এল ক্লাসিকোতে থাকবেন ক্রুইফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশরীরে তাঁকে আর দেখা যাবে না। ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে গত ২৪ মার্চ পৃথিবী ছেড়ে চলে গেছেন ইয়োহান ক্রুইফ। কিন্তু বার্সেলোনার পক্ষে সম্ভব ডাচ কিংবদন্তিকে ভুলে থাকা? কখনোই নয়। তার প্রমাণও মিলবে আগামীকালের এল ক্লাসিকোয়। ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোকে ক্রুইফময় করার প্রস্তুতি নিচ্ছে বার্সা।
ক্রুইফের অবদানকে সম্মান জানিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে নামার সময় বার্সা খেলোয়াড়েরা ‘গ্রাসিয়াস ইয়োহান’ লেখা জার্সি পরে মাঠে নামবেন, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ ইয়োহান’! এ ছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপ জেতায় এই মৌসুমে বার্সার জার্সিতে যে বিশেষ ব্যাজ আছে, এই ম্যাচের জার্সিতে সেই ব্যাজের জায়গায়ও ধন্যবাদসূচক বাক্যটি লেখা থাকবে।
শুধু খেলোয়াড়দের জার্সিতেই নয়, ক্রুইফকে ধন্যবাদ জানানোর জন্য গ্যালারিতেও বিশেষ একটি মোজাইক তৈরি করা হবে। ‘গ্রাসিয়াস ইয়োহান’ লেখা প্রায় ৯০ হাজার কার্ড দিয়ে এই মোজাইক তৈরি করা হবে। আর ম্যাচের আগে ভিডিও স্কোরবোর্ডে দেখানো হবে ডাচ কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপক একটি ভিডিও। আইএএনএস।