এমেকার মোহামেডান-ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা ভাঙা বাংলায় তাঁর প্রথম কথা, ‘আপনারা সবাই ভালো তো?’সমস্বরে উত্তর পেলেন, ‘আমরা ভালো। হোয়াট অ্যাবাউট ইউ?’এমেকা ইজিউগো ততক্ষণে ক্লাবভবনে উপস্থিত মোহামেডান কর্মকর্তাদের সঙ্গে করমর্দন পর্বটা সেরে নিয়েছেন। সঙ্গিনীকেও দিলেন পরিচয় করিয়ে। জুলিয়েট ইজিউগো। মাত্রই বিয়ে করেছেন তাঁরা। বললেন, ‘আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন।’নিজের পুরোনো ক্লাবের মিলনমেলায় হাজির থাকতে পারেননি। ভিসা আর ফ্লাইট জটিলতায় অনুষ্ঠান শেষ হওয়ার পরদিন অর্থাৎ গত পরশু ঢাকায় এসেছেন এই নাইজেরিয়ান। ১৯৮৭-১৯৯০—তিন মৌসুম সাদা-কালো জার্সি গায়ে মাঠ মাতিয়ে যাওয়া এমেকা এর আগে ২০০৫ সালেও একবার মোহামেডানের ডাকে এসেছিলেন। তখন তাঁকে সাদা-কালোর কোচ করার কথা থাকলেও নানা করা হয়নি। এমেকা বাজে অভিজ্ঞতা নিয়েই সেবার ফিরে যান।তবে সেটি ব্যতিক্রম। লম্বা থ্রোর জন্য এখনো ঢাকার দর্শক স্মৃতিতে জাগরূক এই মিডফিল্ডারের ছিল দুর্দান্ত হেডওয়ার্ক। মোহামেডানকে সাফল্যে ভাসিয়ে যাওয়ার সেসব স্মৃতি কি মনে পড়ে? দীর্ঘ শরীরটা চনমনে হয়ে উঠে, ‘ইয়েস, ইয়েস, হাজারো স্মৃতি আছে এখানে।’ সেসব স্মৃতি দেখলেন বইয়ের মলাটে। মোহামেডান আমার মোহামেডান—মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে সদ্য প্রকাশিত বইয়ে মোহামেডান ফুটবল দলের সঙ্গে রয়েছে এমেকার অনেক ছবি।স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুবে গেলেন স্মৃতির সেই ফ্রেমগুলোর মধ্যে। নিজেও দেখালেন সঙ্গে আনা নাইজেরিয়ান কয়েকটি খেলার দৈনিক। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়ার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবরটি ছাপা আছে সেসব কাগজে। একটি কাগজের শিরোনাম, ‘মেসিরা ইগলদের বিপক্ষে খেলছে বাংলাদেশে।’ সঙ্গে এনেছেন তাঁর পুরোনো একটি সাক্ষাৎকারও। এক পাতাজুড়ে সেই সাক্ষাৎকারের শিরোনাম, ‘রাজনীতিই শেষ করছে নাইজেরিয়ার ফুটবল।’ঢাকা থেকে খেলে যাওয়ার পর ডাক পেয়েছেন নাইজেরিয়ার জাতীয় দলে। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছেন ডিফেন্ডার হিসেবে! এরপর নাইজেরিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। কোচ হয়েছেন স্থানীয় শীর্ষ ক্লাব দলেরও।এখন কী করছেন? ‘আমি ফুটবলের সঙ্গেই যুক্ত আছি। এমনকি সেটা আগের চেয়েও বেশি। কোচিং, ফুটবল বিপণন, আফ্রিকার বিভিন্ন টুর্নামেন্টে টিভি বিশেষজ্ঞ হিসেবে কাজ করি’—ভিড়ে ঠাসা মোহামেডান ক্লাব চত্বরে হাসিখুশি দেখায় এমেকাকে। মোহামেডান তো বটেই, বাংলাদেশের ফুটবলে কাজ করার আগ্রহ জানিয়ে বলেন, ‘মোহামেডান আমার ভালোবাসার নাম। তবে যেকোনোভাবেই হোক বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হতে পারলে খুবই খুশি হব।’মোহামেডানের শীর্ষ কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ, লোকমান হোসেন ভূঁইয়ারা তৎপর হয়ে ওঠেন উপহারসামগ্রী দিয়ে ক্লাবের পুরোনো ফুটবল নায়ককে শ্রদ্ধা জানাতে। একপর্যায়ে ক্লাব লনে এসে মোহামেডান পরিবারের উপস্থিত সদস্যরা ছবি তুলে রাখেন এমেকার সঙ্গে।খেলোয়াড়ি জীবনে মেজাজি হলেও ফুটবলীয় ঝলকে আজও নিজেকে মনে করান এমেকা। তাঁর মতো বিদেশি ফুটবলার যে ঢাকার ফুটবলে খুব একটা আসেনি!