এর আগেও অনেকবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কলম্বিয়ার মেডেলিন শহরে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের বেশির ভাগ ফুটবলার। এ দুর্ঘটনা মনে করিয়ে দিয়েছে ফুটবল ইতিহাসের আরও কিছু মর্মান্তিক বিমান দুর্ঘটনার স্মৃতি—

১৯৪৯
বেনফিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ফিরছিল ইতালির তুরিনো ফুটবল ক্লাব। তুরিন বিমানবন্দরের কাছেই সুপারগা পাহাড়ের কাছে এসে কালো মেঘের আড়ালে ঢাকা পড়ল বিমান, খারাপ হয়ে গেল রেডিও। নিচে নামতে গিয়ে পাহাড়ের পাদদেশের ব্যাসিলিকা চার্চের উঁচু এক দেয়ালে ধাক্কা খেল ইতালিয়ান এয়ারলাইনসের ফিয়াট জি-২১২ বিমানটা। ১৮ জন ফুটবলার, বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা, সাংবাদিক ও বিমানের কর্মকর্তা মিলিয়ে ৩১ জন ছিলেন বিমানটিতে। কেউ বাঁচেননি। সিরি আ-তে তখন তুরিনোর জয়জয়কার। সে মৌসুমসহ টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন তারা। যে ১৮ জন ফুটবলার মারা গিয়েছিলেন, তাঁদের ১০ জনই তখন খেলেন ইতালির জাতীয় দলে!
১৯৫৮
রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ইউরোপিয়ান কাপের একটা ম্যাচ খেলে সেদিন দেশে ফিরছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার ম্যাট বাসবির নিজের হাতে গড়া দল ‘বাসবি বেবস’। জ্বালানি নেওয়ার প্রয়োজন পড়ায় মিউনিখে বিরতি নিতে হয় পাইলটকে। কিন্তু মিউনিখের বরফে ঢাকা রানওয়েতে আর টেক অফ করতে পারছিলেন না। দ্বিতীয়বার চেষ্টার পরও যখন পাইলট টেক অফ করতে পারলেন না, তখন সিদ্ধান্ত নেওয়া হলো ফ্লাইট বাতিল করে বিকল্প কিছুর জন্য অপেক্ষা করার। যাত্রীদের বলা হলো নেমে যেতে। কিন্তু বাইরে তখন প্রচণ্ড তুষার। তাই নামলেন না কেউ। এরই মধ্যে বেশ কয়েকজন ফুটবলার পাইলটের কাছে অনুরোধ করলেন আরও একবার টেক অফের চেষ্টা করতে। জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিলেন ক্যাপ্টেন। তৃতীয়বার চেষ্টা করার সঙ্গে সঙ্গেই বিমান বিস্ফোরিত হলো। আটজন ফুটবলারসহ ২০ জনের মৃত্যু হলো সঙ্গে সঙ্গে। ওই দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন একজন। ভদ্রলোকের নাম ববি চার্লটন!
১৯৬০
রোম অলিম্পিকের ফুটবলে ডেনমার্ক দলের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে কোপেনহেগেন থেকে হার্নিস যাচ্ছিলেন আট ড্যানিস ফুটবলার। খারাপ আবহাওয়ার কারণে চার্টার্ড বিমানের পাইলট নিয়ন্ত্রণ হারালেন সুইডেন-ডেনমার্ক সীমান্তে ওরেসান্ড প্রণালির তীরে। আট ফুটবলারই মারা যান সঙ্গে সঙ্গে। বেঁচে ছিলেন পাইলট, তবে বাকি জীবন তাঁকে চলতে হয়েছে একটি পা ছাড়া! ওই অলিম্পিকের ফুটবলে রুপা জিতেছিল ডেনমার্ক।
১৯৬৯
বলিভিয়ারই শহর সান্তা ক্রুজের ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে একটা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল লা পাজের বিখ্যাত ক্লাব দ্য স্ট্রংগেস্ট। ২৬ সেপ্টেম্বর দলটার ফেরার কথা, সেদিনই বলিভিয়ায় সামরিক শাসন জারি হলো। হঠাৎ রেডিওতে ঘোষণা স্ট্রংগেস্ট দলটা যে বিমানে করে লা পাজে ফিরছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন জানা গেল, লা পাজের কাছাকাছি ভিলোকো বলে একটা জায়গায় বিধ্বস্ত হয়েছে বিমানটা। পুরো স্ট্রংগেস্ট দলসহ ৭৮ জন যাত্রী আর ৯ জন ক্রু, কেউ বাঁচেননি।
১৯৭৯
তৎকালীন সোভিয়েত লিগে ডায়নামো মিনস্কের বিপক্ষে খেলতে যাচ্ছিল এখনকার উজবেকিস্তানের ক্লাব পাখতাকর তাসকেন্ত। কিন্তু ইউক্রেনের আকাশে থাকা অবস্থায় তাসকেন্ত দলটাকে বহনকারী বিমানের মুখোমুখি সংঘর্ষ হলো একই রুটে আসা অন্য একটি বিমানের সঙ্গে। দুই বিমানের পাইলটই এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের নির্দেশ বুঝতে ভুল করেছিলেন রেডিও সিগন্যালের গোলযোগে। ফলাফল, তাসকেন্ত দলের সব খেলোয়াড়সহ দুই বিমান মিলিয়ে ১৭৮ জনের মৃত্যু।
১৯৮৭
পেরুভিয়ান লিগে পুকালপা ক্লাবের বিপক্ষে ম্যাচটা খেলে ফিরছিলেন আলিয়ানজা লিমা ক্লাবের খেলোয়াড়েরা। পেরুভিয়ান নেভির চার্টার্ড বিমানের পাইলট লিমা বিমানবন্দরের কাছাকাছি এসে টের পেলেন যান্ত্রিক গোলযোগ। কন্ট্রোল টাওয়ারের কাছে নির্দেশনা চেয়েছিলেন। কিন্তু সেখান থেকে যে নির্দেশনা পেলেন, পরে দেখা গেল সেটি ভুল ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বিমান পড়ল প্রশান্ত মহাসাগরে, খেলোয়াড়-কর্মকর্তা-কোচসহ মোট ৪৩ জনের সলিলসমাধিও সেখানেই।
১৯৮৯
আমস্টারডাম থেকে সুরিনামের প্যারামারিবোতে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান সুরিনাম বংশোদ্ভূত ১৪ ডাচ ফুটবলার। হল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলতেন তাঁরা, সবাই মিলে গড়েছিলেন কালারফুল ইলেভেন নামের একটি আলাদা দলও। সেই দলের হয়েই সুরিনামে কয়েকটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল তাঁদের। ভয়াবহ সেই দুর্ঘটনায় অবশ্য বিমানে থাকা যাত্রীদের ১৭৬ জনই মারা গিয়েছিলেন।
১৯৯৩
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সেনেগাল যাচ্ছে জাম্বিয়ার জাতীয় ফুটবল দল। জাম্বিয়ান বিমানবাহিনীর বিশেষ বিমানটি গ্যাবনের রাজধানী লিব্রেভিলেতে যাত্রাবিরতি শেষে মাত্রই উড়াল দিয়েছে সেনেগালের ডাকারের উদ্দেশে। ঠিক তখনই আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। তাড়াহুড়োতে ভুল করে পাইলট সচল ডান ইঞ্জিনটিকেও বন্ধ করে দিলেন। ফলাফল ৩০ আরোহীকে নিয়ে উপকূলের মাত্র ৫০০ মিটার দূরে আটলান্টিক মহাসাগরে পড়ে গেল বিমানটি। মুহূর্তেই হারিয়ে গেল জাম্বিয়ার পুরো জাতীয় দল। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন দলের অধিনায়ক কালুশা বোয়ালিয়া। ক্লাব ফুটবল খেলতেন হল্যান্ডে, সেখান থেকে সরাসরি সেনেগালে আসাতেই রক্ষা পান। পরে তিনি জাম্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও হয়েছিলেন।