এরপর একযোগে জেলা লিগ
সারা দেশের ফুটবল জাগিয়ে তুলতে গত ডিসেম্বরে জেলা ফুটবল লিগ শুরুর উদ্যোগ নিয়েছিল বাফুফে। থেমে থাকা জেলা ফুটবলের অচলায়তনের বৃত্ত ভাঙার মূল উদ্যোক্তা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংককে পাশে পেয়েছিলেন বলেই তিনি এটি শুরু করার সাহস পেয়েছিলেন। এ জন্য ব্যাংকটি বাফুফেকে দিচ্ছে তিন কোটি টাকা। এরই মধ্যে সারা দেশে চালুও হয়েছে জেলা ফুটবল লিগ। সামনে অনিয়মিত এই লিগের শুরুটা হবে একটা নির্দিষ্ট সময়ে, প্রতিবছরের সেপ্টেম্বর-অক্টোবরে।জেলার ফুটবল জাগাতে বড় প্রয়োজন স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের সহযোগিতা। আর সে জন্যই কাল রাজধানীর একটি হোটেলে সবাইকে ডেকেছিল বাফুফের ডিএফএ কমিটি। ছয়টি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও ৫৩টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সাগ্রহেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এরই মধ্যে সারা দেশের ১১টি জেলায় লিগ শুরু হয়ে শেষও হয়েছে ৫ জেলার। বাকি ৬টিতে চলছে। এই মাসেই শুরু হওয়ার কথা আরও ১৯ জেলা লিগ। এ ছাড়া এপ্রিলে ৪টি, মে মাসে ৩টি ও জুনে ৫টি জেলায় লিগ শুরু হবে। যদিও বাকি ১৯ জেলা এখনো লিগ শুরুর ব্যাপারটি নিশ্চিত করতে পারেনি। তবে কাজী সালাউদ্দিন সবাইকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। লিগ আয়োজনে মাঠসংকটেও প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।দায়সারাভাবে নয়, নির্দিষ্ট সময়েই খেলা শুরুর কথা বললেন কাজী সালাউদ্দিন, এখন থেকে প্রতিবছর সেপ্টেম্বর-অক্টোবরে লিগ শুরু করতে হবে। আমাকে দেখানোর জন্য দায়সারাভাবে লিগ শুরুর প্রয়োজন নেই। টাকাপয়সা নিয়ে সমস্যা হবে না। প্রতিবছর কমপক্ষে তিন লাখ করে টাকা দেওয়া হবে। তবে সেই টাকার যথাযথ ব্যবহার হচ্ছে কি না, সেটাও দেখা হবে।’ যোগ করলেন আরও, জেলা থেকে বাছাই করা প্রতিভাবান ফুটবলারদের বাফুফের ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।বাফুফের ডিএফএ কমিটির চেয়ারম্যান হিসেবে এই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। জেলা সফরে গিয়ে ডিএফএগুলোকে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদানও দিচ্ছেন মনজুর কাদের। কালকের অনুষ্ঠানে সবাইকে ফুটবলের উন্নতির জন্য কাজ করতে বললেন তিনি, ‘ফুটবলের উন্নতির জন্য শুধু বাফুফের কার্যনির্বাহী কমিটিতেই থাকতে হবে, এমন কোনো কথা নেই। কমিটির বাইরে থেকেও ফুটবলের উন্নতিতে সাহায্য করা যায়। আমরা সেই দৃষ্টান্ত রাখছি।’