এমিলির কান্না
ফুটবল অঙ্গনে সম্রাট হোসেন এমিলি যেন বিস্মৃত এক মুখ। তবে এই নামটা শুনলে পুরোনো দিনের ফুটবল অনুরাগীরা নড়েচড়ে ওঠেন এখনো। জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন একসময়। সেই চেনা স্ট্রাইকারকে কাল অনেক বছর পর দেখা গেল বাফুফে ভবনে।
অনেকেই জেনে থাকবেন, এমিলির বাড়ি নারায়ণগঞ্জ। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। দিন চারেক আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা শামীম ওমসান তাঁর গায়ে হাত তুলেছেন বলে এমিলির অভিযোগ ছাপা হয়েছে জাতীয় পত্রিকায়। সেই ঘটনার পর কাল এমিলি বাফুফে ভবনে এসে কান্নায় ভেঙে পড়েন। তাঁকে সান্ত্বনা দেন সাবেক ফুটবলার আবদুল গাফফার, বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী প্রমুখ। পরে এমিলি দেখা করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও।
এমিলিকে শামীম ওসমানের মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে আজ আনুষ্ঠানিকভাবে কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান (জয়)।