এমেকার কোচিং নিয়ে আপত্তি নেই বাফুফের
ন্যূনতম এএফসির বি-লাইসেন্স থাকলেই কেউ বাংলাদেশ পেশাদার লিগের কোচ হতে পারেন। কিন্তু মোহামেডানের কোচ এমেকা ইউজিগোর বি-লাইসেন্স বা সমমানের কোচিং সনদ নেই। তাঁর আছে হল্যান্ডের কেএনভিবি কোচিং কোর্স এবং আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের কোচিং সনদ। এ নিয়েই প্রশ্ন ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তাই এমেকার দুটি কোচিং সনদের প্রতিলিপি এএফসির কাছে পাঠিয়েছিল বাফুফে। এএফসি জানিয়েছে, দুটি সনদের কোনোটিই উয়েফা বা এএফসির সমমানের নয়। তবে টেকনিক্যাল কারণে এএফসির লাইসেন্সের সঙ্গে ওই দুটির তুলনাও করতে চায় না এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এএফসি থেকে স্পষ্ট কোনো ছাড়পত্র না দিলেও মোহামেডানের কোচ হিসেবে মাঠে থাকতে বাধা নেই এমেকার। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইলজে উল্লেখ আছে, কোনো ক্লাবের কোচিং স্টাফের একজনের বি-লাইসেন্স থাকলেই চলবে। মোহামেডানের আরেক কোচ আবদুল কাইয়ুম সেন্টু বি-লাইসেন্সধারী। তাই এমেকার কোচিং সনদ নিয়ে প্রশ্ন তুললেও তাঁকে দলের সঙ্গে থাকতে আপত্তি করছে না বাফুফে।