এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাসের জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পোর্টিং গিজনকে তাদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। এর দুই ঘণ্টা পর নিজেদের মাঠে লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। পরের সপ্তাহে এল ক্লাসিকো নামের রোমাঞ্চের নিখুঁত মহড়া এই বিনোদন উপহার। কিন্তু কোনো দলই এল ক্লাসিকো নিয়ে উচ্চ স্বরে কথা বলতে চাইছে না। দুই স্প্যানিশ পরাশক্তিই চ্যাম্পিয়নস লিগে তাদের কার্যত গুরুত্বহীন আগামী ম্যাচ নিয়ে পড়ে আছে। রিয়াল বুধবার আমস্টারডামে গিয়ে খেলবে আয়াক্সের সঙ্গে। আগামীকাল বার্সেলোনা নিজেদের মাঠে দাঁড়াবে বাতে বরিসভের সামনে। এই দুটি ম্যাচ নিয়ে দুই দলের কথা আসলে এল ক্লাসিকোর উথালপাথাল আবেগ লুকোনোর চেষ্টা। পরশু যেমন হোসে মরিনহো এল ক্লাসিকো সম্পর্কে টুঁ শব্দ উচ্চারণ না করে শুধু রিয়ালের খেলার কথাই বলে গেলেন, ‘আমরা জিতছি এবং ভালো খেলছি। আমরা জিতে চলেছি আমাদের মান, খেলোয়াড়দের উজ্জীবিত মানসিকতা এবং পাল্টা আক্রমণের সামর্থ্য দেখিয়ে।’ মিডফিল্ডার সেবাস্তিয়ান দ্বিতীয় হলুদ কার্ড দেখায় শেষ ১০ মিনিটে গিজন ছিল ১০ জনের দল। দুর্দান্ত রিয়ালের জয়রথ আটকানোর কোনো ক্ষমতাই তাদের ছিল না। পর্তুগিজ মহাতারকা রোনালদো ৬৫ মিনিটে লিগে নিজের ১৭তম গোলটি তুলে নিয়েছেন। তবে এ ম্যাচেও রিয়ালের সেরা খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়া। রোনালদোর গোলটি বানিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকাই। আবার ৩৫ মিনিটে রোনালদোর পাসে দুরূহ কোণ থেকে অসাধারণ এক গোল করে এগিয়েও দেন দলকে। অতিরিক্ত সময়ে করিম বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে গিজনকে স্তব্ধ করে দিয়েছেন মার্সেলহো। লিগে এটি রিয়ালের টানা দশম এবং সব মিলিয়ে টানা ১৪তম জয়। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট, এক ম্যাচ কম খেলেই বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল তিন বছর পর বার্সেলোনাকে শিরোপাচ্যুত করার প্রত্যয়ে এগিয়ে যাওয়া মরিনহোর দল। চিরপ্রতিদ্বন্দ্বীর সহজ জয়ের রাতে বার্সেলোনা ছিল আরও ভয়ংকর। লিগে যে লেভান্তে হারিয়েছে রিয়ালকে, তারা স্রেফ উড়ে গেল ফ্যাব্রিগাস (২), কুয়েঙ্কা, মেসি ও সানচেজের গোলে। চার মিনিটে প্রথম গোল করেছেন ফ্যাব্রিগাস। ৩৩ মিনিটে তিনিই ২-০ করলেন, ৩৭ মিনিটে কুয়েঙ্কা করলেন ৩-০। ৫৫ মিনিটে মেসি তাঁর ১৭তম গোল করে ধরে ফেলেন শীর্ষ গোলদাতা রোনালদোকে। ৬১ মিনিটে মেসির পাস থেকে সানচেজের গোলে ৫-০। যেভাবে গোল ঝরে পড়ছিল ন্যু ক্যাম্পে, তাতে ওসাসুনার মতো বার্সার কাছে লেভান্তেরও ৮ গোল হজম করাটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু হয়নি লেভান্তের রক্ষণ ও গোলরক্ষক গুস্তাভো মুনুয়ার কল্যাণে। এর মধ্যে ইনিয়েস্তার একটি গোল বাতিলও হয়েছে। বার্সেলোনার খেলার মধ্যে জয়ের তাড়নাই ছিল, ছিল না দর্শনানন্দ। যে কারণে বার্সেলোনা নামে পাগল ফুটবল বিশ্ব, সেই ছন্দময় ফুটবলটা যেন একটু রং হারিয়ে ফেলেছে। বিশাল এই জয়ের পর বার্সা কোচ পেপ গার্দিওলা নিশ্চুপ। কথা বলেছেন আর্সেনাল থেকে এ মৌসুমেই ঘরে ফেরা ফ্যাব্রিগাস। কথায় এল ক্লাসিকোর আবেগ দমনের চেষ্টা, ‘মৌসুমের এখনো অনেক বাকি। আমাদের এগোতে হবে ধীরে ধীরে। প্রথমত, আমাদের ভাবতে হবে মঙ্গলবারের কথা। লিগটা শুধু বার্নাব্যুর মতো গুরুত্বপূর্ণ ভেন্যুতে খেলা নিয়েই নয়। গার্দিওলা সেই কাজটিই করেন, যেটি তাঁর দলের জন্য সবচেয়ে ভালো।’ ফ্যাব্রিগাস এল ক্লাসিকো নিয়ে কথা বলতে না চাইলেও মাচেরানো ঠিকই বলে দিয়েছেন মনের কথা, ‘এল ক্লাসিকো নিয়ে খুবই ইতিবাচক উপলব্ধি এখন আমাদের। অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে এটি, সারা বিশ্বই এটির অপেক্ষায়।’আসলেই তাই। সবার চোখ এখন বার্নাব্যুতে। সবাই এখন আগামী শনিবারের দিকে তাকিয়ে। রয়টার্স, এএফপি।