এমেকা দেখলেন ‘অন্য’ মোহামেডান
আশির দশকে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই আলো ছড়িয়েছেন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামেই আবারও দেখা গেল ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ইউজিগোকে। মোহামেডান পরিবারের পুনর্মিলনী উপলক্ষে ঢাকায় এলেও কালই প্রথম স্টেডিয়ামে সস্ত্রীক এসেছিলেন প্রিয় দলের খেলা দেখতে। ভিআইপি গ্যালারিতে বসে স্মৃতিকাতর হয়ে পড়লেন। পুরোনো দিনের দাপুটে মোহামেডানের বদলে কাল দেখলেন সাধারণ এক দলের মাঠময় দাপাদাপি। দলের জয় দেখে ফিরতে পারলেন না। বাংলাদেশ লিগে ব্রাদার্স ইউনিয়নের কাছে যে ৩-১ গোলে হারল সাদা-কালোরা।চলতি মৌসুমে শিরোপা দৌড়ে কখনোই ছিল না মোহামেডান। তবে ব্রাদার্সের সঙ্গে এই ম্যাচটা ছিল তাদের মর্যাদার লড়াই। কিন্তু এই মৌসুমে ব্রাদার্সের বিপক্ষে মুখোমুখি হওয়া আগের দুই ম্যাচের মতোই পরিণতি হলো। ফেডারেশন কাপ ও লিগের প্রথম পর্বে ২-০। কাল জিতে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান থেকে ব্রাদার্স উঠল পঞ্চম স্থানে। সমান ম্যাচে মোহামেডান ২১ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে ছয়ে।দুর্বল রক্ষণভাগ, অসংখ্য সুযোগ নষ্ট এবং অধিনায়ক মোহাম্মদ শরীফের অনুপস্থিতি ম্যাচে ভালোই প্রভাব ফেলল। প্রথমার্ধে দুই দল বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল পায়নি কেউই। তবে ৫১ মিনিটে তন্ময় হোসেন তরুর পাস থেকে দারুণ প্লেসিং শটে নাইজেরিয়ান কিংসলে করেছেন প্রথম গোল (১-০)। গোল খেয়ে একটু যেন আড়মোড়া ভেঙে জেগে ওঠে মোহামেডান, ৬৭ মিনিটে রুয়ান্ডার আমানির হেডে গোল শোধও করে ফেলে (১-১)। তবে ম্যাচের ৮০ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ড্যানিলোর হেডে এগিয়ে যায় ব্রাদার্স (২-১)। শেষ মুহূর্তে ২-২ করার সুবর্ণ সুযোগ পেয়েও বাইরে মেরেছেন মোহামেডানের আনোয়ার। উল্টো খেলার যোগ করা সময়ে কিংসলের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স (৩-১)।হতাশ মোহামেডান কোচ শফিকুল ইসলাম জানান, ‘টাকা-পয়সা নিয়ে জটিলতার কারণে এ ম্যাচে খেলতে নামেনি শরীফ। বেবেক অসুস্থ কিন্তু সেটাও আমাকে জানায়নি, সেভাবেই খেলল। সবচেয়ে বড় ব্যাপার, এত গোল মিস করলে কোনো দল জিততে পারে না।’ তবে জয়টা বড় হলেও সেটিকে সহজ বলতে পারছেন না ব্রাদার্স কোচ খোন্দকার ওয়াসিম ইকবাল, ‘মোহামেডান শক্ত প্রতিপক্ষ। এটাকে সহজ জয় বলব না। তবে জিতলেও কিন্তু রেলিগেশনের শঙ্কা আমাদের যায়নি।’