এমেকার অবিশ্বাস্য সব দাবি
বরাবরই খবরে থাকতে ভালোবাসেন এমেকা ইউজিগো। ঢাকায় কখনো বন্ধুর পিস্তল নিজের কাছে রেখে পুলিশের হাতে ধরা পড়ে, কখনো ক্লাবের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে। মোহামেডানের এই সাবেক নাইজেরিয়ান এবার ক্লাবটির কোচ হয়ে এসে শেষটা টানছেন তিক্ততায়।গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি। কাল স্থানীয় একটি হোটেলের খোলা ছাদে সংবাদ সম্মেলন ডেকে দাবি করলেন, গত আট মাসে মোহামেডানের কোচ হিসেবে একটি টাকাও পাননি! কত টাকা জানতে চাইলে অদ্ভুত উত্তর দেন, ‘ফুটবল ফেডারেশনের কাছে আমি লিখিত অভিযোগে টাকার অঙ্ক বলেছি। সেখান থেকে জেনে নিন।’ জানা গেল, সেই টাকার অঙ্কটা অবিশ্বাস্য এবং প্রশ্নবিদ্ধ—এক লাখ এক হাজার ডলার!ঢাকা এসেছেন গত ২৯ নভেম্বর। মাসে আড়াই হাজার ডলার বেতন। সেই হিসাবে জুন পর্যন্ত সাড়ে ১৭ হাজার ডলার পাওয়ার কথা। কিন্তু এক লাখ ডলার কীভাবে? জানা গেছে, নাইজেরিয়ান ফুটবলারদের বেতন বাবদ ৫২ হাজার ডলার এমেকা নিজে দিয়েছেন বলে দাবি করেছেন। এ ছাড়া বোনাসসহ আরও অনেক খাতে টাকা দাবি করেছেন। বিদেশি খেলোয়াড়ের টাকা তিনি নিজের পকেট থেকে দেবেন কেন? এই প্রশ্নে জবাব, ‘ক্লাব দেয়নি, তাই আমি দিয়েছি।’এত টাকা কেউ নিজের পকেট থেকে দেয়? এমেকা নিজের মতো করে নানা যুক্তি হাজির করেছেন। এক প্রশ্নে জবাব দিলেন, ‘আমি এই ৮ মাস নিজের টাকায় চলেছি।’ একবার বললেন, ‘আমার হোটেল খরচ আট লাখ টাকার মতো বাকি।’ পরক্ষণে কথা ঘুরিয়ে দিলেন, ‘অঙ্কটা হোটেল থেকে জেনে নিন।’ টাকা না পেলে ফিফা-এএফসিতে অভিযোগ করার হুমকি দিয়েছেন। সাংবাদিকদের নানা সবক দিয়ে এরপর আবেদন জানালেন, ‘বাংলাদেশের ফুটবল বাঁচান। মোহামেডানকে বাঁচান।’এমেকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, ‘কাগজপত্র অনুযায়ী সে মাত্র এক হাজার ডলার পাবে ক্লাবের কাছে। তার স্বাক্ষর করা ডিডসহ সব তথ্যপ্রমাণই ক্লাবের কাছে আছে। কাজেই সব অভিযোগই মিথ্যা।’