এল ক্লাসিকো দেখার সুযোগ
দ্বৈরথটা ধ্রুপদি। লড়াইটা অহং-মর্যাদা আর গৌরবের। তাই এর নাম ‘এল ক্লাসিকো’। শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নামের দুটি ফুটবল ক্লাবের লড়াই-ই নয়; দ্বৈরথটা ভৌগোলিক, রাজনৈতিক, ঐতিহাসিক ও আদর্শিকও। স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর আমলে যখন স্প্যানিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা নিষিদ্ধ স্পেনজুড়ে, তখন বার্সেলোনার ন্যু ক্যাম্প ছিল একমাত্র জায়গা যেখানে প্রাণখুলে কাতালুনিয়া ভাষায় কথা বলা যেত। সেই থেকে বার্সেলোনা ‘মেস কে আন ক্লাব’ বা ‘ক্লাবের চেয়েও বেশি কিছু’ আর রিয়াল হয়ে উঠেছে ‘রয়্যাল’ বা রাজকীয় স্পেনের প্রতীক।
শুধু স্পেনই নয়, এ লড়াইয়ে এখন দুই ভাগ হয়ে পড়ে পুরো ফুটবল-দুনিয়াই। ধ্রুপদি এ ফুটবল-কাব্য সরাসরি মাঠে বসে দেখা অনেকের কাছেই স্বপ্নের মতো। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সেই স্বপ্নকেই সত্যি করার সুযোগ নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। তাদের ব্র্যান্ড ক্লিয়ারম্যান অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ৭ মে থেকে শুরু করেছে ‘ক্লিয়ারম্যান এল ক্লাসিকো-রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা সরাসরি স্পেনে’ প্রতিযোগিতা। এই প্রচারণার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ১০ ফুটবলপ্রেমী পাচ্ছেন স্পেনে গিয়ে গ্যালারিতে বসে সরাসরি এল ক্লাসিকো দেখার সুযোগ।