এমিলি-মিঠুনের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাংলাদেশ দল রওনা হবে লেবানন, আর আগের দিন বিকেলে কিনা বাংলাদেশ ফুটবল দলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ‘খ্যাপ’ খেলতে গেলেন মানিকগঞ্জে!কাল সকাল থেকে ভারী বৃষ্টির কারণে বিকেএসপিতে জাতীয় দলের অনুশীলন বন্ধ রেখে ছুটি দেওয়া হয় খেলোয়াড়দের। কয়েকজন খেলোয়াড় বিকেএসপি থেকে ঢাকায় আসেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। রাতেই তাঁদের বিকেএসপিতে ফিরে যেতে বলে দেওয়া হয়। আজ সকালে অনুশীলন শেষে সন্ধ্যায় জাতীয় দলের বিকেএসপি থেকে সরাসরি বিমানবন্দরে যাওয়ার কথা।কিন্তু কাল বিকেলে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে, দুই স্ট্রাইকার এমিলি ও মিঠুন মানিকগঞ্জে ‘খ্যাপ’ খেলতে গেছেন। স্থানীয় স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপের সেমিফাইনাল। তাতে মানিকগঞ্জ পৌরসভা দলের বিপক্ষে ৩০ হাজার টাকা করে পারিশ্রমিকে এমিলি-মিঠুন খেলেন হরিরামপুর উপজেলা দলের পক্ষে। প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, এমিলি ও মিঠুন যথাক্রমে সাগর ও আতিক নাম নিয়ে ম্যাচটার প্রথমার্ধ খেলেছেন। পরে জানাজানি হলে তাঁরা মাঠ থেকে উঠে ঢাকায় চলে যান।ডিসি গোল্ডকাপ আয়োজক কমিটির সদস্যসচিব সুদেব সাহা এই প্রতিবেদককে ফোনে বলেন, ‘এমিলি-মিঠুন তাঁদের পরিবার নিয়ে আজ (মঙ্গলবার) মানিকগঞ্জে এসেছিল। খেলোয়াড়ের তালিকায় ওদের নাম ছিল না, অন্য নাম নিয়ে ওরা খেলেছে। পরে জানাজানি হলে হাফটাইমের পর ওদের আর মাঠে দেখা যায়নি।’লেবাননকে হারাতে পারলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ার সেরা ২০-এ স্থান পাবে। জাতীয় দলের জন্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই খেলোয়াড়ের এভাবে ‘খ্যাপ’ খেলতে যাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ বাফুফের কর্মকর্তারা।মানিকগঞ্জের লোক বাফুফের সহসভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর ঘটনাটা জানতে পারেন এক সাংবাদিকের কাছ থেকে। হরিরামপুর দলটা তাঁর আশীর্বাদপুষ্ট। শওকত বাফুফে ভবনে এসে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, ‘আমি কয়েকজনকে ফোন করে ঘটনার সত্যতা পেয়েছি। জাতীয় দলের অনুশীলনের জন্যই আমরা সুপার কাপ বন্ধ করেছি। অথচ খেলোয়াড়েরা এভাবে খ্যাপ খেলতে যাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’এ সময় বাফুফে ভবনে ছুটে আসেন জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। তিনি মুঠোফোনে যোগাযোগ করেন এমিলি-মিঠুনের সঙ্গে। সাংবাদিক পরিবেষ্টিত অবস্থায় বাদল বলেন, ‘আমি এই মাত্র মিঠুনকে ফোন করেছি। সে বলেছে, মুক্তিযোদ্ধা ক্লাবে আছে। তবে মুক্তিযোদ্ধায় ফোন করে জেনেছি, সে সেখানে নেই। ঘটনার পূর্বাপর জেনে আমরা ব্যবস্থা নেব। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’এরপর জাতীয় দলের সহকারী কোচ গোলাম জিলানীকে দুই খেলোয়াড়ের খোঁজ নিতে বলেন বাদল। জিলানী বাদলকে জানান, ‘ভিক্টোরিয়া ক্লাবের বলবয় মোবারকের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, ওরা হাফটাইম পর্যন্ত খেলেছে (উল্লেখ্য, মোবারক ঢাকা থেকে কয়েকজন বিদেশি খেলোয়াড় নিয়ে মানিকগঞ্জে গিয়েছিল)।’ মজার ব্যাপার, এরপর জিলানী ডিফেন্ডার ওয়ালী ফয়সালকে ফোন করলে তিনি নাকি বলেন, মিঠুন-সুজনসহ তিনি নারায়ণগঞ্জে আছেন।শওকত আলী বলছিলেন, ‘জাতীয় দলে শৃঙ্খলা নেই। এ জন্য ব্যবস্থাপনা কমিটি দায়ী।’ বাদল রায়ের মুখেও ছিল তীব্র ক্ষোভ, ‘ঘটনাটা সত্য হলে ওদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও ক্ষুব্ধ, ‘আমি শুনেছি বিষয়টা। সত্য হলে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। এর শাস্তি পেতে হবে দুই খেলোয়াড়কে।’রাতেই বাফুফে ভবনে এমিলি-মিঠুনকে ডেকে পাঠায় বাফুফে। রাত সাড়ে আটটার দিকে মিঠুন সস্ত্রীক বাফুফে ভবনে আসেন। এমিলি আসেন নয়টার দিকে। সঙ্গে ছিলেন জাতীয় দলের আরও দুই খেলোয়াড় ওয়ালী ফয়সাল ও সুজন। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে এমিলি-মিঠুনের আলোচনাতেও ছিলেন তাঁরা। বেরিয়ে যাওয়ার সময় ওয়ালী জানান, ‘ওরা দুজনই ঘটনার কথা স্বীকার করেছে এবং মাফ চেয়েছে। ভবিষ্যতে এমন কিছু হবে না বলে অঙ্গীকারও করেছে।’