এল ক্লাসিকো নম্বর-‘দুই’
১৮ দিনের মধ্যে চারটি ‘এল ক্লাসিকো’। বিশ্ব ফুটবলপ্রেমীদের রোমাঞ্চে ভাসিয়ে এর শুরুটা হয়েছে গত শনিবার। আজ দ্বিতীয় পর্ব। ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে আজ কোপা দেল রে-এর ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। লড়াইটা এবার সরাসরি শিরোপা হাতে তোলার।শিরোপার প্রসঙ্গ এলেই রিয়াল মাদ্রিদের হাহাকারের ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। গত দুই মৌসুমে রিয়াল মাদ্রিদের ঘরে কোনো ট্রফি ওঠেনি! এই ট্রফি-খরা ঘুচানোর জন্যই ইন্টারমিলান থেকে ‘ট্রফি স্পেশালিস্ট’ হোসে মরিনহোকে উড়িয়ে এনেছে রিয়াল। মাদ্রিদে পা দিয়ে মরিনহোই জানিয়ে দেন, ‘রিয়ালের হয়ে অনেক ট্রফি জিততে চাই আমি।’ আজ মরিনহোর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনার দিন?উত্তরটা শেষ পর্যন্ত হ্যাঁ-বোধক হলে ইকার ক্যাসিয়াসের অন্তরটাও জুড়ায়। ১৯৯৯-তে রিয়ালের মূল দলে যোগ দিয়ে লিগ, চ্যাম্পিয়নস লিগ, সুপার কোপা দি এস্পানা (স্প্যানিশ সুপার কাপ), উয়েফা সুপার কাপ, বিশ্ব ক্লাব কাপ—সব শিরোপার স্বাদই পেয়েছেন। কিন্তু ক্যাসিয়াসের একটাই আক্ষেপ—রিয়ালের ১১ বছরের ক্যারিয়ারে কোপা দেল রে’র (কিংস কাপ) শিরোপার স্বাদ পাননি। পাবেন কীভাবে, কোপা দেল রে’র শিরোপা রিয়াল সর্বশেষ যে জিতেছিল ১৭ বছর আগে, ১৯৯৩ সালে।আজ তাই রিয়ালের সমর্থক, কোচ মরিনহো, অধিনায়ক ক্যাসিয়াসের স্বপ্ন পূরণের দিন। ক্যাসিয়াস যেমন বলছেন, ‘এটা হবে রিয়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ট্রফি। কারণ, এই ট্রফিটা আমরা ১৭ বছর ধরে জিততে পারিনি।’ শিরোপার স্বপ্ন দেখলেও ক্যাসিয়াস জানেন, সেই পথটা কাঁটা বিছানো, ‘আমরা বিশ্বাস করি, এটা ট্রফি জয়ের সময়। কিন্তু আমরা জানি, কাজটা সহজ হবে না।’আজকের ‘এল ক্লাসিকো’র আগে ঘুরেফিরেই আসছে শনিবারের ম্যাচ, যে ম্যাচ ১-১ গোলে ড্র হলেও বার্সেলোনার আধিপত্য ছিল স্পষ্ট। নিজেদের দর্শনে বার্সেলোনা বল পায়ে রেখে খেললেও রিয়াল বেছে নেয় পাল্টা আক্রমণের পথ। কিন্তু রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর পরামর্শ, আজ যেন মরিনহো কৌশলটা বদলান।শনিবারের ওই ম্যাচের বর্ণনা করে রিয়ালের সাম্মানিক সভাপতি স্টেফানো বলেছেন, বার্সেলোনা সিংহের মতো ইঁদুর নিয়ে খেলা করেছে। সাবেকদের সহানুভূতি বার্সেলোনাও পাচ্ছে। বার্সার সাবেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ যেমন কোচ গার্দিওলাকে সতর্ক করে দিয়ে বলেছেন, মরিনহো কিন্তু ট্রফি স্পেশালিস্ট, সুতরাং ‘সাবধান হও’।সাম্প্রতিক পারফরম্যান্স বলছে বার্সেলোনা এগিয়ে। বার্সাকে এগিয়ে রাখছে পরিসংখ্যানও। কোপা দেল রেতে সর্বোচ্চ ২৫ বার শিরোপা জিতেছে বার্সা, রিয়াল ১৭ বার। সর্বশেষ দুটি সাক্ষাতেই জয়ী বার্সা। ১৯৯০ ও ১৯৮৩ সালে শিরোপা জেতে তারা রিয়ালকে হারিয়ে। রিয়াল সর্বশেষ বার্সাকে হারিয়ে শিরোপা জেতে ১৯৭৪ সালে।রিয়াল-বার্সার দ্বৈরথে এসব পরিসংখ্যান নিছকই সংখ্যা ছাড়া কিছু নয়।দুই দলেই আসছে পরিবর্তন। নিষেধাজ্ঞা কাটিয়ে বার্সার একাদশে ফিরছেন হাভিয়ের মাচেরানো। প্রথমে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত খবর, সুস্থ অধিনায়ক পুয়োল। তিনি মাঠে নামছেন। মরিনহোকে বাধ্য হয়েই আনতে হচ্ছে পরিবর্তন। শনিবার রাউল আলবিওল লাল কার্ড পাওয়ায় আজ কার্লভালহোর সঙ্গে সার্জিও রামোসকে দেখা যেতে পারে সেন্টার ডিফেন্ডারের ভূমিকায়। তথ্যসূত্র: ওয়েবসাইট।