এর পরও লিড নেওয়ার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাঞ্চের ঠিক আগে পরপর দুই ওভারে উইকেট। আনন্দে বোলার সাকিব আল হাসানের কাঁধে চড়ে বসতে চাইলেন এনামুল হক ষ প্রথম আলো
লাঞ্চের ঠিক আগে পরপর দুই ওভারে উইকেট। আনন্দে বোলার সাকিব আল হাসানের কাঁধে চড়ে বসতে চাইলেন এনামুল হক ষ প্রথম আলো

৪০০ রান তো হলোই না, ৩০০-ও নয়। আগের দিনের ২২৮ রানের সঙ্গে মাত্র ৫৪ রান যোগ করেই বাংলাদেশ অলআউট লাঞ্চের এক ঘণ্টা আগে। লক্ষ্যের কাছাকাছিও যেতে না পারার হতাশা বাংলাদেশ দলে ছড়িয়ে পড়ারই কথা। প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে তো মার্শাল আইয়ুবই ওই ৪০০ রানের লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছিলেন।
লক্ষ্যপূরণের মূল দায়িত্বটা ছিল কাল সকালে ব্যাটিং শুরু করা মুশফিকুর রহিম আর নাসির হোসেনের ওপর। দিনের ১৫ ওভারের মধ্যে দুজনই বিদায় নেওয়ায় সে কাজটা আর হলো না। অবশ্য দিন শেষে নাসির বললেন, ‘৪০০ রান বা ও-রকম কিছুর টার্গেট ছিল না আসলে। আমাদের চিন্তা ছিল প্রথম এক ঘণ্টা উইকেটে থাকা। সেটা করতে পারলে সাড়ে তিন শ রানের মতো তো হতোই।’ সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসানও অনেকটা সে রকমই বললেন, ‘আমাদের হাতে ব্যাটসম্যান খুব বেশি ছিল না। নাসির আর মুশফিক ভাই ছিলেন। মুশফিক ভাই আউট হয়ে যেতেই লোয়ার অর্ডার চলে এসেছিল। তাই আর বেশি রান করা যায়নি। তবে এই উইকেটে আমার মনে হয় ৩০০-৩৫০-ই ভালো একটা রান।’
সেটাও করতে না পারার কারণ বলতে পারেন ব্যাটসম্যানদের তাড়াহুড়ো করার প্রবণতাকে। অকারণে খোঁচাখুঁচি করতে গিয়েই তো আউট হলেন বেশির ভাগ ব্যাটসম্যান! তবে আগের টেস্টের সেঞ্চুরিয়ান সোহাগ গাজী এর সঙ্গে একমত নন, ‘এ রকম হয়ে যায় অনেক সময়। বাজে বল এলে ব্যাটসম্যান মারতে চাইবেই। তখন এ রকম হতেই পারে। তার মানে এই নয় যে ব্যাটসম্যানরা তাড়াহুড়ো করছে।’
রান যা-ই হয়েছে, দ্বিতীয় দিন শেষে তাতেও বাংলাদেশ এগিয়ে ১৭৫ রানে। নিউজিল্যান্ডের হাতে আরও ৭ উইকেট থাকলেও নাসিরের বিশ্বাস, লিড নেবে বাংলাদেশই, ‘উইকেটে টার্ন খুব বেশি হচ্ছে না। তার পরও আমরাই লিড নেব, ইনশা আল্লাহ।’ এই সম্ভাবনার পালে হাওয়া লাগার কারণটা জানা গেল সাকিবের কাছ থেকে, ‘কিউরেটরের কাছ থেকে যেমনটা শুনেছি, তৃতীয় দিন থেকে আরও বেশি স্পিন ধরার কথা এই উইকেটে।’ একই আশায় আছেন অফ স্পিনার সোহাগও, ‘কাল (আজ) যদি উইকেটটা একটু আমাদের পক্ষে আসে, একটা কিছু ঘটালেও ঘটাতে পারি।’
এই আশাতেই প্রথম দুই দিনের প্রায় অর্ধেক বৃষ্টিতে খেয়ে নেওয়ার পরও ঢাকা টেস্টে ফলাফল হবে বলে মোটামুটি নিশ্চিত সাকিব, ‘এখনো যদি পুরো তিন দিন খেলা হয়, আমার ধারণা, এই ম্যাচে রেজাল্ট হবেই। খেলা যেভাবে এগোচ্ছে, তাতে রেজাল্ট হওয়ার কথা।’ তবে সেই ‘রেজাল্ট’টা বাংলাদেশের পক্ষে আসবে না বিপক্ষে, সে অনুমানে গেলেন না সাকিব, ‘সেটা বলা মুশকিল। কারণ, দুই দলের একটা করে ইনিংস এখনো বাকি। আর ওদের (নিউজিল্যান্ড) তো প্রথম ইনিংসই এখনো শেষ হয়নি।’
কাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে উইকেটে ছিলেন কেন উইলিয়ামসন ও রস টেলর। সন্দেহ নেই, ফলাফলটা বাংলাদেশের পক্ষে আনতে এই জুটিটা ভাঙতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাকিবও বললেন, ‘যে দুজন এখন ব্যাটিং করছে, এ দুটি উইকেট খুবই গুরুত্বপূর্ণ। তাদের পরেও ব্যাটসম্যান আছে। তবে এই দুজনের একজন দলের সহ-অধিনায়ক। সেই হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব এই দুটি উইকেট নেওয়া দরকার।’ সাকিবের বিশ্বাস, তৃতীয় দিন সকালে উইলিয়ামসন-টেলরের জুটিটা ভাঙতে পারলে দুই শ রানের মধ্যেও অলআউট করা সম্ভব নিউজিল্যান্ডকে, ‘এই দুটি উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পারলে সবই সম্ভব। এমনকি দুই শ রানের মধ্যেও ওদের আটকে ফেলা সম্ভব। তবে বাস্তবসম্মত লক্ষ্যের কথা বললে বলব, তিন শর মধ্যে আটকে ফেলা যাবে। এটা হলে ম্যাচ দুই দলের দিকেই সমান ঝুঁকে থাকবে।’
উইকেট না পেলেও টেস্ট অভিষেকে পেসার আল আমিন হোসেন ৬ ওভার বল করে ৩টিই নিয়েছেন মেডেন, রান দিয়েছেন মাত্র ১৪। রুবেলের বোলিংও ছিল নিয়ন্ত্রিত। দিন শেষে সাকিবের কণ্ঠে প্রশংসা দুজনেরই। খুশি নিজের পারফরম্যান্সেও, ‘চট্টগ্রাম টেস্টের সঙ্গে তুলনা করলে এই টেস্টে পেসারদের বোলিং দেখে ভালো লেগেছে। আর নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। মোটামুটি ভালো বোলিং করতে পেরেছি।’ টেস্ট জয়ের জন্য সাকিব এই পারফরম্যান্সটা আশা করছেন সবার কাছ থেকেই, ‘শুধু আমি করলেই হবে না। দলের সবাইকেই অবদান রাখতে হবে। গাজী, রাজ ভাই, এমনকি পেসাররাও যদি একটি-দুটি উইকেট দ্রুত তুলে নিতে পারে, আমাদের জন্য সেটা হবে অনেক বড় প্লাস পয়েন্ট।’
আজকের দিনটা সে আশাতেই শুরু করবে বাংলাদেশ।