এর পরও নিরাবেগ জার্মানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিই যখন সবকিছু বলে দিচ্ছে—টমাস মুলার যখন ভেসেছেন গোলের উচ্ছ্বাসে l এএফপি ও রয়টার্স
ছবিই যখন সবকিছু বলে দিচ্ছে—টমাস মুলার যখন ভেসেছেন গোলের উচ্ছ্বাসে l এএফপি ও রয়টার্স

জার্মান দৈনিক বিল্ড-এর প্রচ্ছদে ক্রুস ও খেদিরার উদ্যাপনের ছবি। শিরোনামের শব্দযুগলের বাংলা করলে দাঁড়ায় ‘ভাষাহীন’। আসলেই তো, পরশু যা হয়েছিল, সেটা কি লিখে প্রকাশ করা যায়? অমেয় শোক বলুন আর উল্লাসের আতিশয্যই বলুন, ‘মিনেরাওজো বিপর্যয়কে’ লিখে আসলেই বোঝানো মুশকিল।
হলফ করে বলা যায়, জার্মানির সবচেয়ে ঘোর সমর্থকও এমন ম্যাচের কথা ভাবতে পারেননি। নেইমার-থিয়াগো সিলভাবিহীন দলের সঙ্গে জিতলই না হয়, তাই বলে ৭-১ গোলে? এমন একটা দিন গেল, যেদিন কী হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিল না ব্রাজিল। আর জার্মানি? যেভাবে চেয়েছে সেভাবেই যেন সবকিছু হয়েছে!
টমাস মুলার নিজেও কস্মিনকালে ভাবেননি এ রকম কিছু হতে পারে। ম্যাচ শেষে সেটা অকপটে স্বীকারও করে নিয়েছেন, ‘অবশ্যই, আপনি এ রকম কিছু আশা করতে পারেন না।’ কিন্তু ব্রাজিলের এ রকম অসহায় আত্মসমর্পণের কারণ কী? ২৪ বছর বয়সেই বিশ্বকাপে ১০ গোল করে ফেলা মুলার ব্যাপারটাকে এভাবে দেখছেন, ‘এটা দেখিয়েছে মাঠের খেলা কতটা ভিন্ন হতে পারে। ব্রাজিল রক্ষণাত্মক দলগুলোর চেয়ে একটু অন্যভাবে খেলার চেষ্টা করেছে। আমরাও আমাদের মতো করেই এটার সুবিধা নিয়েছি। এটা আসলেই পাগুলে ছিল।’
পাগুলে নয় তো কী? নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, সেমিফাইনালে সবচেয়ে হার—এসব পরিসংখ্যান তো আসলে কিছুই বলছে না। ডেভিড লুইজরা চাপে যেভাবে ভেঙে পড়লেন সেটাকে প্রমত্তা ঘূর্ণিঝড়ের পর ধ্বংস্তূপের সঙ্গে তুলনা করলেও বোধ হয় কম করা হয়!
এমন একটা জয়ের উদ্যাপনটা কেমন হয়েছে? জয়ের মতো দুরন্ত, উন্মাতাল? জার্মান পরিমিতিবোধের প্রমাণ পাওয়া গেল এখানেই। ডিফেন্ডার ম্যাটস হামেলস জানাচ্ছেন, ‘এটা (দলের ড্রেসিংরুম) ছিল খুবই শান্ত।’ ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়ার পরও এমন নির্লিপ্ত থাকা বোধ হয় জার্মানদের পক্ষেই সম্ভব!
জোয়াকিম লো নিশ্চিতভাবেই ছাত্রদের পা মাটিতেই রাখতে বলবেন। ২৪ বছরের অপেক্ষা ফুরানোর যে একদম কাছাকাছি জার্মানি! হামেলস সেটাই মনে করিয়ে দিলেন, ‘আমরা এখন জয় উপভোগ করছি। তবে সেরাটা দেখাব রোববার। এটা আসলেই বিশেষ কিছু। এখন বড় স্বপ্নটা সত্যি করার পালা।’ টনি ক্রুসও সেই স্বপ্নেই বুঁদ, ‘অবিশ্বাস্য একটা ম্যাচ খেলেছি। কিন্তু আরেকটা খেলা এখনো বাকি। আমরা এখনো বিশ্বকাপ জিতিনি।’ আর মুলার তো স্তাবকদের থেকে রীতিমতো সাবধানই করে দিলেন, ‘প্রতিটা ম্যাচই ব্যতিক্রম। আলজেরিয়ার সঙ্গে ম্যাচের পর যারা বলেছিল আমাদের দিন শেষ, তারাই এখন আমাদের আকাশে উঠিয়ে দেবে।’
এই না হলে জার্মানি, যাদের কাছে পেশাদারিই শেষ কথা, আবেগ যেখানে অচ্ছুত। গ্যারি লিনেকার তো এমনি এমনি বলেননি, ‘ফুটবল এমন একটি খেলা যেখানে ২২ জন ৯০ মিনিট ছোটাছুটি করে ও দিন শেষে জার্মানি জেতে!’ গোলডটকম।