যানেজার আমের খান। তাঁর কথা, ‘ওরা টাকার জন্যই তো খেপ খেলতে গেছে। উচিত ছিল মোটা অঙ্কের টাকা জরিমানা করা। তখন ক্লাব ওই টাকাটা ওদের থেকে কেটে নিত এবং ক্লাব ওদের মাঠে পেত সব ম্যাচে। ক্লাবকে ভুক্তভোগী বানানো মোটেও ঠিক হয়নি। বিশ্বে এই প্রক্রিয়ায় খেলোয়াড়ের শাস্তি হয় বলে জানা নেই।’জাতীয় দলে এই খেলোয়াড়দের অপরিহার্য মনে হয়েছে ব্যবস্থাপনা কমিটির। তাই জাতীয় দলে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসানুজ্জামান খান বলছেন, ‘জাতীয় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবে কোচ। ওটা আমরা কোচের ওপর ছেড়ে দিয়েছি। আর যেহেতু ওরা এখন ফ্রি প্লেয়ার, তাই ক্লাবে ওদের এই শাস্তি দেওয়া হয়েছে। যদিও আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।’শৃঙ্খলাভঙ্গ নিয়ে কঠোর অবস্থানের জন্য বাফুফে সমর্থন পাচ্ছে সব মহলেই। তার পরও কথা থেকে যায়—ক্লাব কেন ভুগবে?