
শেষ বাঁশি বাজতে মাত্র মিনিট চারেক বাকি। ফরোয়ার্ড এনকেওচা কিংসলের গোলে এগিয়ে মুক্তিযোদ্ধা। মোহামেডান শিবিরে তখন রাজ্যের নিস্তব্ধতা। বাকি সময়ে গোল শোধের জন্য মরণকামড় মোহামেডানের। মুক্তিযোদ্ধার খেলোয়াড়-কর্মকর্তারা তখন উত্সবের অপেক্ষায়। ঠিক তখনই পেনাল্টির ‘বিতর্কিত’ বাঁশি! এমিলির গোলে কোনো রকম হার এড়াল মোহামেডান। কয়েক সেকেন্ড পরই শেষ হলো খেলা। ড্র দিয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগটা শুরু করল সাদা-কালোরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ম্যাচে শুধু হারই এড়াল না মোহামেডান। পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তাও যেন হাফ ছেড়ে বাঁচলেন। নতুন চ্যালেঞ্জ নিতে ঢাকায় আসা কোচের শুরুটা বাজে হতে হতেও হলো না! কাগজে-কলমে মোহামেডান এগিয়ে থাকলেও বাস্তবে মুক্তিযোদ্ধাই বেশি শক্তিশালী। সেই সঙ্গে অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিকের কৌশল। সব মিলিয়ে দিনটা হয়তো মানিকেরই হতে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলেই ভন্ডুল হয়ে গেল সব। অবশ্য এই পেনাল্টি নিয়ে ম্যাচ শেষে যথেষ্ট আপত্তি তুললেন মানিক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা মোহামেডানের। টানা চার-পাঁচ-ছয়টা পাসে খেলা। মাটিতে বল রেখে আক্রমণে ওঠার চেষ্টা। জোনাল মার্কিংয়ে বিপক্ষকে রোখার জাল বোনা। নাছোড় আগুনে মেজাজ ওয়াহেদ আর জাহিদের। কিন্তু গোলমুখে গেলেই যেন খেই হারিয়ে ফেলছিলেন দুজনই। বিশেষ করে ওয়াহেদের দৃষ্টিকটু গোল মিসের মহড়ার সঙ্গে ভুল পাস ছিল অনেক। ম্যাচের ৩৭ মিনিটে মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমদু লিটনকে একা পেয়েও এমিলি বল তুলে দিলেন বারের ওপরে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক মোহামেডান। আর প্রতি-আক্রমণ থেকেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা মুক্তিযোদ্ধার। তবে শেষ ১০ মিনিট মুক্তিযোদ্ধার আক্রমণ সামলাতে জেরবার ছিল মোহামেডানের রক্ষণ। ৭৯ মিনিটে মুক্তিযোদ্ধার কিংসলের শট ক্রসবারে লেগে ফেরে, অবশ্য তার আগে বাজে অফসাইডের বাঁশি। আর ৮৬ মিনিটে আবারও সেই কিংসলে। এবার দুই ডিফেন্ডারের মাঝে দাঁড়ানো নাইজেরিয়ান মোহামেডানের আগুয়ান গোলরক্ষক মামুন খানকে ফাঁকি দিয়ে ডান পোস্টে পাঠান বল। গোল খেয়ে জ্বলে ওঠে মোহামেডান, গোল শোধে হয়ে ওঠে মরিয়া। এরপরই সেই নাটকীয়তার পেনাল্টি! যোগ হওয়া সময়ে বক্সের ভেতরে এমিলি বলটা বাড়িয়ে দেন জাহিদের উদ্দেশে। পেছন থেকে বেঞ্জামিনের বল দখলের চেষ্টা। কিন্তু কেউই বল ধরতে পারেননি, উল্টো রেফারির চোখে ধুলা দিয়ে পড়ে গেলেন জাহিদ! এমিলির পেনাল্টিতে সমতায় ফিরল মোহামেডান।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসেই মুক্তিযোদ্ধার কোচ দুষলেন রেফারিকে, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। শেষ মুহূর্তের গোলে পয়েন্ট খোয়াতে হলো। রেফারির ওই সিদ্ধান্ত আমার কাছে ভুল মনে হয়েছে। রেফারির আরও সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’