এমিলি-মিঠুনে হাসল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্, লেবাননের দুটি গোল যদি কম খেত বাংলাদেশ!ইস্, কী যে একটা সুযোগ গেল! কাল রাতের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আফসোস আর আফসোস। বিশ্বকাপের মূল বাছাইপর্বে না যেতে পারার আক্ষেপ আর দুঃখ একাকার।এমনই হওয়ার কথা। লেবাননের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে আসা সেই বাংলাদেশই কাল ঘরের মাঠে অন্য এক দল। এবার লেবাননের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়, যে স্কোরলাইন বাংলাদেশের আধিপত্যটা ঠিকভাবে বোঝায় না। বোঝায় একটাই—এই রাতের বাংলাদেশ দলে আশ্চর্য রূপান্তর। লেবাননে অগোছালো, স্নায়ু হারিয়ে মাঠে দিশেহারা বাংলাদেশ রং পাল্টে নিজের মাঠে তরতাজা। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩-০ জয়ের কথা মনে রেখেও বলতে হচ্ছে, বহুদিন পর মনে রাখার মতো ফুটবল খেলল বাংলাদেশ। প্রথমার্ধে গোল পেয়ে গেলে, রেফারি একটি পেনাল্টির দাবি নাকচ না করলে এবং সর্বোপরি প্রতিপক্ষ গোলরক্ষক গোটা তিনেক অসাধারণ সেভ না করলে গল্পটা হয়তো অন্য রকমই হয়! যা হয়েছে তাতেই দুটি নাম আলাদা করে লেখা উচিত—এমিলি, মিঠুন। ২০ জুলাই লেবানন-যাত্রার ঠিক আগের দিন তাঁরা দুজন মানিকগঞ্জ গিয়েছিলেন ‘খেপ’ খেলতে। তারপর এই স্ট্রাইকারদ্বয়কে দল থেকে বাদ দেওয়ার কথাও হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে সেই পথে যায়নি বাফুফে। তবে দুজনের ওপরই ঝুলছিল শাস্তির খড়্গ। কাল এমিলি-মিঠুন নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করে দলকে এনে দিলেন স্মরণীয় এক জয়।রেকর্ডপত্র ঘেঁটে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের কোনো দলের বিপক্ষে এর আগে লাল-সবুজের সবচেয়ে ভালো ফল ছিল ১৯৭৯ সালে। ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে কাতারের সঙ্গে ১-১। তারপর কালকের ২-০-ই সেরা। লেবানিজরা দীর্ঘদেহী, বাতাসে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। কাল প্রথম মিনিট কুড়ি বাংলাদেশ দল বাতাসেই খেলতে গেল। কিন্তু একটি বলও জিততে পারেনি। এরপর মাটিতেই খেলার কৌশল এবং তখন থেকেই আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। শেষ মিনিট ত্রিশেক লেবানিজদের খুঁজেই পাওয়া যায়নি! একটা সময় তো বার্সেলোনার মতো সাজানো পাসের পসরাই দেখা গেল। চোখ কচলাতে হয়েছে, বাংলাদেশ তো! লেবাননে এখন ৩৯-৪৩ ডিগ্রি তাপমাত্রা, তবে আর্দ্রতা এখানে বেশি হওয়ায় লেবানিজরা সম্ভবত মানিয়ে নিতে পারেনি। তাদের কপাল ভালো, আগের ম্যাচে ৪টি গোল দিয়ে রেখেছিল, নইলে কাল প্রথমার্ধে গোলের দেখা পেয়ে গেলে কে বলতে পারে ইলিয়েভস্কির দল ৪-০ করতে পারত না!এমিলি-মিঠুন যা করেছেন, সেটিও কম নয়। ৫২ মিনিটে মিঠুন একক প্রচেষ্টায় অসাধারণ গোল করলেন। তাঁর শট লেবানন গোলরক্ষক ইলিয়াস ঠেকালেও অনেকটা দৌড়ে ফিরতি শটে সেই মিঠুন ঠান্ডা মাথায় আলতো শটে গোল এনে দিলেন।এমিলি গোল পেলেন ৮৭ মিনিটে। বদলি ফরোয়ার্ড কোমলের ক্রসে এমিলির হেডে ২-০। এটি পরিকল্পিত আক্রমণের ফসল। খেলোয়াড়েরা নিজেদের উদ্বুদ্ধ করলে কী করা সম্ভব, সেটি ভালোমতোই বোঝা গেল। শতভাগের চেয়েও এদিন মাঠে বেশি দিয়েছেন সুজন-আরিফরা।গোলরক্ষক মামুন খান তো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বিপ্লবকে বসিয়ে রেখে তাঁর ওপর কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি মামুন। বাতাসে কয়েকটি বল গ্রিপ করেছেন ভালোভাবে, নইলে গোল খেয়ে যেতে পারত বাংলাদেশ। এমনি তো কোচ ইলিয়েভস্কি ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন না, ‘নতুন আমিনুল এসে গেছে!’ একটু পরই মামুনকে অভিনন্দন জানিয়ে আমিনুল বললেন, ‘দারুণ খেলছ, ওয়েলডান!’এই প্রশংসা গোটা বাংলাদেশ দলেরই প্রাপ্য। আর তা দিতে মোটেও কার্পণ্য করেননি গ্যালারিতে আসা ১০-১২ হাজার দর্শক। এমন রাত যদি বার বার আসত!বাংলাদেশ দল: মামুন, সুজন, আরিফ, রেজাউল (নাসির), মিশু, প্রাণতোষ (কোমল), মামুনুল, জাহিদ (শাকিল), রাজু, মিঠুন, এমিলি।