এর নাম জাতীয় জুনিয়র মিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও থেকে এসেছেন মাসুদ রানা। জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বেলা ২টায় অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যালয়ে হাজির। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি জিজ্ঞাসা করলেন, ‘ভাই, আমাদের টিএ-ডিএ কখন দেবেন?’অফিস সহকারী বললেন, ‘ধৈর্য ধরেন, আগে দেখি আপনার ছেলেমেয়েরা বাছাই পার হতে পেরেছে কি না।’ শুধু ঠাকুরগাঁও থেকেই নয়, সিরাজগঞ্জসহ ঢাকার বাইরে অনেক জেলা ক্রীড়া সংস্থা থেকেই এই ভাতা ওঠানোর তৎপরতা দেখা গেল।কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনব্যাপী হয়ে গেল ২৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস মিট। একেবারেই অনাড়ম্বর, বলা যেতে পারে দায়সারা আয়োজন যেন।ইলেকট্রনিক স্কোরবোর্ড দিয়ে গত সিনিয়র জাতীয় অ্যাথলেটিকস শেষ হলেও সেটা স্টোর রুমেই ফেলে রাখা হয়েছে। একই দিনে একসঙ্গে ৩-৪টি ইভেন্টের বাছাই শেষে হাঁপাতে হাঁপাতে চূড়ান্ত পর্বে এসে অংশ নিচ্ছেন অ্যাথলেটরা। সারা দিনে ২২টি ইভেন্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়েছে ১৭টি। তা-ও আবার রাতে ফ্লাডলাইট জ্বালিয়ে শেষ করতে হয়েছে ১০০ মিটার স্প্রিন্ট। ফেডারেশনের আয়োজক কমিটির নিয়মিত বিচারকদের বেশির ভাগই অনুপস্থিত। বিচারকদের ভূমিকায় দেখা গেছে এসএ গেমসের ক্যাম্পে থাকা অ্যাথলেট নাজমুন নাহার (বিউটি), মোহন খান, আজহারুল ইসলাম, আমির আলী, রওশন আরাদের (পুতুল)। বিচারক নেই বলেই এঁদের দিয়ে কাজ করানো হচ্ছে। কিন্তু পেশাদারির ছোঁয়া না থাকায় ফলাফল নিয়েও অনেকের মধ্যে অসন্তুষ্টি দেখা গেছে। এমন দাবদাহের মধ্যে একই দিনে জাতীয় মিট কবে শেষ হয়েছে সেটা মনে করতে পারলেন না সাবেক অ্যাথলেট আনোয়ার হোসেন। বললেন, ‘এভাবে মিট করার চেয়ে না করাই ভালো।’ ফেডারেশন কর্মকর্তা ওহাব খান জানালেন, ‘আমরা নির্বাহী কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে এভাবে মিট করার চেয়ে না করাই ভালো। কিন্তু কে শোনে কার কথা?’১০০ মিটার স্প্রিন্টের বাছাইয়ের সময় পড়ে গিয়ে হাঁটু কেটে যায় সিরাজগঞ্জের মেয়ে চাঁদবানুর। রক্তাক্ত অবস্থায় তাঁকে টেনে মাঠের মধ্যে নিয়ে আসেন একই জেলার সতীর্থ শেখ ফরিদ আর মামুনুর। প্রাথমিক চিকিৎসাও তাঁরা পাননি। পরে জেলা ক্রীড়া সংস্থার এক কোচের ব্যাগে রাখা ওষুধ তাঁর হাঁটুতে লাগানো হয়।ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর মোরশেদের মুখে অবশ্য ব্যাখ্যা মজুদ, ‘এর আগেও এক দিনে মিট হয়েছে। তা ছাড়া আমরা টাকা সাশ্রয় করার জন্যই এক দিনে প্রতিযোগিতা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ আর ইলেকট্রনিক স্কোরবোর্ডের ব্যাপারে বললেন, ‘জুনিয়রে এটা ব্যবহারের কোনো নিয়ম নেই।’ তিনি দাবি করলেন, ফার্স্ট এইড নিয়ে চিকিৎসক ওপরে বসে আছেন। কিন্তু বাস্তবতা হলো প্রচণ্ড গরমে এক ফোঁটা পানিরও ব্যবস্থা করেনি ফেডারেশন। চিকিৎসাসেবা তো দূরে থাক! এভাবেই চলছে জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা। আর এই আসর থেকে ছেঁকে প্রতিভা তুলে আনতে ব্যস্ত কর্মকর্তারা। এমনভাবে দায়সারা প্রতিযোগিতা হলে আগামী বছর আবারও যে ঢাকার বাইরের কিশোর-কিশোরীরা আসবে সেই নিশ্চয়তা কোথায়?দায়সারা এই আয়োজনে ১৪টি সোনা, ৮টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।