এরিকসনের হাসি কেড়ে নিয়েছে প্যারাগুয়ে
শেষ হাসি হাসতে পারলেন না সভেন-গোরান এরিকসন। প্যারাগুয়ের বিপক্ষে প্রায় নিশ্চিত জয়ের দিকে এগিয়ে গেলেও আইভরিকোস্টের কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচে ২-২ গোলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এরিকসনকে। গতকাল রোববার অনুষ্ঠিত আরেক ওয়ার্মআপ ম্যাচে একই অবস্থা ফ্রান্সেরও। তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফ্রান্স। আইভরিকোস্ট-ফ্রান্সের হতাশার দিনে গাম্বিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মেক্সিকো। এ ছাড়া বেলারুশ ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং চিলি একই ব্যবধানে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে। নাইজেরিয়া ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।গত মার্চে আইভরিকোস্টের দায়িত্ব নেন এরিকসন। গতকাল অভিষেক ম্যাচে এরিকসনের দলের জয় অনেকটা নিশ্চিতই ছিল। তবে ফুটবল যে সত্যিই অনিশ্চয়তার খেলা তা প্রমাণ করে দিয়েছে প্যারাগুয়ে। এ ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন আইভরিকোস্টের তারকা দিদিয়ের দ্রগবা। ৭৪ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন আইভরিকোস্টের সুলেমান বাম্বা। তবে এখান থেকেই পাল্টে যায় ম্যাচের চিত্র। এর এক মিনিট পর গোলের দেখা পান প্যারাগুয়ের লুকাস ব্যারিওস। এক গোলে এগিয়ে থেকে আইভরিকোস্ট যখন জয় ধরে রখতে মরিয়া, তখনই ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা আনেন প্যারাগুয়ের টরেস।অভিষেক ম্যাচে জয় হাতছাড়া হয়ে যাওয়ার পর এরিকসন রয়টার্সকে বলেন, ‘প্রথম ঘণ্টা দল যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। যেমনটা চেয়েছি এক ঘণ্টা সেভাবেই খেলেছে ফুটবলাররা। কিন্তু বাকি সময়ে দ্রগবারা পারেনি।’তিউনিসিয়ার বিপক্ষে ড্রয়ের ম্যাচে পিছিয়ে পড়েছিল আসন্ন বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স। খেলার মাত্র পাঁচ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিউনিসিয়ার স্ট্রাইকার ইসাম জুমা। ৬২ মিনিটে ফ্রান্সকে সমতায় আনেন ডিফেন্ডার উইলিয়াম গালাস। অন্যদিকে জাভিয়ের হার্নান্দেস ও এডোলফো বাতিস্তার জোড়া গোলে গাম্বিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মেক্সিকো। বিশ্বকাপের আগে এ জয় মেক্সিকোর ফুটবলারদের জন্য বাড়তি প্রেরণা যোগ করবে।