এরই মধ্যে ডোপিংয়ের গন্ধ!
গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার মিডলেতে ব্যক্তিগত সোনা জিতে নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন। সুতরাং এবার অলিম্পিকেও কিছু একটা করতে পারেন, সে তো জানাই ছিল। ইয়ে শিউয়েন কিছু একটা করলেন, তবে এমনভাবেই যে, তাঁর অতি বড় শুভাকাঙ্ক্ষীও বিস্মিত। শনিবার ৪০০ মিটার মিডলের সোনা জিতলেন আগের বিশ্ব রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে। এই ইভেন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী স্টেফানি রাইস পর্যন্ত এখনো সেটা বিশ্বাস করতে পারছেন না, ‘পাগুলে কাণ্ড! আমি এটা দেখিনি। আমি অনেক পেছনে ছিলাম, তাই তাঁকে সাঁতরে ফিরতে দেখিনি, কিন্তু বুঝেছিলাম, সে ছিল অপ্রতিরোধ্য। একমাত্র ফেলপ্্স্ ছাড়া এত গতি আর কারোর নেই।’একটু ভুল করেছেন রাইস। আসলে শেষ ল্যাপে (ফ্রিস্টাইলে) ফেলপেস্র গতিও টপকে গেছেন চীনের ঝেজিয়াং প্রদেশের এই কিশোরী। তবে এই দুর্দান্ত কীর্তির পর সমালোচনার তির ধেয়ে আসছে তাঁর দিকে। ছিদ্রান্বেষী ব্রিটিশ সংবাদমাধ্যম খুঁজে পাচ্ছে ডোপিংয়ের গন্ধ! টাইমস সন্দেহের সুরে বলছে, শিউয়েনের ফ্রি-স্টাইল সাঁতার ছিল স্রেফ অবিশ্বাস্য, আর টেলিগ্রাফ মনে করিয়ে দিয়েছে, সাঁতারে চীনের ইতিহাসে রয়েছে কলঙ্কের অনেক আঁচড়। ১৯৮০ থেকে ১৯৯০ পর্যন্ত বেশ কিছু ডোপিং কেলেঙ্কারিতে জেরবার ছিল চীন, সেদিকেই ইঙ্গিত দুর্জনদের। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন এই জলকন্যা, ‘ডোপিং নিয়ে কোনো সমস্যাই নেই। চীনের নীতিটা এ ব্যাপারে কঠোর, তাই এটা কোনো সমস্যা নয়।’ যে ভুল পূর্বসূরিরা করেছেন, সজ্ঞানে সেই ভুলের ফাঁদে শিউয়েন কেন পা দেবেন? এএফপি।